ওভালে বিরাট জয়ে পাকিস্তানকে সরিয়ে সিংহাসনে ভারত, রোহিত-সহ ফ্যাব ফোরেই বাজিমাত
ওভাল টেস্ট জিতে পাঁচ টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পাশাপাশি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ফের এক নম্বরে ভারত। বিরাট কোহলির দল সরিয়ে দিল বাবর আজমের পাকিস্তানকে। ওভালে ৫০ বছর পর টেস্ট জয়ে স্মরণীয় হয়ে থাকল বিশেষ করে চারজনের অনবদ্য পারফরম্যান্সে।

সিংহাসনে ভারত
চলতি সিরিজে ভারত দুটি টেস্ট জিতেছে, একটি হেরেছে এবং একটি ড্র। সবমিলিয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন বিরাটদের দখলে ২৬ পয়েন্ট, সাফল্যের শতকরা হার ৫৪.১৭ শতাংশ। পাকিস্তান রয়েছে দুইয়ে, তিনে ওয়েস্ট ইন্ডিজ, দুই দলের দখলেই ১২ পয়েন্ট। ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান সিরিজ ১-১ ড্র হয়েছে। চারে রয়েছে জো রুটের ইংল্যান্ড, ১৪ পয়েন্ট নিয়ে, সাফল্যের শতকরা হার ২৯.১৭ শতাংশ। নিউজিল্যান্ডের পর ভারতের কাছে টেস্ট সিরিজ হারলে অ্যাশেজের আগে যা রুট, সিলভারউডদের চিন্তা বাড়াবে। স্লো ওভার রেটের কারণে আগেই ভারত ও ইংল্যান্ডের দুই পয়েন্ট করে কাটা হয়েছিল।

রোহিতই সেরা
ওভাল টেস্টে সেরার পুরস্কার পেয়েছেন রোহিত শর্মা। টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ভারত ১৯১ রানে অল আউট হয়ে গিয়েছিল। এরপর ইংল্যান্ড লিড নেয় ৯৯ রানের। সেখান থেকে ভারত ৪৬৬ রানে পৌঁছায় দ্বিতীয় ইনিংসে। তাও অনেকটা সময় মেঘলা আবহাওয়ায় ফ্লাডলাইটে ব্যাট করে। ওপেনিং জুটিতে লোকেশ রাহুলের সঙ্গে ৮৩ রান যোগ করার পর চেতেশ্বর পূজারার সঙ্গে রোহিতের ১৫৩ রানের পার্টনারশিপ ভারতকে মজবুত ভিতে দাঁড় করিয়েছিল। বিদেশের মাটিতে প্রথম টেস্ট শতরান পেয়ে, একাধিক নজির গড়ে সেই ১২৭ রানের ইনিংসের সুবাদে এবার ওভাল টেস্টের সেরাও হলেন রোহিত। ভারতের জয়ে তাঁর অবদান প্রথমেই থাকবে। কারণ, ভারত যে রানের পাহাড় চাপাতে সক্ষম হয়েছিল ইংল্যান্ডের উপর তার থেকে রুটরা বেরিয়ে আসার পথ পাননি। এটাকেই সেরা শতরান হিসেবে বেছে নিয়েছেন রোহিত। তিনি বলেন, ব্যাট করার সময় শতরানের কথা ভেবে খেলিনি। পিছিয়ে পড়ার চাপ কাটাতে পরিস্থিতি অনুযায়ী ব্যাট করেছি। দলকে ভালো জায়গায় পৌঁছে দিতে চেয়েছিলাম। আগে মিডল অর্ডারে খেলতাম। পরে টেস্টে ওপেন করতে এসে এর গুরুত্ব আরও বেশি উপলব্ধি করেছি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর ২০-২৫ দিনের বিরতিই গেম-চেঞ্জার গয়েছে। কেন না, ওই সময় প্রস্তুতি যাবতীয় খামতি পুষিয়ে নিতে পেরেছি। হাঁটুর চোটের কারণে দুই দিন ফিল্ডিং করতে পারেননি রোহিত। তিনি আশাবাদী পরের টেস্টে খেলার ব্যাপারে। যদিও সিদ্ধান্ত নেবেন ফিজিও।

