রোহিতের হাতে ১২৫ কোটির চেক! হিটম্যানের প্রশংসায় হার্দিকের চোখে জল, বিশেষ স্মৃতির উল্লেখ করলেন বিরাট
Team India's Felicitation: ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি২০ বিশ্বকাপজয়ী দলকে সংবর্ধনা দিল বিসিসিআই। রোহিত শর্মার হাতে তুলে দেওয়া হলো ১২৫ কোটি টাকার চেক।
ভিকট্রি প্যারেড শেষে হুডখোলা বাস থেকে নেমে মাঠে নেমেই ঢাক-ঢোল ও চক দে ইন্ডিয়া গানের তালে নাচতে দেখা গেল ভারতীয় ক্রিকেটারদের। স্টেডিয়াম প্রদক্ষিণ করে অভিবাদন গ্রহণ করলেন বিশ্বজয়ীরা।

২০১১ সালে এই ওয়াংখেড়েতেই ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছিল ভারত। সেখানে প্রবেশ করে যে ভারতীয় ক্রিকেটারদের নাচতে দেখা গেল তাঁদের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছেন সূর্যকুমার যাদব ও শিবম দুবে। অনুষ্ঠানের শেষে ভারতীয় দলের ভিকট্রি ল্যাপেও ফিরল এগারোর বিশ্বজয়ের স্মৃতি।
রোহিত শর্মা বলেন, মুম্বই কখনও হতাশ করে না। আমরা সলিড রিসেপশনের সাক্ষী থাকলাম। গোটা দলের পক্ষ থেকে এ জন্য সমর্থকদের ধন্যবাদ জানাই। আমি খুব খুব খুশি ও তৃপ্ত। রোহিত বলার সময় ওয়াংখেড়ের গর্জনে তাঁকে কিছুটা থামতেও হলো।
রোহিতকে সরিয়ে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক করা হয়েছিল হার্দিক পাণ্ডিয়াকে। সেজন্য মুম্বই ইন্ডিয়ান্সের হোম গ্রাউন্ডে হার্দিককে বিদ্রুপ শুনতে হয়েছে। কয়েক মাসেই বদলে গেল ছবি।
রোহিতের কথায় উঠে এল টি২০ বিশ্বকাপ ফাইনালে ডেভিড মিলারের ক্যাচ সূর্যকুমার যাদবের তালুবন্দি করার কথা। রোহিত বলেন, শেষ ওভারে হার্দিক অসাধারণ বোলিং করেছেন। এই সময় রোহিতের মুখে হার্দিকের প্রশংসা শুনেই গ্যালারিতে উঠল হার্দিক-হার্দিক ধ্বনি। চোখে জল নিয়ে সমর্থকদের দিকে তাকিয়ে হাততালি দিয়ে ধন্যবাদ জানান হার্দিক। নিশ্চিতভাবেই আবেগঘন পরিস্থিতি।
ওয়াংখেড়েতে উষ্ণ অভ্যর্থনা পেলেন সদ্য প্রাক্তন ভারতীয় হেড কোচ রাহুল দ্রাবিড়। যে চারিত্রিক দৃঢ়তা ও দৃঢ়সংকল্প নিয়ে বিশ্বকাপ জিতেছে ভারত, তা উল্লেখ করেন তিনি। দ্রাবিড় ফের জানালেন, কীভাবে রোহিত শর্মার ফোন কল পেয়ে তিনি মত বদলে টি২০ বিশ্বকাপ অবধি কোচ থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন।
বিরাট কোহলি যখন বক্তব্য পেশ করতে যাচ্ছিলেন তখন ওয়াংখেড়ের গোটা গ্যালারি গর্জে উঠল চেনা কোহলি-কোহলি ধ্বনিতে। বিরাট কোহলি উচ্ছ্বসিত প্রশংসা করেন জসপ্রীত বুমরাহর। বলেন, এমন বোলার একটা গোটা প্রজন্মে একজনই হন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বুমরাহর ডেথ ওভারের বোলিং দেখে অভিভূত বিরাট। বিশ্বের অষ্টম আশ্চর্য হিসেবে বুমরাহকে অভিহিত করার পক্ষেও জোর সওয়াল কোহলির।
কেরিয়ারের সবচেয়ে বিশেষ মুহূর্তের কথাও জানান কোহলি। তিনি জানান, টি২০ বিশ্বকাপ জেতার পর তিনি এবং রোহিত শর্মা দুজনেই কাঁদছিলেন। যে মুহূর্তে তিনি রোহিত শর্মাকে আলিঙ্গন করেন, সেটাকেই তাঁর কেরিয়ারের বিশেষ মুহূর্ত হিসেবে বেছে নেন কোহলি।












Click it and Unblock the Notifications