Duleep Trophy: রোহিত, বিরাট-সহ চার তারকা খেলছেন না দলীপ ট্রফিতে, পন্থকে টেস্ট দলে ফেরানোর পরিকল্পনা
Duleep Trophy: দলীপ ট্রফিতে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে খেলতে দেখা যাবে কিনা তা নিয়ে চর্চা তুঙ্গে। যদিও ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে দাবি করা হলো, এই দু-জন-সহ চার তারকা খেলবেন না দলীপে।
ঋষভ পন্থ আইপিএল খেলার পর সুযোগ পান টি২০ বিশ্বকাপে। তারপর শ্রীলঙ্কায় ওডিআই সিরিজেও খেলেছেন। এবার তাঁকে টেস্ট দলে ফেরানোর বিশেষ পরিকল্পনা নির্বাচকদের।

৫ সেপ্টেম্বর থেকে দলীপ ট্রফি। তাতে পারফরম্যান্স দেখেই বাংলাদেশের বিরুদ্ধে দেশের মাটিতে ২ টেস্টের সিরিজের দল ঘোষণা করতে পারেন নির্বাচকরা। তবে জানা যাচ্ছে, দলীপ ট্রফিতে রোহিত শর্মা, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন ও জসপ্রীত বুমরাহকে খেলতে দেখা যাবে না।
২০২২ সালে বাংলাদেশেই শেষ টেস্ট খেলেছেন পন্থ। দেশে ফিরে গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে এক বছরেরও বেশি ছিলেন মাঠের বাইরে। সেই বাংলাদেশের বিরুদ্ধেই পন্থ টেস্ট কামব্যাক করতে পারেন। সেজন্য পন্থকে দলীপ ট্রফিতে খেলতে দেখা যাবে বলেই খবর।
টেস্ট দলে উইকেটকিপার হিসেবে পন্থকে চতুর্মুখী লড়াইয়ে নামতে হচ্ছে। লোকেশ রাহুল ছাড়াও রয়েছেন কেএস ভরত ও ধ্রুব জুরেল। তবে রাহুলকে ব্যাটার এবং পন্থ ও জুরেলকে উইকেটকিপার হিসেবে দলে রাখতে পারেন নির্বাচকরা।
দলীপ ট্রফিতে খেলতে বলা হয়েছে লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, সরফরাজ খান, সূর্যকুমার যাদব, রজত পাটীদারকে। সূর্য অবশ্য তার আগে বুচি বাবু আমন্ত্রণী ক্রিকেট প্রতিযোগিতাতেও খেলছেন মুম্বইয়ের হয়ে।
মহম্মদ শামিও গোড়ালির অস্ত্রোপচারের পর সেরে ওঠার পথে। তাঁর ম্যাচ ফিটনেস দেখে নিতে দলীপ ট্রফির কোনও ম্যাচে শামিকে খেলানোর নির্দেশ দিতে পারেন নির্বাচকরা। তাঁর বোলিং ওয়ার্কলোড বাড়ানো হচ্ছে। উল্লেখ্য, সেপ্টেম্বর থেকে জানুয়ারি অবধি ভারত ১০টি টেস্ট খেলবে। পাঁচটি এ দেশে, পাঁচটি অস্ট্রেলিয়ায়।
জানা যাচ্ছে, যাতায়াতের সুবিধার কথা ভেবে অনন্তপুর থেকে ৫ সেপ্টেম্বরের একটি ম্যাচ সরিয়ে আনা হতে পারে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে, যাতে তারকাদের খেলতে অসুবিধা না হয়। এখনও সরাসরি কিছু বলা না হলেও একটি ম্যাচ যে আয়োজন করতে হবে সে কথা বিসিসিআই বেসরকারিভাবে জানিয়ে দিয়েছে কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনকে।
চারটি দলকে নিয়ে দলীপ ট্রফি চলবে ২২ সেপ্টেম্বর অবধি। রাউন্ড রবিন পদ্ধতিতে একটি দল তিনটি করে ম্যাচ খেলবে। যাদের পয়েন্ট বেশি থাকবে তাদের বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে। টেস্ট দলে যাঁরা সুযোগের দাবিদার, তাঁদের সকলকেই এই টুর্নামেন্টে খেলতে হবে। বিসিসিআই সচিব জয় শাহ গত ফেব্রুয়ারিতেই জানিয়ে দিয়েছেন, জাতীয় দলে থাকা ক্রিকেটাররা বাদে তখন যে ঘরোয়া টুর্নামেন্ট চলবে তাতে খেলতে হবে ক্রিকেটারদের। ফলে টু্র্নামেন্টগুলির জৌলুসও বাড়তে চলেছে।












Click it and Unblock the Notifications