ICC Men's ODI Team: আইসিসির বর্ষসেরা একদিনের দলে ভারতীয়দের দাপট, কারা সুযোগ পেলেন? নেতৃত্বে কে?
আইসিসির বর্ষসেরা একদিনের দলে ভারতীয়দের দাপট। ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন না হলেও ২০২৩ সালে আইসিসির বর্ষসেরা দলে সুযোগ পেয়েছেন ভারতের ছয় ক্রিকেটার। এমনকি বিশ্বকাপজয়ী প্যাট কামিন্স নন আইসিসির দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন রোহিত শর্মা। সোমবার টি২০ একাদশ প্রকাশের পর মঙ্গলবার একদিনের ক্রিকেটের বর্ষসেরা একাদশ ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
আইসিসি যে তালিকা প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে নেতৃত্বে আছেন রোহিত শর্মা, হিটম্যান ছাড়াও ভারত থেকে একদিনের বর্ষসেরা দলে সুযোগ পেয়েছেন বিরাট কোহলি, শুভমান গিল, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব এবং মহম্মদ শামি।

মঙ্গলবার ২০২৩ সালের জন্য বর্ষসেরা ওয়ানডে দলের তালিকা প্রকাশ করেছে আইসিসি। তাতে ভারত ছাড়াও আছেন অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। ভারতের ছয়জনের বাইরে অস্ট্রেলিয়ার আছেন দুজন, দক্ষিণ আফ্রিকার দুজন ও নিউজিল্যান্ডের একজন। অস্ট্রেলিয়ার প্রতিনিধি হিসাবে দলে আছেন ট্রাভিস হেড, অ্যাডাম জাম্পা। দক্ষিণ আফ্রিকা দল থেকে আছেন হেনরিক ক্লাসেন, মার্কো জানসেন। কিউয়ি দলের একমাত্র প্রতিনিধি ড্যারিল মিচেল।
বিশ্বকাপে দারুণ পারফর্ম করা ছাড়াও বছর জুড়ে ৫২ গড়ে ১২৫৫ রান করেন রোহিত। তার সঙ্গে ওপেনিংয়ে থাকছেন আরেক ভারতীয় শুভমান গিল। ২০২৩ সালে সবচেয়ে ১৫৮৪ ওয়ানডে রান করেছেন তিনি। গিল ২০২৩ সালের শুরুতে ভারতের হায়দ্রাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১৪৯ বলে ২০৮ রান করেছিলেন।
কোহলি গত বছর সর্বোচ্চ ৬ সেঞ্চুরি করেন। ৭১০ রান করে ২০২৩ বিশ্বকাপের ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার পান তিনি। একদিনের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ ৫০ সেঞ্চুরি, একটি নির্দিষ্ট বিশ্বকাপে সবচেয়ে বেশি রান-দুই রেকর্ডেই কোহলি ছাড়িয়ে যান সচিন তেন্ডুলকরকে। ফলে প্রত্যাশিতভাবেই কোহলি আছেন দলে।
তিন ভারতীয় বোলার আছেন দলে। স্পিনার কুলদীপ যাদব এবং দুই পেসার মহম্মদ সিরাজ ও মহম্মদ শামি। এ বারের বিশ্বকাপে শামি সব থেকে বেশি উইকেট(২৪টি) নিয়েছিলেন। ৪৯ উইকেট নিয়ে ২০২৩ সালে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেটশিকারী কুলদীপ। দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ উইকেট সিরাজের। বিশ্বকাপে ভারত টানা ১০টি ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল। কিন্তু ট্রফি জিততে পারেনি। ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে যায় তারা।
আইসিসির বর্ষসেরা ওডিআই দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ট্রাভিস হেড, বিরাট কোহলি, ড্যারেল মিচেল, হেনরিক ক্লাসেন, মার্কো জানসেন, অ্যাডাম জাম্পা, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, মহম্মদ শামি।












Click it and Unblock the Notifications