টি ২০ বিশ্বকাপে বিরাট কোহলির অভিজ্ঞতা কোন ক্ষেত্রে সর্বাধিক কার্যকরী? খোলসা করলেন পন্থ
টি ২০ বিশ্বকাপে রবিবার মেলবোর্নে ভারত-পাকিস্তান ম্যাচ। গত বছর টি ২০ বিশ্বকাপে পাকিস্তানের কাছে প্রথম ম্যাচে হেরেই ব্যাকফুটে চলে গিয়েছিল ভারত, শেষ অবধি নক আউটে যেতে পারেনি। সেই ম্যাচ-সহ গত তিনটি সাক্ষাতে ভারত দুটি ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে। এবার বদলার ম্যাচে রোহিত শর্মার দল নামতে চলেছে রীতিমতো কোমর বেঁধে। হিটম্যান চাইছেন সতীর্থরা রিল্যাক্সড থেকে পরিকল্পনামাফিক খেলে দলকে জেতান। আত্মবিশ্বাসী তাঁর সতীর্থরাও।

পন্থের ফোকাস পাকিস্তান ম্যাচ
ভারতের প্রথম একাদশে ঋষভ পন্থ ও দীনেশ কার্তিক একসঙ্গে থাকবেন কিনা স্পষ্ট নয়। তবে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে নিজের মতামত ব্যক্ত করলেন পন্থ। তিনি বলেন, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ সব সময়ই স্পেশ্যাল। এই ম্যাচটিকে ঘিরে অন্য রকমের হাইপ থাকে। ক্রিকেটারদের পাশাপাশি ক্রিকেটপ্রেমী-সহ সকলেরই প্রচুর আবেগ থাকে। সবমিলিয়ে একটা আলাদা ধরনের অনুভূতি, আলাদা রকমের আবহ তৈরি হয়। পশ্চিম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচেই ৯ রানের বেশি করতে পারেননি পন্থ। এখন দেখার তিনি রবিবারের ম্যাচের একাদশে থাকেন কিনা।

আলাদা আবহ, অন্যরকম অভিজ্ঞতা
পন্থ আরও বলেন, এই ম্যাচ খেলতে যখন মাঠে যাই এবং খেলতে নামি স্টেডিয়ামজুড়ে দর্শকদের উচ্ছ্বাসই অন্যরকমের আবহ তৈরি করে দেয়। একদম আলাদা একটা পরিবেশ। মাঠে দাঁড়িয়ে জাতীয় সংগীত গাওয়ার সময়ে শিহরণ জাগে। উল্লেখ্য, পন্থ পাকিস্তানের বিরুদ্ধে দুটি টি ২০ আন্তর্জাতিক খেলেছেন। মোট রান ৫৩। গত বছর টি ২০ বিশ্বকাপে ৩০ বলে ৩৯ রানের ইনিংস খেলেছিলেন। দুটি করে চার ও ছয় মারেন। এরপর গত এশিয়া কাপে ১২ বলে ১৪ রান করে সাজঘরে ফিরেছিলেন পন্থ।

আগের বিশ্বকাপে
গত বিশ্বকাপে ভারত পাকিস্তানের বিরুদ্ধে ৫.৪ ওভারে ৩১ রানের মধ্যেই হারিয়েছিল রোহিত শর্মা, লোকেশ রাহুল ও সূর্যকুমার যাদবের উইকেট। বিরাট কোহলির সঙ্গে পন্থের চতুর্থ উইকেট জুটিতে উঠেছিল ৫৩ রান। সেই ম্যাচের প্রসঙ্গ টেনে পন্থ বলেছেন, মনে আছে একই ওভারে হাসান আলির বলে দুটি ছক্কা মেরেছিলাম। প্রথমদিকে দ্রুত উইকেট হারানোয় আমি ও বিরাট চেষ্টা করছিলাম রান তোলার গতি বাড়ানোর। এক হাতে ছক্কাও হাঁকিয়েছিলাম। এটা আমার স্পেশ্যাল শট।

বিরাট যখন শিক্ষক
এই ইনিংস খেলার ফাঁকে বিরাট কোহলি যেভাবে তাঁর মনোবল বাড়িয়েছিলেন সে কথাও উল্লেখ করেছেন ঋষভ পন্থ। তিনি বলেন, কঠিন পরিস্থিতির মধ্যে থেকে কীভাবে খেলা উচিত সেটা বিরাট কোহলির কাছ থেকে শেখা যায়। তা যে কোনও ক্রিকেটারের কেরিয়ার এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে খুবই কার্যকরী। বিরাটের সঙ্গে ব্যাটিং করতে সব সময়ই ভালো লাগে। তাঁর বিপুল অভিজ্ঞতা রয়েছে। কীভাবে ম্যাচটিকে এগিয়ে নিয়ে যেতে হবে, প্রতি বলে রান নিয়ে কীভাবে প্রতিপক্ষের উপর চাপ তৈরি করা যায়, এই সব বিষয়ে বিরাটের সঙ্গে ব্যাটিং করার সময় অনেক কিছু শিক্ষণীয় বলে মন্তব্য করেছেন পন্থ।












Click it and Unblock the Notifications