IPL 2024: পন্থের প্রত্যাবর্তন থেকে গম্ভীর-পাণ্ডিয়ার নতুন দায়িত্ব, আইপিএলে নজর রাখবেন কোন বিষয়গুলিতে?
ক্যালেন্ডারের পাতা বলছে আজ ১ জানুয়ারি। সূচনা হল আরও একটা নতুন বছরের। বছর পড়তেই শুরু আইপিএলের প্রতীক্ষা। ২০২৪ সালে আইপিএলের ১৭তম সংস্করণ অনুষ্ঠিত হবে। ডিসেম্বর মাসের শেষেই মিনি নিলামে ঘর গুছিয়ে নিয়েছে সব দল। তবে আসন্ন আইপিএলে ফোকাসে থাকবে পাঁচটি বিষয়। নজর রাখবে কোন বিষয়গুলির দিকে? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
প্রথমে ঋষভ পন্থের প্রত্যাবর্তন। ২০২৩ সালে দুর্ঘটনার জন্য মাঠেই নামতে পারেননি পন্থ। আশা করা হচ্ছে আইপিএলেই প্রত্যাবর্তন হবে টিম ইন্ডিয়ার তারকার। তাঁর কাঁধেই থাকবে নেতৃত্বের ভার। ইতিমধ্যেই দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে পন্থ ২.০ প্রচার শুরু হয়ে গিয়েছে। ফলে প্রত্যাবর্তনের মঞ্চে কতটা সফল হন পন্থ, সেদিকে নজর থাকবে ক্রিকেট প্রেমীদের।

পন্থের পাশাপাশি নজর থাকবে মহেন্দ্র সিং ধোনির দিকেও। সিএসকে অধিনায়ক ছয় মাস আগেই তাঁর ভক্তদের নববর্ষের উপহার দিয়েছিলেন। ২০২৪ সালে আইপিএলেন খেলার কথা ঘোষণার মধ্য দিয়েই। কিন্তু ৪২-এর ধোনি চলতি বছরেই কী থামবেন? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। ২০২৪ সালের আইপিএল শেষেই ধোনির সঙ্গে ক্রিকেটের ২২ গজের সম্পর্ক পাকাপাকিভাবে ছিন্ন হবে? সম্ভাবনা কিন্তু প্রবল।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২০২০ সালেই অবসর নিয়েছেন, ক্রিকেট আর ধোনির সম্পর্ক এখন শুধু সিএসকের হলুদ জার্সির সুতোয় বাধা। ২০২৪ সালের আইপিএল শেষেই থালার ক্রিকেট অধ্যায়। শেষ হবে? নতুন বছরের শুরু থেকেই সেই জল্পনা শুরু।
রোহিত জমানা শেষে নতুন অধ্যায় শুরু হচ্ছে মু্ম্বই ইন্ডিয়ান্সের। ২০২৪ সালে এই দলের নেতৃত্বে থাকবেন হার্দিক পাণ্ডিয়া। গুজরাত থেকে রেকর্ড অর্থের বিনিময়ে পাণ্ডিয়াকে ঘরে ফিরিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত-বুমরাহের মতো ক্রিকেটার দলে থাকলেও তাঁর হাতেই তুলে দেওয়া হয়েছে দলের ভার। ফলে মুম্বই ইন্ডিয়ান্সের নতুন অধ্যায় শুরু হতে চলেছে ২০২৪ সালের আইপএলে।
২০০৮ সালের আইপিএলের শুরু থেকেই তারকা খচিত দল গড়ে আরসিবি। কিন্তু বিগত ১৬ বছরে একবারও ট্রফি ঘরে তুলতে পারেনি দক্ষিণী দলটি। ২০১৬ সালে তারা একবারই ফাইনাল খেলেছিল। এবার আরসিবি সমর্থকরা চাতক পাখির মতোই প্রতীক্ষায় আছেন ট্রফি জয়ের জন্য।
সবশেষে নজরে কেকেআরে। নাইট শিবির এবার দলে ফিরিয়েছেন গৌতম গম্ভীরকে। দুইবার কেকেআরকে চ্যাম্পিয়ন করেছেন অধিনায়ক হিসাবে। এবার গম্ভীর মেন্টরের ভূমিকায়। ঘরের ছেলেকে দলে ফিরি্য়ে বড় চমক দিয়েছে কেকেআর। ১০ বছর পর আবার গম্ভীরকে ঘিরেই ট্রফি জয়ের স্বপ্ন দেখছে কেকেআর শিবির।












Click it and Unblock the Notifications