Rohit Sharma: প্রশ্নের মুখে টেস্ট অধিনায়কত্ব! ওয়েস্ট ইন্ডিজ সফরই বড় পরীক্ষা রোহিতের
ওভাল বিপর্যয়ের পরই স্ক্যানারের তলায় ভারতীয় দল। ব্যাতিক্রম নন অধিনায়ক রোহিত শর্মা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পরই রোহিতের টেস্ট অধিনায়কত্বের ভবিষ্যত নিয়েও এবার সংশয় দেখা দিল। রোহিতকে নিয়ে বিসিসিআই ধীরে চলার নীতি নিয়েছে। আগামী ১২ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু হচ্ছে ভারতের। সেই সিরিজে অধিনায়ক থাকবেন হিটম্যান।
কিন্তু তারপর সাদা জার্সিতে লাল বলের ক্রিকেটে রোহিতকে নেতৃত্ব দিতে দেখা যাবে কিনা সেটা নিয়ে সংশয় আছে। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজে ভালো পারফরম্যান্স করতে না পারেন তাহলে মুম্বইকরের অধিনায়কত্বের চাকরি যাবে বলে মনে করা হচ্ছে।

ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় অধ্যায় শুরু হতে চলেছে ভারতীয় দলের। যা চলবে ২০২৫ সাল পর্যন্ত। আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর্যন্ত অধিনায়ক থাকবেন কিনা সেই বিষয়ে প্রশ্ন রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্তা পিটিআইকে জানিয়েছে, 'আগামী দুই বছর ধরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পর্ব চলার পর রোহিত শর্মার বয়স গিয়ে দাঁড়াবে ৩৮। তবে এখনইতাঁকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে যে গুজব ছড়িয়েছে তা ভিত্তিহীন।'

অধিনায়কত্বের দায়িত্ব নেওয়ার পর রোহিতের ব্যাটিংয়ের হালও খুব একটা ভালো নয়। ২০২২ সালে দলনেতার দায়িত্ব গ্রহনের পর ১০টি টেস্ট ম্যাচ খেলেছেন রোহিত। সাতটি ম্যাচে ১১টি ইনিংস খেলে রোহিত করেছেন ৩৯০ রান। একটি মাত্র শতরান এসেছে তাঁর ব্যাট থেকে। ফলে প্রশ্ন উঠছে নেতৃত্বের ভার কি প্রভাব ফেলছে হিটম্যানের ব্যাটিংয়েও।













Click it and Unblock the Notifications