সৌরভকে টপকে স্বস্তির ইনিংস রোহিতের, বিরাটের প্রথম অভিজ্ঞতার পর আচরণে অবসরের আভাস?
অ্যাডিলেডে চলছে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক। অস্ট্রেলিয়া সিরিজ পকেটে পোরার লক্ষ্যে ২৬৫ রানের টার্গেট তাড়া করছে।
সকলেরই নজর ছিল রো-কো-র দিকে। রোহিত শর্মা এদিন ভারতের হয়ে সর্বাধিক রান করলেও বিরাট কোহলি ফের ফিরলেন খালি হাতে।

ভারতের প্রথম উইকেট পড়ে ৬.১ ওভারে ১৭ রানের মাথায়। অধিনায়ক শুভমান গিল ৯ বলে ৯ রান করে জেভিয়ার বার্টলেটের শিকার হন। এই ওভারের পঞ্চম বলেই বার্টলেটের বলে লেগ বিফোর হন বিরাট কোহলি। এদিন তিনি শূন্য রানে আউট হলেন চার বল খেলে।
এই প্রথম একদিনের আন্তর্জাতিকে বিরাট পরপর ২টি ম্যাচে খাতা খুলতে পারলেন না। রোহিত শর্মার সঙ্গে সামান্য আলোচনা করেই বিরাট রিভিউ না নিয়ে প্যাভিলিয়নের রাস্তা ধরেন। অ্যাডিলেডে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচটি শতরান রয়েছে। সম্ভবত এদিনই তিনি শেষবার অ্যাডিলেড ওভালে আন্তর্জাতিক ম্যাচ খেললেন। দর্শকরা উঠে দাঁড়িয়ে তাঁকে অভিবাদন জানান। সাজঘরে ফেরার সময় ডান হাতের গ্লাভস তুলে ধরে তিনি দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানান। বিরাটের এই ইঙ্গিত থেকে অনেকেই মনে করছেন, ওডিআই থেকে অবসরের কোনও আভাস তিনি অ্যাডিলেডে দিলেন কিনা।
তবে রোহিত শর্মা আপাতত স্বস্তিতে। তৃতীয় উইকেট জুটিতে রোহিত ও শ্রেয়স আইয়ার যোগ করলেন ১১৮ রান। রোহিত কেরিয়ারের ৫৯তম ওডিআই অর্ধশতরান পূর্ণ করেন ৭৪ বলে, চারটি চার ও ২টি ছয়ের সাহায্যে। মিচেল আওয়েনের বলে হুক ও পুল মেরে দর্শনীয় ছক্কা হাঁকান হিটম্যান।
রোহিত করলেন ৯৭ বলে ৭৩। সাতটি চার ও দুটি ছয়ের সাহায্যে। মিচেল স্টার্কের বলে হুক মারতে গিয়ে ফাইন লেগে জশ হ্যাজলউডের হাতে ধরা পড়লেন। যেভাবে দায়িত্বশীল ইনিংস খেলছিলেন তাতে শতরানের আশা জাগিয়েছিলেন। একদিনের আন্তর্জাতিকে ভারতীয়দের মধ্যে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় রোহিত উঠে এলেন তিনে।
রোহিত আজ টপকে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের নজির। সৌরভ ৩০৮টি ওডিআইয়ে ১১২২১ রান করেছেন। রোহিত ২৭৫টি ম্যাচ খেলে করেছেন ১১২৪৯। তাঁর সামনে বিরাট কোহলি (৩০৪টি ম্যাচে ১৪১৮১ রান) ও সচিন তেন্ডুলকর (৪৬৩টি ম্যাচে ১৮৪২৬ রান)।
টস জিতে ফিল্ডিং নিয়েছে অস্ট্রেলিয়া। ভারত তোলে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৪ রান। শ্রেয়স আইয়ার ৭৭ বলে ৬১, অক্ষর প্যাটেল ৪১ বলে ৪৪, লোকেশ রাহুল ১৫ বলে ১১, ওয়াশিংটন সুন্দর ১৪ বলে ১২, নীতীশ কুমার রেড্ডি ১০ বলে ৮, অর্শদীপ সিং ১৪ বলে ১৩ রান করেন। হর্ষিত রানা ১৮ বলে ২৪ ও মহম্মদ সিরাজ ১ বলে ০ রানে অপরাজিত থাকেন।
অ্যাডাম জাম্পা ১০ ওভারে ৬০ রান খরচ করে চারটি উইকেট তুলে নেন। শ্রেয়স ও রাহুলকে বোল্ড করেন তিনি। অক্ষর জাম্পার বলে ক্যাচ আউট হন, স্টাম্প আউট হন নীতীশ। ১টি মেডেন-সহ ১০ ওভারে ৩৯ রান দিয়ে তিন উইকেট নেন জেভিয়ার বার্টলেট। মিচেল স্টার্ক ১০ ওভারে ৬২ রান খরচ করে পেয়েছেন ২টি উইকেট। এদিন ৮ বোলার ব্যবহার করেন অজি অধিনায়ক মিচেল মার্শ।












Click it and Unblock the Notifications