বুম বুম বুমরাহ
প্রথম ইনিংসে উমেশ যাদবের সঙ্গে বোলিং শুরু করে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপে ধস নামিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। আর আজ তিনি এবং রবীন্দ্র জাদেজা মিলেই লাঞ্চের পর ম্য়াচের রং বদলে দিলেন। বুমরাহ ও জাদেজার যুগলবন্দিতে ৬ ওভারের মধ্যে মাত্র ৭ রানের বিনিময়ে চারটি মূল্যবান উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে যায় ইংল্যান্ড। প্রথম ইনিংসে বুমরাহ ৬টি মেডেন-সহ ২১ ওভারে ৬৭ রানের বিনিময়ে ২ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে তাঁর বোলিং ফিগার ২২ ওভার ৯ মেডেন ২৭ রান ২ উইকেট। অলি পোপকে বোল্ড করে শততম টেস্ট উইকেট নেওয়ার পর জনি বেয়ারস্টোকে ফেরালেন বিষাক্ত মাপা বিপজ্জনক ইয়র্কারে। বিরাট কোহলি ম্যাচের পর বললেন, এই ধরনের পিচে এমন বোলিং অসাধারণ। যখন বল রিভার্স স্যুইং হচ্ছিল তখন বুমরাহর অনুরোধেই তাঁর হাতে বল তুলে দিয়েছিলেন বিরাট। ভারত অধিনায়কের বোলিং চেঞ্জও এই ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট ফেলতে কার্যকরী হয়েছে।

লর্ড শার্দুল
দুই ইনিংসেই অর্ধশতরান। দ্বিতীয় ইনিংসে জো রুটের উইকেট-সহ শার্দুলের ঝুলিতে দুই উইকেট। ৮ ওভার ১টি মেডেন ২২ রানের বিনিময়ে। প্রথম ইনিংসে ১৫ ওভারে ৫৪ রান দিয়ে অলি পোপের উইকেট পেয়েছিলেন। আজ ইংল্যান্ডের শতরানের ওপেনিং জুটিও ভাঙেন শার্দুল, ররি বার্নসকে আউট করে। ইংল্যান্ড শেষ দশটি উইকেট হারায় ১১০ রানের মধ্যে। চা বিরতির আগে ইংল্যান্ডের কফিনে শেষ পেঁরেকটি শার্দুল পুঁতে দেন জো রুটকে তুলে নিয়ে। উল্লেখ্য, মুম্বইয়ের দীনেশ লাডের ছাত্র শার্দুল ও রোহিত। ভারত অধিনায়ক বলেন, রোহিতের ইনিংসটা আউটস্ট্যান্ডিং। তবে লোয়ার অর্ডারে ইমপ্যাক্ট পারফরম্যান্সের কথা বললে শার্দুলের অর্ধশতরান প্রথম ইনিংসে ফারাক গড়ে দেয়। দ্বিতীয় ইনিংসের কাউন্টার অ্যাটাকও। ফলে তাঁর পারফরম্যান্সও অনেক দিন মনে রাখার মতো।

জাদেজায় আস্থা
রবিচন্দ্রন অশ্বিনকে না খেলানো নিয়ে নানা কথা চলছে। যদিও বিরাট কোহলি জানিয়ে দিলেন, বাইরে কে কী বলছেন তার প্রভাব ভারতীয় দলে পড়ে না। সকলে মিলেই সিদ্ধান্ত নেওয়া হয় কোন পরিস্থিতিতে কোন সেরা কম্বিনেশন নিয়ে মাঠে নামা হবে। রবীন্দ্র জাদেজা বিরাট কোহলির আস্থা মর্যাদাও রাখলেন। লাঞ্চের পর ইংল্যান্ডের ইনিংসে প্রথম ধাক্কাটা জাদেজাই দেন, হাসিব হামিদকে ফিরিয়ে। এরপর মঈন আলির উইকেটটিও তুলে নিয়ে রুটদের সমস্যায় ফেলে দেন। উমেশ যাদবও দুই ইনিংস মিলিয়ে ছয় উইকেট পেলেন। বিরাট বলেন, এই টেস্টের বোলিং পারফরম্যান্স আমার অধিনায়কত্বে প্রথম তিনের মধ্যে থাকবে। রোদ ছিল, আগের মতো মেঘলা আবহাওয়া না থাকায় বিশ্বাস ছিল জাদেজা এক প্রান্ত থেকে কার্যকরী হতে পারবেন। রিভার্স স্যুইং শুরুর পরও বোলাররা দারুণভাবে সেই সুযোগ কাজে লাগিয়েছেন। প্রথম ইনিংসে প্রায় ১০০ রানে পিছিয়ে পড়ার পর আমরা যে জয় পেয়েছি তা ফের দলের চারিত্রিক দৃঢ়তাই প্রমাণ করল। লর্ডসেও বলেছিলাম, আবার বলছি দলের এই চারিত্রিক দৃঢ়তায় আমি গর্বিত। শেষ দিনে তাই ১০ উইকেট তোলার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসীই ছিলাম।












Click it and Unblock the Notifications