AUS vs PAK: রিজওয়ান নাম লেখালেন বিরাটদের পাশে, ইতিহাসে প্রথম চরম লজ্জার নজির অস্ট্রেলিয়ার
AUS vs PAK: পিছিয়ে পড়েও তিন ম্যাচের ওডিআই সিরিজে অস্ট্রেলিয়াকে হারাল পাকিস্তান। ২২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিপাক্ষিক ওডিআই সিরিজ জিতল তারা।
আজ পারথে তৃতীয় একদিনের আন্তর্জাতিকে অজিদের ৮ উইকেটে হারিয়েছে মহম্মদ রিজওয়ানের দল। অস্ট্রেলিয়া তাদের দ্বিপাক্ষিক ওডিআই সিরিজে চরমতম লজ্জার সম্মুখীন হলো।

প্রথম ম্য়াচে পাকিস্তানকে ২০৩ রানে বেঁধে ফেলে অস্ট্রেলিয়া লক্ষ্যে পৌঁছে গিয়েছিল। তবে ৩৩.৩ ওভারে ২০৪ তুলতেই হারিয়েছিল ৮ উইকেট। অ্যাডিলেডে ১৬৩ এবং আজ ১৪০ রানে গুটিয়ে গেল অজিদের ইনিংস। এই দুটি ম্যাচ পাকিস্তান জিতল যথাক্রমে ৯ ও ৮ উইকেটে।
এই প্রথম কোনও দ্বিপাক্ষিক ওডিআই সিরিজে অস্ট্রেলিয়ার একজন ব্যাটারও অর্ধশতরান পেলেন না। প্রথম ম্য়াচে জশ ইনগ্লিস করেছিলেন ৪৯, সেটিই এই সিরিজে অজি ব্যাটারদের মধ্যে সর্বাধিক রান। প্রথম ম্যাচে স্টিভ স্মিথ করেছিলেন ৪৪, প্যাট কামিন্স ৩২।
দ্বিতীয় ম্য়াচে স্মিথ করেন ৩৫, আজকের ম্যাচে শন অ্যাবটের ৩০ এই সিরিজে অজি ব্যাটারদের সর্বাধিক রানের তালিকায় পঞ্চম স্থানে রইল। এই পরিসংখ্যানেই স্পষ্ট অস্ট্রেলিয়ার ব্যাটিং কতটা খারাপ অবস্থায় ছিল। বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজের আগে তা চিন্তা বাড়াবে অজিদের।
তিন ম্যাচে ইনগ্লিসের সংগ্রহ মাত্র ৭৪। তিনি তৃতীয় ওডিআই ও টি২০ সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়েছেন। স্মিথ এই সিরিজে করলেন সর্বাধিক ৭৯। প্যাট কামিন্স ও শন অ্যাবটের সংগ্রহ যথাক্রমে ৪৫ ও ৪৩। ম্য়াথু শর্ট ৪২, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক ৩৬ রান করেছেন। দুই ইনিংসে শূন্য গ্লেন ম্যাক্সওয়েলের, তিনি দ্বিতীয় ম্যাচে করেন ১৬।
মহম্মদ রিজওয়ান এশিয়ার চতুর্থ তথা পাকিস্তানের দ্বিতীয় অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে একদিনের আন্তর্জাতিক সিরিজ জেতার গৌরব অর্জন করলেন। ২০০২ সালে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে সিরিজে হারিয়েছিল ওয়াকার ইউনিসের নেতৃত্বাধীন পাকিস্তান।
২০১০ সালে কুমার সঙ্গকারার নেতৃত্বাধীন শ্রীলঙ্কা ২-১ ব্যবধানেই অস্ট্রেলিয়াকে তাদের দেশে ওডিআই সিরিজে হারিয়েছিল। ২০১৯ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়ে বিরাট কোহলির ভারত অজিদের ওডিআই সিরিজে হারিয়েছিল ২-১ ব্যবধানেই। তার পাঁচ বছর পর এশিয়ার কোনও দেশের কাছে নিজেদের দেশের মাটিতে অজিরা পরাস্ত হলো ওডিআই সিরিজে।












Click it and Unblock the Notifications