জল্পনার অবসান, ৩৬তম বিসিসিআই সভাপতি হিসেবে রজার বিনির হাতে ব্যাটন সৌরভের
জল্পনার অবসান, ৩৬তম বিসিসিআই সভাপতি হিসেবে রজার বিনির হাতে ব্যাটন সৌরভের
সমস্ত জল্পনার অবসান হল। বিসিসিআইয়ের ৩৬তম সভাপতি হিসেবে নিযুক্ত হলেন রজার বিনি। রজার বিনির হাতে ব্যাটন তুলে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য রজার বিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ পদ পেলেন। জয় শাহ বিসিসিআইয়ের সচিব পদে বহাল রইলেন।

সৌরভ গঙ্গোপাধ্যায় স্থলাভিষিক্ত রজার বিনি
মঙ্গলবার মুম্বইয়ে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় সৌরভ গঙ্গোপাধ্যায় পরবর্তী সভাপতি হিসেবে রজার বিনির হাতে ব্যাটন তুলে দেন। বিসিসিআই অন্যান্য পদাধিকারী, যাঁরা সর্বসম্মতভাবে নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে রয়েছে সচিব জয় শাহ, কোষাধ্যক্ষ আশিস শেলার, সহ সভাপতি রাজীব শুক্ল, যুগ্ম সচিব দেবজিৎ সাইকিয়া। আইপিএলের নতুন চেয়ারম্যান হবেন বিদায়ী কোষাধ্যক্ষ অরুণ ধামাল।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া পরবর্তী পদাধিকারী
সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় পরবর্তী পদাধিকারী নির্বাচন ছিল নিছক আনুষ্ঠানিকতা। এবার বিসিসিআইয়ের পদাধিকারী ও সদস্যরা বিবেচনা করবেন তারা আইসিসি চেয়ারম্যানের জন্য প্রার্থী দেবে নাকি দ্বিতীয় মেয়াদের জন্য বর্তমান গ্রেগ বার্কেলকে সমর্থন করবে? উল্লেখ্য, আইসিসির শীর্ষ পদের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২০ অক্টোবর। আইসিসি বোর্ড মেলবোর্নে ১১-১৩ নভেম্বর পর্যন্ত বৈঠক করবে। সেই বৈঠকেই আইসিসি চেয়ারম্যানের হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে।

সৌরভ গঙ্গোপাধ্যায় রাজনীতির বলি? বিতর্ক ছিল
বিসিসিআই সভাপতি পদ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অপসারণ নিয়ে বিতর্ক তৈরি হয়। একটা মেয়াদ বিসিসিআই সভাপতি হিসেবে কাটানোর পর তাঁকে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব দেওয়া হয়নি। তা নিয়ে বিতর্ক গড়ায় রাজনীতির অন্দরে। সৌরভ গঙ্গোপাধ্যায় রাজনীতির বলি হলেন বলেও অভিযোগ ওঠে। যদিও সৌরভ গঙ্গোপাধ্যায় বার্তা দেন, চিরকাল কেউ এক পদে থাকতে পারে না।

সৌরভ গঙ্গোপাধ্যায় কি আইসিসি চেয়ারম্যান হবেন?
এখন জল্পনা চলছে সদ্য প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে আইসিসি চেয়ারম্যান নির্বাচনে প্রার্থী করা হয় কি না। সৌরভ গঙ্গোপাধ্যায়ের অনুরাগীরা বিসিসিআই সভাপতি হিসেবে পদচ্যুত হওয়ার পর যতটাই দুঃখ পেয়েছেন, ততটাই আশাবাদী সৌরভ গঙ্গোপাধ্যায় আইসিসির চেয়ারম্যান নির্বাচিক হওয়া নিয়ে। তবে সবটাই নির্ভর করছে তাঁর নাম ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে প্রস্তাব করা হয় কি না। অর্থাৎ আইসিসি চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে তিনি মনোনীত হন কি না, তার উপর।

‘দাদা’র হয়ে ব্যাট ধরেন ‘দিদি’
সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিসিসিআইযের সভাপতি হিসেবে পদচ্যুত হওয়ার পর তাঁকে যাতে আইসিসি-র চেয়ারম্যান পদে মনোনীত করা হয়, তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখেন বালার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, অমিত শাহের ছেলে জয় শাহ ভারতীয় বোর্ডে তাঁর পদে রয়ে গেলেন, কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হল, কেন? তাঁকে যাতে আইসিসিতে পাঠানো হয়, তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা নিন প্রধানমন্ত্রী। এই দাবি উদ্ধাপন করেন মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications