Ind Vs Eng: হেডিংলে টেস্টের দুই ইনিংসেই শতরান ঋষভ পন্থের, ইংল্যান্ডের বিরুদ্ধে গড়লেন নয়া রেকর্ড
এভাবেও ফিরে আসা যায়। ঋষভ পন্থ বারবার যেন সেই প্রমাণই দিয়ে চলেছেন নিজের ক্রিকেটের মাধ্যমে। দুর্ঘটনার পর ফিরে এসে অনেক মনে রাখার মতো ঘটনা ঘটিয়েছেন। ইংল্যান্ডেও সেই পরম্পরা বজায় রাখলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৭৮ বলে ১৩৪ রান করার পর, দ্বিতীয় ইনিংসে ১৪০ বলে ১১৮ রান করে ঋষভ পন্থ ইংল্যান্ডের মাটিতে ইতিহাস সৃষ্টি করলেন।
টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে উইকেটকিপার-ব্যাটার হিসেবে তিনিই দ্বিতীয় ব্যক্তি যিনি একই টেস্ট ম্যাচে দুই ইনিংসে শতরান করলেন। ইংল্যান্ডের মাটিতে এই কৃতিত্ব অর্জন করা প্রথম ভারতীয় ব্যাটারও তিনি। তার চেয়েও বড় কথা এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে কেএল রাহুলের সঙ্গে জুটি বেঁধে দলকে টেনে তুলে জয়ের দিকে এগিয়ে নিয়ে গেলেন, যার তুলনা ক্রিকেটীয় পরিভাষায় দুর্মূল্য। আর সেজন্যই পন্থের শতরানের পর অনাবিল আনন্দে মেতে উঠলেন স্বয়ং কিংবদন্তি সুনীল গাভাসকর। হাত নেড়ে পন্থকে সমারসল্ট দিতে অনুরোধ করতে থাকেন গাভাসকর। পন্থ সাধারণত শতরানের পর ইদানিং সমারসল্ট দিতে শুরু করেছেন। তবে ক্রিকেটীয় গুরুত্ব বুঝে সম্ভবত সমারসল্ট তুলে রাখলেন জয়ের পর দেবেন বলে। হাত নেড়ে গাভাসকরকে সশ্রদ্ধার মানাও করে দিলেন মাঝমাঠ থেকে।

ঋষভ পন্থই প্রথম উইকেটকিপার যিনি ইংল্যান্ডে একই ম্যাচে সেঞ্চুরি এবং অন্য ইনিংসে ৫০-এর বেশি রান দু'বার করেছেন। এর আগে ২০২২ সালের এজবাস্টন টেস্ট ম্যাচে তিনি ১৪৬ এবং ৫৭ রান করেছিলেন। হেডিংলেয় প্রথম ইনিংসে পন্থ ছয়টি ছয় মেরেছিলে। তবে এদিন দ্বিতীয় ইনিংসে আক্রমণাত্মক খেললেও তিনটি ছয় মেরেছেন, চার মেরেছেন ১৫টি।
বিসিসিআই পন্থের শতরানের পরই এক্স হ্যান্ডলে লেখে, 'টেস্টের ইতিহাসে উইকেটকিপার হিসেবে দুই ইনিংসে সেঞ্চুরি করা ক্রিকেটাররা হলেন অ্যান্ডি ফ্লাওয়ার (১৪২ ও ১৯৯*) বনাম দক্ষিণ আফ্রিকা, হারারে, ২০০১ এবং ঋষভ পন্থ (১৩৪ ও ১০০*) বনাম ইংল্যান্ড, হেডিংলি, ২০২৫। পন্থ প্রথম ভারতীয় যিনি ইংল্যান্ডের মাটিতে টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করলেন। দলের সহ অধিনায়কের কাছে সিরিজের শুরুতেই দুর্দান্ত ব্যাটিংয়ের প্রদর্শন দেখা গেল।'
এদিন ওপেনার কেএল রাহুল এবং ঋষভ পন্থ দুজনেই দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন। এদের দৌলতে ভারত প্রথম টেস্টের চতুর্থ দিনে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে সাড়ে তিনশো রানের গণ্ডী পেরিয়ে গিয়েছে। দিনের শুরুতেই শুভমান গিল (১৬ বলে ৮ রান) তাড়াতাড়ি আউট হয়ে গেলেও, রাহুল এবং পন্থের ১৯৫ রানের পার্টনারশিপ ভারতকে ম্যাচে ফিরিয়ে আনে। রাহুল শেষ অবধি ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে ফেরেন।












Click it and Unblock the Notifications