IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না রোহিতের, ছিটকে গিয়েছেন আরও এক
বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না রোহিতের, ছিটকে গিয়েছেন আরও এক
বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতের দলে ফিরতে পারেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা এমন একটা আশা ছিল, রোহিত নিজেও চেষ্টা করেছিলেন ঢাকা টেস্টের আগে ফিট হয়ে ওঠার জন্য। তবে, শেষ পর্যন্ত পুরোপুরি চোট মুক্ত না হওয়ায় তিনি ঝুঁকি নিলেন না।

বিসিসিআই-এর পক্ষ থেকে মঙ্গলবার জানিয়ে দেওয়া হল বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না রোহিত শর্মা। দ্বিতীয় ওডিআই ম্যাচে স্লিপে ফিল্ডিং করার সময়ে আঙুলে চোট পেয়েছিলেন রোহিত। এর ফলে দ্বিতীয় টেস্টেও ভারতের অধিনায়কত্ব করবেন কে এল রাহুল। দুই ম্যাচের টেস্ট সিরিজে আয়োজক বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে নামবে ভারত।
বিসিসিআই-এর মেডক্যাল টিম জানিয়েছে রোহিত শর্মার সম্পূর্ণ ভাবে ফিট হয়ে উঠতে এবং সঠিক ভাবে ব্যাটিং এবং ফিল্ডিং করার জন্য আরও কিছুটা সময়ের প্রয়োজন। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে ভারত অধিনায়ককে পাওয়া যাবে এমনটা আশা করা যায়।
বিসিসিআই-এর পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, "ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে বাম হাতের বুড়ো আঙুলে চোট পাওয়া রোহিত শর্মা বিসিসিআই-এর মেডিক্যাল টিমের নজরদারীতে রয়েছে। মেডিক্যাল টিম জানিয়েছে ভারত অধিনায়কের আরও কিছুটা সময় প্রয়োজন সম্পূর্ণ ভাবে সেরে ওঠার জন্য এবং সঠিক ব্যাটিং এবং বোলিং করার জন্য। ও রিহ্যাবের মধ্যে থাকবে এবং দ্বিতীয় তথা ফাইনাল টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে পারবে না।"
চোটের কারণে মহম্মদ শামি ছিটকে যাওয়ার পর নভদীপ সাইনিকে তাঁর পরিবর্তন হিসেবে বেছে নিয়েছিল বিসিসিআই। কিন্তু তিনিও পেটের পেশীর চোটের কারণে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে উড়ে গিয়েছেন। ওই রিলিজে বিসিসিআই-এর পক্ষ থেকে এই বিষয়ে উল্লেখ করা হয়েছে, "পেটের পেশীর চোটের কারণে নভদীপ সাইনি দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছেন। এই দ্রুত গতির বোলার এখন এনসিএ-তে রিপোর্ট করবেন এবং সেখানের তাঁর চিকিৎসা হবে।"












Click it and Unblock the Notifications