PAK vs SA: রিজওয়ান ও সলমনের শতরান, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রেকর্ড গড়ে জয় ছিনিয়ে ফাইনালে পাকিস্তান
PAK vs SA: চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ১৯ ফেব্রুয়ারি করাচিতে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। তার আগে চলতি ত্রিদেশীয় সিরিজের ফাইনালেও এই দুই দলের দ্বৈরথ।
বুধবার ত্রিদেশীয় সিরিজের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৬ বল বাকি থাককে ৬ উইকেটে হারাল পাকিস্তান। শুক্রবার ফাইনালে মহম্মদ রিজওয়ানদের সামনে চলতি সিরিজে অপরাজেয় নিউজিল্যান্ড।

পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ডের কাছে হারার ফলে করাচিতে বুধবারের দ্বৈরথটি ছিল কার্যত সেমিফাইনাল। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা তোলে ৫ উইকেটে ৩৫২ রান। অধিনায়ক তেম্বা বাভুমা ৯৬ বলে ৮২ ও ম্যাথু ব্রিটজকে ৮৪ বলে ৮৩ রান করেন।
ব্রিটজকে ওডিআই অভিষেকে সর্বাধিক রানের রেকর্ড গড়েছিলেন আগের ম্যাচেই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরান পাওয়া ব্রিটজকে পাকিস্তান ম্যাচেও সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন। তবে খুশদিল শাহের শিকার হওয়ায় শতরান পাননি।
দক্ষিণ আফ্রিকার ইনিংসে সর্বাধিক ৫৬ বলে ৮৭ রান করেন হেইনরিখ ক্লাসেন। ৩২ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন কাইল ভেরেইন। শাহিন শাহ আফ্রিদি ২টি এবং নাসিম শাহ ও খুশদিল শাহ ১টি করে উইকেট দখল করেন।
জবাবে খেলতে নেমে পাকিস্তান ১০.৪ ওভারে ৯১ রান তোলার ফাঁকেই তিন উইকেট হারায়। বাবর আজম ২৩, সাউদ শাকিল ১৫ ও ফখর জামান ৪১ রান করে আউট হন। এরপর দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দেন অধিনায়ক মহম্মদ রিজওয়ান ও আঘা সলমন।
চতুর্থ উইকেট জুটিতে তাঁরা ২৬০ রান যোগ করেন। ১৬টি চার ও ২টি ছয়ের সাহায্যে সলমন ১০৩ বলে ১৩৪ রান করে আউট হন। তখন জয় থেকে ২ রান দূরে পাকিস্তান। ৪৯ ওভারের শেষ বলেই জয় ছিনিয়ে নেয় পাকিস্তান।
রিজওয়ান ৯টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ১২৮ বলে ১২২ রানে অপরাজিত থাকেন। এর আগে, ওডিআইয়ে চতুর্থ উইকেট জুটিতে পাকিস্তানের সর্বাধিক রানের পার্টনারশিপ ছিল মহম্মদ ইউসুফ ও শোয়েব মালিকের। তাঁদের ২০৬ রান তোলার নজির ভেঙে দিলেন রিজওয়ান ও সলমন। উইয়ান মুল্ডার ২টি এবং লুঙ্গি এনগিডি ও করবিন বশ ১টি করে উইকেট নেন। ম্যাচের সেরা হয়েছেন সলমন।












Click it and Unblock the Notifications