IND vs BAN: বাংলাদেশ সিরিজে ভারতের দল কেমন হতে পারে? পন্থ টেস্ট খেলবেন ৬৩৪ দিন পর
IND vs BAN: ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ। দুই টেস্টের সিরিজের খেলাগুলি হবে চেন্নাই ও কানপুরে। দলীপ ট্রফির প্রথম রাউন্ডের ম্যাচ দেখেই দল বেছে নেবেন নির্বাচকরা।
ভারত আগামী ৫ মাসে মোট ১০টি টেস্ট খেলবে। যা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার ক্ষেত্রেও। তবে বাংলাদেশ সিরিজের দলে তেমন চমক থাকবে না বলেই ক্রিকেটনেক্সটের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ঋষভ পন্থ দলীপ ট্রফিতে খেলবেন। ৬৩৪ দিন পর তিনি ফের টেস্ট ম্যাচও খেলবেন বলে বিসিসিআই সূত্রে খবর। গাড়ি দুর্ঘটনার ভয়াবহ পরিস্থিতি সামলে সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলে কামব্যাক করেছেন পন্থ। এবার পালা টেস্টের। দ্বিতীয় উইকেটকিপার হিসেবে থাকতে পারেন ধ্রুব জুরেল। কেএস ভরতের সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
বিরাট কোহলি, রোহিত শর্মা দলীপ ট্রফিতে না খেললেও তাঁরা বাংলাদেশ সিরিজে খেলবেন বলে জানা গিয়েছে। গত জানুয়ারিতে শেষ টেস্ট ম্যাচ খেলেছেন বিরাট। অধিনায়ক রোহিত শর্মার ওপেনিং পার্টনার যশস্বী জয়সওয়ালই থাকবেন। শুভমান গিল হতে পারেন টেস্টের সহ অধিনায়ক। তিনি নামবেম তিনে, বিরাট চারে।
ভারতীয় টেস্ট দলে জায়গা ধরে রাখতে পারেন সরফরাজ খান ও দেবদত্ত পাড়িক্কল। তাঁদের প্রথম এগারোয় থাকার সম্ভাবনাও ভালোই। রজত পাটীদারের জায়গা পাওয়ার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে। স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেলই থাকবেন।
পেসারদের মধ্যে জসপ্রীত বুমরাহ ও মহম্মদ শামিকে বাংলাদেশ সিরিজে দেখা যাবে না বলেই খবর। ঠাসা ক্রীড়াসূচির কথা ভেবে বুমরাহকে যতটা সম্ভব তরতাজা রাখতে বিশ্রামে রাখা হয়েছে। মহম্মদ শামিকে যাতে অস্ট্রেলিয়া সফরে পাওয়া যায় সেটাই চাইছেন নির্বাচকরা। তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দলেও ফিরতে পারেন।
বাংলাদেশ সিরিজে মহম্মদ সিরাজ পেস বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন। স্পিনার কুলদীপ যাদবও দলে থাকবেন। আকাশ দীপ বা অর্শদীপ সিংয়ের মধ্যে একজনকে রাখা হতে পারে বাংলাদেশ সিরিজের টেস্ট দলে।
বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য টেস্ট দল:
ওপেনার- রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল। মিডল অর্ডার- শুভমান গিল, বিরাট কোহলি, সরফরাজ খান, দেবদত্ত পাড়িক্কল। অল-রাউন্ডার- রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন। উইকেটকিপার- ঋষভ পন্থ, ধ্রুব জুরেল। বোলার- কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, আকাশ দীপ বা অর্শদীপ সিং।












Click it and Unblock the Notifications