রোহিত নেতৃত্ব হারিয়েও দলে, অস্ট্রেলিয়ায় গিলের অধিনায়কত্বে ওডিআই খেলবেন বিরাট
টেস্টের পর এবার শুভমান গিলকেই বেছে নেওয়া হলো একদিনের আন্তর্জাতিকে ভারত অধিনায়ক হিসেবে। আজ আমেদাবাদে অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলী অস্ট্রেলিয়া সফরের দল বেছে নিল।
ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে উল্লেখ, রোহিত শর্মাকে সরিয়ে দেওয়া হলো ওডিআইয়ের অধিনায়কত্ব থেকে। গিল হিটম্যানের স্থলাভিষিক্ত হলেন। ফলে টেস্ট ও ওডিআইয়ে ভারত অধিনায়ক শুভমান, তিনি টি২০ আন্তর্জাতিক দলেরও সহ অধিনায়ক।

অস্ট্রেলিয়ায় ১৯ অক্টোবর থেকে ভারত তিনটি একদিনের আন্তর্জাতিক খেলবে। তারপর রয়েছে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ। রোহিত শর্মা ও বিরাট কোহলি টি২০ ও টেস্ট থেকে অবসর নিয়েছেন আগেই। ফলে প্রায় সাত মাস পর তাঁদের দুজনকেই দেশের হয়ে খেলতে দেখা যাবে। এরপর নভেম্বর-ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা ও জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ রয়েছে ভারতের।
গত মার্চে রোহিত ও বিরাট চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিলেন। অস্ট্রেলিয়া সফরের দলেও তাঁদের ব্যাটার হিসেবে রাখা হয়েছে। ২০২৭ সালে ৫০ ওভারের বিশ্বকাপ রয়েছে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ায়। তার আগে গিল যাতে পর্যাপ্ত সময় পান তা মাথায় রেখেই রোহিতের জায়গায় তাঁকে অধিনায়ক করা হলো। ভারতের হেড কোচ গৌতম গম্ভীর ও বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়ার সঙ্গে এ ব্যাপারে আগরকরের কথা হয়েছে বলেও জানা যাচ্ছে।
২০২১ সালের ডিসেম্বর থেকে রোহিত ভারতীয় ওডিআই দলের স্থায়ী অধিনায়ক হয়েছিলেন। ভারতকে ৫৬টি ওডিআইয়ে নেতৃত্ব দিয়েছেন রোহিত, জয় এসেছে ৪২টিতে, হার ১২টিতে। একটি ম্যাচ টাই এবং একটি পরিত্যক্ত হয়। রোহিতের নেতৃত্বে ভারত ২০১৮ সালে এশিয়া কাপ জিতেছিল, তবে তখন তিনি পাকাপাকিভাবে অধিনায়কত্ব পাননি। স্থায়ী অধিনায়ক হিসেবে রোহিতের নেতৃত্বে ভারত ২০২৩ সালে এশিয়া কাপ জেতে। ২০২৩ সালে বিশ্বকাপ ফাইনালেও উঠেছিল। রোহিতের নেতৃত্বে ভারত চলতি বছর জেতে চ্যাম্পিয়ন্স ট্রফি।
টেস্ট থেকে রোহিতের অবসরের পর শুভমানকে ভারত অধিনায়ক করা হয়। অধিনায়ক হিসেবে গিলের প্রথম পরীক্ষা ছিল ইংল্যান্ডে। সেখান থেকে ভারত সিরিজ ২-২ রেখে ফেরে। আজ দেশের মাটিতে অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট জয়ের সাক্ষী থাকলেন শুভমান।
পারথে ১৯ অক্টোবর প্রথম ওডিআইয়ে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। ২৩ অক্টোবর অ্যাডিলেড ও ২৫ অক্টোবর সিডনিতে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ওডিআই। পাঁচ ম্যাচের টি২০ সিরিজের খেলাগুলি হবে ২৯ অক্টোবর ক্যানবেরা, ৩১ অক্টোবর মেলবোর্ন, ২ নভেম্বর হোবার্ট, ৬ নভেম্বর গোল্ড কোস্ট ও ৮ নভেম্বর ব্রিসবেনে।












Click it and Unblock the Notifications