Rohit's Son: রোহিত খেলছেন ক্যানবেরায়, সোশ্যাল মিডিয়ায় পুত্রের নাম জানিয়ে দিলেন স্ত্রী রিতিকা
Rohit's Son: রোহিত শর্মা ও রিতিকা সাজদেহ চূড়ান্ত করে ফেললেন পুত্রসন্তানের নাম। রোহিত আজ ক্যানবেরার মানুকা ওভালে অস্ট্রেলিয়া প্রাইম মিনিস্টার ইলেভেনের বিরুদ্ধে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন।
সেই ম্যাচ চলাকালীনই সোশ্যাল মিডিয়ায় পুত্রের নাম ঘোষণা করে দিলেন রোহিতের স্ত্রী রিতিকা। গত মাসেই রোহিত ও রিতিকার কোল আলো করে এসেছে দ্বিতীয় সন্তান, প্রথম পুত্রসন্তান।

স্ত্রী সন্তানসম্ভবা থাকায় রোহিত অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের সঙ্গে প্রথমে যাননি। ১৫ নভেম্বর পুত্রসন্তানের জন্ম হয়। সেদিন রাতেই জানা গিয়েছিল। পরদিন সকালে সোশ্যাল মিডিয়ায় পুত্রের জন্মের কথা জানান রোহিত। যদিও তারপরও কয়েকটি দিন রিতিকার সঙ্গেই কাটান হিটম্যান।
পারথে ভারত-অস্ট্রেলিয়া টেস্টের তৃতীয় দিন রোহিত দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে আবদ্ধে থাকার পর ২০১৫ সালের ১৩ ডিসেম্বর রোহিত রিতিকাকে বিয়ে করেন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর কন্যা সামাইরার জন্ম।
রোহিত ও রিতিকার পুত্রসন্তানের জন্ম নভেম্বরে হলেও তাঁদের ব্যক্তিগত জীবনে ডিসেম্বর মাসের তাৎপর্যপূর্ণ অনেকখানি। সে কারণে আজ ডিসেম্বরের প্রথম দিনেই পুত্রের নাম অহন (Ahaan) রাখার কথা ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে জানিয়ে দিলেন রিতিকা। অহন শব্দটি এসেছে সংস্কৃত থেকে। এর অর্থ ভোর বা সূর্যের প্রথম রশ্মি বা সূর্যোদয় বা সকালের মহিমা।
এদিকে, আজ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ভারত ২৪১ রানের টার্গেট তাড়া করছে। রোহিতের অনুপস্থিতিতে পারথ টেস্টে যশস্বী জয়সওয়ালের সঙ্গে দ্বিতীয় ইনিংসে ভরসা জুগিয়েছিলেন লোকেশ রাহুল। প্রথম ইনিংসে তাঁর আউটের সিদ্ধান্ত নিয়েও বিতর্ক হয়েছিল।
পর্যাপ্ত প্রমাণ না দেখেই তৃতীয় আম্পায়ার ডিআরএসের প্রেক্ষিতে যেভাবে আউট দিয়েছিলেন সেই সিদ্ধান্ত নিয়ে নানাবিধ প্রশ্ন রয়েছে। রোহিত দলে ফিরলে গোলাপি বলে দিন-রাতের টেস্টে রাহুল ওপেন করবেন কিনা তা নিয়ে চর্চা রয়েছে। তবে প্রস্তুতি ম্যাচে যশস্বী আর রাহুলই ওপেন করলেন। ব্যাটিং অর্ডারে রোহিতের নাম রয়েছে পাঁচে।












Click it and Unblock the Notifications