ঋষভ পন্থকে টি ২০ ক্রিকেটে ওপেনার হিসেবে দেখতে চান এই ভারতীয় তারকা উইকেটরক্ষক
ঋষভ পন্থকে টি ২০ ক্রিকেটে ওপেনার হিসেবে দেখতে চান এই ভারতীয় তারকা উইকেটরক্ষক
সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে ভারতের জার্সিতে প্রত্যাশা মতো পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন ঋষভ পন্থ। অনেকেই মনে করছেন ঋষভের ব্যর্থতার পিছনে রয়েছে দলে তাঁর ব্যাট হাতে দায়িত্ব কী হবে তা এখনও পরিষ্কার নয় এবং সেই কারণেই ঋষভ সুযোগ পেয়েও নিজেকে মেলে ধরতে পারছেন না। একটা নির্দিষ্ট ব্যাটিং পজিশন নেই তাঁর ভারতের দলে। কখনওই উপরে আসছেন ব্যাটিং করতে আবার নিচে ব্যাটিং করানো হচ্ছে। টি২০ বিশ্বকাপে মাত্র দু'টি ম্যাচেই তাঁকে সুযোগ দেওয়া হয়। সুপার ১২-এ জিম্বাবোয়ের বিরুদ্ধে এবং সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে সুযোগ পান ঋষভ।

টি ২০ বিশ্বকাপে জাতীয় দলের প্রথম একাদশে জায়গা পাওয়ার ক্ষেত্রে ঋষভের প্রধান প্রতিদ্বন্দ্বী দীনেশ কার্তিক পন্থকে দিয়ে ওপেন করানোর পক্ষে সাওয়াল করলেন। ক্রিকবাজকে কার্তিক বলেছেন, "একটা বিষয় নিশ্চিত ভাবে আমরা জানি সেটা হল শট খেলার ক্ষমতা রয়েছে ঋষভ পন্থের। ফিল্ডাররা যখন ওপরের দিকে থাকে তখন পাওয়ার প্লে-র সুবিধা নিতে পারে ও। ওকে ওপেনিংস করার সুযোগ দেওয়া উচিৎ। পরিসংখ্যানও সেই কথা বোঝাচ্ছে। ওর স্ট্রাইক রেট সর্বোচ্চ থাকে যখন ওপেন করে। বোলারদের চাপে রাখতে ও পছন্দ করে।"
কার্তিকের আরও সংযোজন, "এটা দেখার বিষয় হবে যে ঋষভ পন্থকে কোন পজিশনে ওরা (টিম ম্যানজমেন্ট) ব্যাটিং করায়। টিম ইন্ডিয়ার কাছে বড় প্রশ্ন ওরা কী ভাবে ব্যবহার করবে ঋষভ পন্থকে এবং আমি মনে করি ব্যাটিং অর্ডারের শীর্ষেই ওকে দেখতে পাব এবং নিজের দক্ষতার পরিচয় দেওয়ার জন্য বেশি বল খেলার সযোগ পাবে ও। আমি মনে করি টেস্ট ক্রিকেটে নিজের জায়গা পাকা করে নিয়েছে ঋষভ পন্থ এবং ওডিআই ক্রিকেটের ক্ষেত্রেও অনেকটা। টি২০ ক্রিকেটে ফ্রাঞ্চাইজির জন্য অন্য পজিশনে ব্যাটিং করছে ও এবং ভারতীয় দলে এসে একটা অন্য পজিশনে ব্যাটিং করতে হচ্ছে। ওরা চেষ্টা করছে ওকে কোন জায়গায় ব্যাটিং করানো যায় সেটা খুঁজে বের করার। যখন আপনার কাছে বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া রয়েছে তখন ঋষভ পন্থকে কোথায় ফিট করবেন? আমাদের বামহাতি ব্যাটসম্যান প্রয়োজন কিন্ত তাকে কোথায় খেলাব? সূর্যকুমারের বিষয়ে আশা করি কথা উঠবে না কারণ এই ফরম্যাটে বিশ্বের সেরা খেলোয়াড় ও। ফলে ৫ নম্বরে আমরা পন্থকে খেলাচ্ছি।"
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজে ভারতের দলে রয়েছেন ঋষভ পন্থ। এই বাম হাতি ক্রিকেটারকে টি ২০ সিরিজের সহ অধিনায়কও করা হয়েছে, যেখানে রোহিত শর্মার অনুপস্থিতিতে অধিনায়কত্ব করছেন হার্দিক পাণ্ডিয়া। বৃষ্টির কারণে সিরেজের প্রথম ম্যাচটি ভেস্তে যায় ওয়েলিংটনে। সিরিজের দ্বিতীয় ম্যাচটি খেলা হবে ২০ নভেম্বর (রবিবার) বে ওভালে।












Click it and Unblock the Notifications