ICC WTC Final : ১৪ বছরের ব্যবধানে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য রেকর্ড রোহিতের
ICC WTC Final : ১৪ বছরের ব্যবধানে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে রেকর্ড রোহিতের
সাউদাম্পটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে নেমে এক অনন্য রেকর্ডের মালিক হয়েছেন রোহিত শর্মা। যে নজির বিশ্বের অন্য কোনও ক্রিকেটারের ঝুলিতে নেই। ম্যাচের প্রথম ইনিংসে ভারতের হয়ে ওপেন করতে নেমে শুরুটা ভাল করেও তার সুবিধা তুলতে পারেনি হিটম্যান। তাতে হতাশও হয়েছেন ক্রিকেট প্রেমীরা।

বিশ্বের প্রথম ক্রিকেটার রোহিত
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নেমে এক অনন্য রেকর্ডের মালিক হয়েছেন রোহিত শর্মা। ১৪ বছর আগে অর্থাৎ ২০০৭ সালে প্রথমবার অনুষ্ঠিত হওয়া টি২০ বিশ্বকাপের ফাইনালে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন রোহিত শর্মা। প্রথমবার অনুষ্ঠিত হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দেশের হয়ে প্রতিনিধিত্ব করে বৃত্ত সম্পূর্ণ করেছেন হিটম্যান। বিশ্বের অন্য কোনও ক্রিকেটারের ঝুলিতে দুটি পৃথক আইসিসি ইভেন্টের প্রথম সংস্করণের ফাইনাল খেলার নজির নেই।

২০০৭ সালের টি২০ বিশ্বকাপ ফাইনাল
২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় প্রথম টি২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত। ম্যাচে ব্যাট হাতে নিজের দক্ষতা প্রমাণ করেছিলেন তরুণ রোহিত শর্মা। ছয় নম্বরে ব্যাট করতে নেমে ১৬ বলে ৩০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন রো। দুটি চার ও একটি ছক্কা হাঁকিয়েছিলেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক। ঐতিহাসিক ওই ফাইনালে জয় হাসিল করেছিল ভারত।

শুরু করেও এগোলো না
সাউদাম্পটনের এজিয়াস বোলে শুরু হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওপেন করতে নেমে ভারতের হয়ে শুরুটা দুর্দান্তভাবে করেন রোহিত শর্মা। পার্টনার শুভমান গিলের সঙ্গে তাঁর অর্ধশতরানের জুটিও হয়। ৬৭ বল খেলে দ্রুত ৩৪ রানে পৌঁছে যান হিটম্যান। ৬টি চার আসে তাঁর ব্যাট থেকে। কিন্তু বড় ইনিংসের পথে যাওয়ার আগেই নিজের ইনিংসের ৬৮তম বলে কাইল জেমিসনের বলে আউট হয়ে যান রোহিত।
|
হতাশ ক্রিকেটপ্রেমীরা
আরও একটি অ্যাওয়ে টেস্টে ভারতের হয়ে শুরুটা দুর্দান্ত ভাবে করেও দ্রুত সাজঘরে ফিরে যান রোহিত শর্মা। টিম ইন্ডিয়াকে ফের একবার বড় রানের স্বপ্ন দেখিয়েও শেষ পর্যন্ত খেই রাখতে না পারায় হতাশ হয়েছেন ক্রিকেট প্রেমীরা। সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত নানা পোস্ট চোখে পড়েছে।












Click it and Unblock the Notifications