রোহিত শোয়েবকে টপকে গড়লেন নয়া বিশ্বরেকর্ড! তৃতীয় টি ২০ আন্তর্জাতিকে টস জিতে ব্যাটিং শ্রীলঙ্কার
নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের পর এবার শ্রীলঙ্কাকে টি ২০ সিরিজে হোয়াইটওয়াশ করার হাতছানি ভারতের সামনে। প্রথম দুটি ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ পকেটে পুরে ফেলেছে ভারত। আজ সিরিজের তৃতীয় তথা শেষ টি ২০ আন্তর্জাতিক। টস জিতে ব্যাটিং নিল শ্রীলঙ্কা। ভারতীয় দলে চারটি পরিবর্তন হয়েছে।

রোহিতের বিশ্বরেকর্ড
রোহিত শর্মা আজ ১২৫তম টি ২০ আন্তর্জাতিক ম্যাচ খেলছেন, যা নয়া বিশ্বরেকর্ড। এতগুলি টি ২০ আন্তর্জাতিক এর আগে কেউ খেলেননি। রোহিত টপকে গেলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিকের ১২৪টি টি ২০ আন্তর্জাতিক খেলার রেকর্ড। রোহিত বলেন, নিঃসন্দেহে ১২৫তম টি ২০ আন্তর্জাতিক খেলতে পেরে ভালো লাগছে। তবে বিষয়টি আগে মাথায় ছিল না। আরও যতদিন পারবেন দেশের হয়ে নিজের সেরাটা দিয়ে খেলা চালিয়ে যেতে চান ভারত অধিনায়ক। চলতি সিরিজেই টি ২০ আন্তর্জাতিকে সর্বাধিক রানের মালিক হয়েছেন রোহিত, মার্টিন গাপটিলের রেকর্ড ভেঙে।

বিশ্বরেকর্ডের হাতছানি
টি ২০ বিশ্বকাপে পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে পরাজয়ের পর থেকে গতকাল অবধি টানা ১১টি টি ২০ আন্তর্জাতিক জিতেছে ভারত। এই নিরিখে রোহিত শর্মার দল স্পর্শ করেছে আফগানিস্তান ও উগান্ডার টানা ১১টি টি ২০ আন্তর্জাতিক জয়ের রেকর্ড। তবে বিশ্বরেকর্ডটি এখনও যুগ্মভাবে রয়েছে আফগানিস্তান ও রোমানিয়ার। আজ ভারত জিতলে সেই নজিরে থাবা বসাতে পারবে। ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর অবধি আফগানিস্তান টানা ১২টি টি ২০ আন্তর্জাতিক জিতেছিল। এর মধ্যে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩টি, বাংলাদেশের বিরুদ্ধে চারটি এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি। রোমানিয়া ২০২০ সালের ১৭ অক্টোবর থেকে ২০২১ সালের ৫ সেপ্টেম্বর অবধি টানা এক ডজন টি ২০ আন্তর্জাতিক জিতেছে। তার মধ্যে বুলগেরিয়ার বিরুদ্ধে ৫টি, সার্বিয়ার বিরুদ্ধে ২টি, চেক প্রজাতন্ত্র, গ্রিস, হাঙ্গেরি, মাল্টা ও লুক্সেমবার্গের বিরুদ্ধে ১টি করে।

ভারতীয় দলে চার পরিবর্তন
গতকালের ম্যাচে হেলমেটে চোট লাগায় ছিটকে গিয়েছেন ঈশান কিষাণ আগেই এই ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন। ভারত বিশ্রাম দিয়েছে জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার ও যুজবেন্দ্র চাহালকে। তবে ময়াঙ্ক আগরওয়ালকে প্রথম একাদশে রাখা হয়নি, উইকেটকিপিংয়ের পাশাপাশি সঞজু স্যামসনই রোহিত শর্মার সঙ্গে ওপেন করবেন। চোট সারিয়ে মাঠে ফিরে দুরন্ত ছন্দে থাকা তৃপ্তি দিচ্ছে রবীন্দ্র জাদেজাকেও। তিনি বলেন, যে কোনও পজিশনে ব্য়াট করতে প্রস্তুত। বেঙ্গালুরুতে ফিজিওদের তত্ত্বাবধানে রিহ্যাব চলেছে। তখন থেকেই শ্রীলঙ্কা সিরিজে দলে ফেরার লক্ষ্য নিয়ে এগিয়েছিলাম।

হোয়াইটওয়াশ এড়ানো লক্ষ্য শ্রীলঙ্কার
শ্রীলঙ্কা টস জিতে ব্যাটিং নিয়েছে। রোহিত শর্মা জানিয়েছেন, টস জিতলে তাঁর ফিল্ডিং নেওয়ারই পরিকল্পনা ছিল। ভারত এই সিরিজে ক্লিন স্যুইপ করে পারে কিনা তা স্পষ্ট হবে কয়েক ঘণ্টার মধ্যেই। ভারতের প্রথম একাদশে আজ রাখা হয়েছে রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, আবেশ খান ও মহম্মদ সিরাজকে। শ্রীলঙ্কা দলে দুটি পরিবর্তন। প্রবীণ জয়বিক্রমা ও কামিল মিশারা শ্রীলঙ্কা দল থেকে বাদ পড়েছেন। দলে এসেছেন জেফ্রি ভ্যান্ডারসে ও জানিথ লিয়ানাগে।
ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাদেজা, ভেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা, হর্ষল প্যাটেল, রবি বিষ্ণোই, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, আবেশ খান।
শ্রীলঙ্কা- পাথুম নিসঙ্কা, দানুষ্কা গুণতিলকা, চরিথ আসালঙ্কা, দীনেশ চান্দিমল (উইকেটকিপার), জানিথ লিয়ানাগে, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুণারত্নে, দুষ্মন্ত চামিরা, জেফ্রি ভ্যান্ডারসে, বিনুরা ফার্নান্দো, লাহিরু কুমারা।












Click it and Unblock the Notifications