Rishabh Pant: দাদার ক্লাসে হাজির ঋষভ পন্থ, কলকাতা থেকেই শুরু করলেন আইপিএলে প্রত্যাবর্তনের লড়াই
কলকাতা থেকেই প্রত্যাবর্তনের লড়াই শুরু করে দিলেন ঋষভ পন্থ। গত বছর ডিসেম্বর মাসের শেষদিকে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ভারতীয় দলের তারকা উইকেটরক্ষক। এরপর থেকে ২২ গজ থেকে অনেকটাই দূরে পন্থ। আইপিএল, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, এশিয়া কাপ এমনকি বিশ্বকাপেও ভারতীয় দলের বাইরে থাকতে হয়েছে পন্থকে। মনে করা হচ্ছে ২০২৪ সালের শুরুতে মাঠে ফিরতে পারবেন ঋষভ। তারআগে দিল্লি ক্যাপিটালস দলের শিবিরে যোগ দিলেরন ভারতীয় দলের তারকা ক্রিকেটার।
বুধবার থেকে কলকাতায় শুরু হয়েছে দিল্লি ক্যাপিটালসের শিবির। সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বসেছে দিল্লি দলের আসর। আজ বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসের ওই প্রস্তুতি শিবিরে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার ঋষভ পন্থ। প্রথমদিন অবশ্য কোনও অনুশীলন করেননি ঋষভ। দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় আর কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে ঋষভ পন্থ আড্ডা দেন কিছুক্ষণ।

বুধবার থেকে শুরু হয়েছে চার দিনের শিবির। সেই শিবিরে ডাকা হয়েছে বাংলার একাধিক ক্রিকেটারদের। ট্রায়ালে ডাকা হয়েছে ঈশান পোড়েল, সুদীপ কুমার ঘরামি, ঋত্বিক রায়চৌধুরী, কৌশিক মাইতিদের। যোগ দিয়েছেন মুকেশ কুমারও। চলতি বছরে আইপিএলের আগেও বেশ কয়েকবার দিল্লি দলের ট্রায়াল এবং শিবির হয়েছিল কলকাতাতেই।
কিন্তু আইপিএলে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করেত পারেনি দাদার দল। এবার অন্য দলগুলির তুলনায় আগেই মাঠে নেমে পড়েছে দিল্লি। তবে আপাতত সব নজর পন্থের দিকে। পন্থকে নিয়ে সৌরভ বলেন, ঋষভ এসেছিল। কথা হয়েছে। টিম নিয়েই কথা হয়েছে। ও তো ক্যাপ্টেন। অকশন নিয়েও কথা হচ্ছিল। ওর কন্ডিশন ঠিক আছে। কয়েকদিনের মধ্যেই আশা করছি অনুশীলন শুরু করবে।
একইসঙ্গে সৌরভ উল্লেখ করেছেন, পন্থ আগামী বছর আইপিএলে খেলবেন এবং নেতৃত্বের দায়িত্বেও থাকবেন। শুক্র এবং শনিবার দুটি অনুশীলন ম্যাচ রয়েছে দিল্লি দলের। তবে এই দুটি ম্যাচে পন্থ খেলবেন কিনা তা এখনও চূড়ান্ত নয়।












Click it and Unblock the Notifications