রোহিত ওজন কমিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামবেন! ম্যাচগুলি হবে আমেদাবাদ ও কলকাতায়
দেশে করোনা সংক্রমণের জেরে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সিরিজের সূচিতে বদল আসছে। তিনটি করে একদিনের আন্তর্জাতিক ও টি ২০ আন্তর্জাতিক খেলবে দুই দল। তবে ৬টি শহরে নয়, খেলাগুলি হবে ২টি শহরে। চোট সারিয়ে ফিট হয়ে এই সিরিজেই অধিনায়ক হিসেবে কামব্যাক করতে চলেছেন রোহিত শর্মা।
লোকেশ রাহুলের অধিনায়কত্বে ভারত জোহানেসবার্গ টেস্টে হারার পর আজ পার্লে প্রথম একদিনের ম্যাচেও হেরেছে। ভারতকে ভুগিয়েছে মিডল অর্ডার। ভেঙ্কটেশ আইয়ারকে দিয়ে বল না করানো-সহ রাহুলের ক্যাপ্টেন্সির নানা খামতি পরিলক্ষিত হয়েছে। ২০১৮ সালে ভারত দক্ষিণ আফ্রিকা থেকে ৫-১ ব্যবধানে সিরিজ জিতে ফিরলেও এবার সিরিজ জিততে বাকি দুটি ম্যাচেই জিততে হবে। কেপ টাউনে সিরিজ জেতার পর আজ একদিনের সিরিজের প্রথম ম্যাচ জিতে স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস বেড়েছে তেম্বা বাভুমার দলের। প্রোটিয়া স্পিনারদের সামলাতেও বেগ পেতে হয়েছে ভারতের তারকা ব্য়াটারদের।

এই আবহে নিউজিল্যান্ডের পর ওয়েস্ট ইন্ডিজকেও দেশের মাটিতে সিরিজ হারাতে মুখিয়ে রয়েছে ভারত। রোহিত শর্মা নিজের ফিটনেস আরও বাড়িয়েছেন। আজ তিনি সোশ্যাল মিডিয়াতে যে ছবি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে অনেকটা ওজনও কমিয়ে ফেলেছেন রোহিত।
সব কিছু ঠিক থাকলে তিনি তিন ফরম্য়াটেই ভারতের অধিনায়ক হতে পারেন বলে জল্পনা তুঙ্গে। এরই মধ্যে, আজ বিসিসিআই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ম্যাচগুলি কোথায় আয়োজন করা যায় তা নিয়ে বৈঠকে বসেছিল। প্রথমে বোর্ডসূত্রে জানা গিয়েছিল লখনউ ও আমেদাবাদে সিরিজের ম্যাচগুলি হবে। কিন্তু উত্তরপ্রদেশে ভোট ঘোষণা হওয়ায় আমেদাবাদেই ৬টি ম্যাচ আয়োজনের প্রস্তাব নিয়ে জোর আলোচনা হয়। কিন্তু শেষ অবধি একটি শহরেই সব ম্যাচ আয়োজনের পরিকল্পনা থেকে সরে এসেছেন বোর্ডকর্তারা।

এখনও সূচি চূড়ান্ত নয়। তবে ওয়ান ডে ও টি ২০ সিরিজের ম্যাচগুলি হবে আমেদাবাদ ও কলকাতায়। এখনও অবধি ঠিক রয়েছে আমেদাবাদে পৌঁছাবে ওয়েস্ট ইন্ডিজ। সেখানে প্রথম একদিনের আন্তর্জাতিকটি হওয়ার কথা ৬ ফেব্রুয়ারি। ফেব্রুয়ারির ৯ তারিখ দ্বিতীয় ম্যাচটি হলেও ১২ ফেব্রুয়ারির ম্যাচটি একদিন পিছিয়ে যাচ্ছে। ১২ ফেব্রুয়ারির ম্যাচটি ইডেনে হওয়ার কথা। ওইদিন আবার আইপিএলের মেগা নিলামও শুরু হবে। মনে করা হচ্ছে, আমেদাবাদেই হবে একদিনের সিরিজ। ১৪ ফেব্রুয়ারি দুই দল কলকাতায় আসবে। ১৫ ফেব্রুয়ারির টি ২০ ম্যাচটি একদিন পিছিয়ে ১৬ তারিখে নিয়ে যাওয়া হবে। ১৮ ও ২০ ফেব্রুয়ারির দুটি টি ২০ ম্যাচ হবে নির্ধারিত সূচি মেনেই।
(প্রচ্ছদের ছবি- রোহিত শর্মার ইনস্টাগ্রাম)












Click it and Unblock the Notifications