Rishabh Pant: ঋষভ পন্থ মাঠে ফিরেই হাঁকালেন চার-ছক্কা, দেখুন ভাইরাল ভিডিও
Rishabh Pant: ঋষভ পন্থ বিগত ৮ মাস ধরে ভারতের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। কবে মাঠে ফিরবেন তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আগামী বছর আইপিএলে কিংবা টি ২০ বিশ্বকাপে তাঁর সুযোগ পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
গত ডিসেম্বরে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন। কোনওরকমে প্রাণে বাঁচেন। তবে পায়ের লিগামেন্ট ছেড়ায় অস্ত্রোপচার হয়। এখন চলছে রিহ্যাব। তবে পন্থের ফিটনেসের উন্নতি যেভাবে হচ্ছে তা বেশ ইতিবাচক। এবার তিনি বেঙ্গালুরুতে ব্যাটিংও করলেন সাবলীলভাবেই।

বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতেই পন্থের রিহ্যাব চলছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে বেঙ্গালুরুর স্থানীয় একটি ক্রিকেট ম্যাচে ব্যাটিং করেছেন পন্থ। চেনা ছন্দে চার, ছক্কা মারতেও দেখা গিয়েছে তাঁকে। পন্থের খেলা যে অনুরাগীরা উপভোগ করেছেন তা যেমন সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হওয়ার মধ্যে দিয়ে পরিষ্কার, তেমনই মাঠে উপস্থিত দর্শকদের হর্ষধ্বনিও শোনা গিয়েছে।
গাড়ি দুর্ঘটনায় পন্থের ডান হাঁটুর লিগামেন্টেই চোট বেশি লেগেছিল। কঠোর নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে এখন চলতে হচ্ছে পন্থকে। গত ফেব্রুয়ারিতে বিশিষ্ট শল্য চিকিৎসক ডা. দিনশ পারদিওয়ালার তত্ত্বাবধানে তিনটি লিগামেন্ট অপারেশনের মাধ্যমে ঠিক করা হয়েছে। পন্থকে যে ব্যাটিং করতে দেখা গিয়েছে তাতে তিনি স্টেপ আউটও করেছেন। তবে দৌড়ে রান নেওয়ার ছবি দেখা যায়নি।
Rishabh Pant's batting practice, recovery has been excellent.
— Johns. (@CricCrazyJohns) August 16, 2023
- Great news for Indian cricket. pic.twitter.com/KThpdkagDz
গত সপ্তাহে পন্থ একটি ওয়ার্ম আপ ম্যাচে লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ারের ব্যাটিংয়ের ভিডিও শেয়ার করেছিলেন। এই দুজনও চোট সারিয়ে মাঠে ফেরার লড়াইয়ে রয়েছেন। এশিয়া কাপ ও বিশ্বকাপের দলে তাঁরা থাকবেন কিনা তা নিয়ে জল্পনা চলছে। যদিও পন্থ এই দুটি টুর্নামেন্টে তো বটেই, চলতি বছরেই আর খেলতে পারবেন কিনা তা নিশ্চিত নয়।

আগামী বছরের আইপিএলেও পন্থের দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে ফেরা নিয়ে সংশয়ের কথা জানিয়েছেন ইশান্ত শর্মা। সম্প্রতি জিও সিনেমাকে দেওয়া সাক্ষাৎকারে ইশান্ত বলেছিলেন, ঋষভের চোট মোটেই ছোট ব্যাপার নয়। তাই আগামী আইপিএলে তাঁকে দেখা যাবে, এ কথা নিশ্চিতভাবে বলা যায় না। তিনি ব্যাটিং বা উইকেটকিপিং শুরু করেছেন। তবুও একজন উইকেটকিপারের ক্ষেত্রে আরও অনেক বিষয় থাকে, যার উপর তাঁর মাঠে ফেরা নির্ভর করবে।












Click it and Unblock the Notifications