পাকিস্তানের সাদা বলের অধিনায়ক হলেন রিজওয়ান, বাবরের পাশে দাঁড়িয়ে কোপে ফখর? জোর বিতর্ক
Rizwan Becomes Pakistan Captain: পাকিস্তানের সাদা বলের অধিনায়ক হলেন মহম্মদ রিজওয়ান। স্থলাভিষিক্ত হলেন বাবর আজমের। অস্ট্রেলিয়া সফরে দলকে নেতৃত্ব দেবেন তিনি।
অস্ট্রেলিয়ায় ওডিআই ও টি২০ সিরিজের দলে প্রত্যাবর্তন হলো বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহের। ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্টের দলে তাঁরা ছিলেন না।

ওই তিনজন জিম্বাবোয়ে সফরের ওডিআই ও টি২০ সিরিজের দলে নেই। রিজওয়ান জিম্বাবোয়েতে একদিনের সিরিজে খেললেও টি২০ সিরিজে খেলবেন না। ওডিআই দলের সহ অধিনায়ক আঘা সলমন টি২০ সিরিজে নেতৃত্ব দেবেন। ফলে রিজওয়ানের নেতৃত্বেই পাকিস্তান যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে সেটা স্পষ্ট।
তবে দুটি সফরের দলে নাম নেই ফখর জামান ও ইমাম উল হকের। তাঁরা পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের বার্ষিক কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েছেন। তবে সেন্ট্রাল কনট্রাক্টে নাম না থাকা মহম্মদ হাসনাইন দলে জায়গা পেয়েছেন। বাদ গিয়েছেন সাদাব খানও। অস্ট্রেলিয়ায় সিরিজ খেলে পাকিস্তান যাবে জিম্বাবোয়েতে।
তবে জোর বিতর্ক তৈরি হয়েছে ফখরকে দল ও সেন্ট্রাল কনট্রাক্ট থেকে বাদ দেওয়া নিয়ে। বিভিন্ন মহলের দাবি, বাবর আজমের সমর্থনে টুইট করার ফলেই রোষানলে পড়েছেন ফখর। বিরাট কোহলির উদাহরণ টেনে তিনি নির্বাচকদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেই কোপের মুখে পড়লেন বলে মনে করা হচ্ছে। তবে তা মানতে চায়নি পিসিবি।
ফখর এক্স হ্যান্ডলে লিখেছিলেন, বাবরকে বাদ দেওয়ার প্রস্তাব যথেষ্ট চিন্তার। ২০২০ থেকে ২০২৩ অবধি বিরাট কোহলির গড় ১৯.৩৩, ২৮.২১ ও ২৬.৫০ হলেও তাঁকে বাদ দেওয়া হয়নি। পাকিস্তানের সেরা ব্যাটারকে বাদ দেওয়া হলে তা দলে নেতিবাচক বার্তাই দেবে। প্লেয়ারদের খাটো করে না দেখিয়ে, তাঁদের রক্ষা করা উচিত বলেও লিখেছিলেন ফখর।
এরপরই তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি অবশ্য দাবি করেছেন, এই টুইটের জন্য বাদ পড়েননি ফখর। বোর্ড তাঁর শো কজ নোটিশের উত্তরের অপেক্ষায় রয়েছে। মূলত ফিটনেসজনিত কারণেই ফখরকে নির্বাচকরা বাদ দিয়েছেন বলে বোঝাতে চাইছেন পিসিবি চেয়ারম্যান। যদিও তা মানতে নারাজ ক্রিকেটপ্রেমীরা ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়ায়।
এদিকে, পাকিস্তানের সেন্ট্রাল কনট্রাক্টে বাবর আজম ও মহম্মদ রিজওয়ান রয়েছেন এ ক্যাটাগরিতে। বি-তে নামিয়ে দেওয়া হয়েছে শাহিন শাহ আফ্রিদিকে। পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদ ও নাসিম শাহ রয়েছেন বি ক্য়াটাগরিতে।












Click it and Unblock the Notifications