Rishabh Pant: ঋষভ পন্থকে সামলাতে হবে জোড়া অস্ত্রোপচার, বিশ্বকাপেও কি অনিশ্চিত হয়ে পড়লেন?
ঋষভ পন্থ গাড়ি দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছিলেন। গতকাল তাঁকে দেরাদুন থেকে মুম্বই নিয়ে যাওয়া হয়। স্ট্রেচারে করে যখন অ্যাম্বুল্যান্সে তোলা হচ্ছিল তখন পন্থের পা থেকে মাথা পর্যন্ত ছিল সাদা কাপড়ে মোড়া! শরীরের কতটা অংশে ব্যান্ডেজ রয়েছে তা আড়াল করতেই এই পদক্ষেপ। তবে যা পরিস্থিতি তাতে পন্থের দেশের মাটিতে বিশ্বকাপ খেলা কঠিন বলেও আশঙ্কা করছেন অনেকে।

কবে মাঠে ফিরবেন?
বিসিসিআই সূত্রকে উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, পন্থের লিগামেন্টে যে চোট রয়েছে তা অনেকটা রবীন্দ্র জাদেজার মতো। এতে তাঁকে অন্তত মাস ছয়েক মাঠের বাইরে থাকতে হবে। যদিও অনেকে মনে করছেন, ৬ মাস নয়, ৯ মাসের কাছাকাছি লাগতে পারে পন্থের পুরো সুস্থ হবে। ভারতে অক্টোবরে রয়েছে ৫০ ওভারের বিশ্বকাপ। তার আগে পন্থ সুস্থ হবেন কিনা তা নিয়ে থাকছে সংশয়।

দেরাদুন থেকে মুম্বই
ঋষভ পন্থ ভর্তি ছিলেন দেরাদুনের হাসপাতালে। সেখানে অনেকেই তাঁর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। এতে সংক্রমণের আশঙ্কা ছিল। তাই কোনও ঝুঁকি না নিয়েই ভারতীয় দলের তারকা উইকেটকিপার-ব্যাটারকে নিয়ে যাওয়া হয়েছে মুম্বইয়ে। সেখানে আম্বানিদের হাসপাতালে ভর্তি পন্থ, পরিবারের লোকজন ছাড়া কেউ ঋষভের সঙ্গে দেখা করার অনুমতি পাচ্ছেন না। পন্থের যে বিশ্রাম প্রয়োজন সেটাও মুম্বইয়েই সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

এমআরআইয়ের অপেক্ষা
ঋষভ পন্থের পায়ের ফোলা এখনও না কমায় স্ক্যান করা সম্ভব হয়নি। তিনি এখন ভর্তি রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডা.দীনশ পারদিওয়ালার অধীনে। জানা যাচ্ছে, এমআরআই হলেই বোঝা যাবে পন্থের চোট কতটা গুরুতর, কতদিন লাগতে পারে সেরে ওঠার জন্য। বিসিসিআই পন্থের লিগামেন্ট চোট নিয়ে বিন্দুমাত্র ঝুঁকি নিতে নারাজ। কিছুটা সেরে উঠলেই পন্থকে লন্ডনে চিকিৎসার জন্য পাঠানো হতে পারে।

বিশ্বকাপে খেলতে পারবেন?
সাধারণত লিগামেন্ট সার্জারির পর সুস্থ হতে সময় লাগে মাস ছয়েক। কিন্তু পন্থের হাঁটু ও গোড়ালিতে অস্ত্রোপচার হবে। ফলে আরও কিছুটা সময় বেশি লাগতেই পারে ফিট হতে। বিসিসিআই সূত্রে জানা যাচ্ছে, যখনই পন্থকে বিদেশে পাঠানো সম্ভব বলে চিকিৎসকরা জানাবেন, তখনই তাঁকে লন্ডনে পাঠানো হবে। এমআরআই হলে স্পষ্ট হবে দুটি অস্ত্রোপচারের প্রয়োজন আছে কিনা। তবে আপাতত সেটাই মনে হচ্ছে। বিশ্বকাপে ঋষভ পন্থকে পাওয়া গুরুত্বপূর্ণ। ফলে তার আগেই পন্থকে ফিট করে তোলার সবরকমের চেষ্টা হবে। এশিয়া কাপে যাতে তিনি খেলতে পারেন সেই প্রত্যাশাই করছেন বিসিসিআই কর্তারা।












Click it and Unblock the Notifications