দেশের মাটিতে ভারতের অনন্য নজিরের ফাঁকেই ধোনিকে কীভাবে টপকে গেলেন ঋষভ পন্থ?
শ্রীলঙ্কাকে চূর্ণ করে এখন ভারতীয় ক্রিকেটাররা মিশন আইপিএলে। আইপিএল শুরু ২৬ মার্চ। তার আগে দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট মরশুমটাই সেরা গেল ভারতের পক্ষে। ১৬টি ম্যাচে জয় এসেছে ১৫টিতে। টেস্ট সিরিজ জয় দেশের মাটিতে টানা ১৫টি। ঋষভ পন্থও পিছনে ফেললেন মহেন্দ্র সিং ধোনিকে।
|
অপরাজেয় ভারত
টি ২০ বিশ্বকাপে বিপর্যয়ের পর দেশের মাটিতে ভারতের প্রথম সিরিজ ছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজ। সেই সিরিজের সব কটি ম্যাচই ভারত জেতে। কানপুর টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন অজিঙ্ক রাহানে। অল্পের জন্য সেই টেস্টে জয় আসেনি। তবে মুম্বইয়ে বিরাট কোহলির নেতৃত্বে টেস্ট জিতে ভারত ১-০ ব্যবধানে হারিয়েছিল আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়নদের।

অনন্য নজির
দক্ষিণ আফ্রিকা সফরে বিরাট কোহলি ও লোকেশ রাহুলের নেতৃত্বে ভারতের ভরাডুবির পর রোহিত শর্মা পাকাপাকিভাবে তিন ফরম্যাটে দেশের অধিনায়ক হন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ও টি ২০ আন্তর্জাতিক সিরিজের সব কটি ম্যাচেই জয়। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ আন্তর্জাতিক ও টেস্ট সিরিজেও ক্লিন স্যুইপ রোহিত শর্মার ভারতের। দেশের মাটিতে কোনও মরশুমে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নিরিখে ভারত রইল অস্ট্রেলিয়ার পরেই। ২০০৯-১০ মরশুমে অস্ট্রেলিয়া দেশের মাটিতে ১৯টি ম্যাচ খেলে জিতেছিল ১৭টিতে। একটি ড্র ও একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। তারপর রইল ভারতের এই নজির।

দেশের মাটিতে সাফল্য
সব ফরম্যাট মিলিয়ে সাফল্যের শতকরা হারের নিরিখে ভারতের এই মরশুমটাও অস্ট্রেলিয়ার পরেই দ্বিতীয় স্থানে। ২০০০-০১ মরশুমে অস্ট্রেলিয়া দেশের মাটিতে ১৫টি ম্যাচে সব কটিতেই জিতেছিল। ভারত ১৬টির মধ্যে জিতল ১৫টি, সাফল্যের হার ৯৩.০৭ শতাংশ। তৃতীয় ও চতুর্থ স্থানেও অস্ট্রেলিয়া। ১৯৯৯-২০০০ মরশুমে হোম সিরিজে অস্ট্রেলিয়া ১৬টির মধ্যে ১৫টিতে জিতেছিল, একটি পরাজয়, জয়ের হার ৯৩.০৭ শতাংশ। তারপর ২০০৯-১০ মরশুমে ১৯টি ম্যাচে ১৭টি জয়, ড্র ও পরিত্যক্ত মিলিয়ে ২টি, সাফল্যের হার ৮৯.০৪ শতাংশ।

নজিরবিহীন ঘটনা
বেঙ্গালুরু টেস্টের দ্বিতীয় দিন দ্বিতীয় সেশনেই ৪৪৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করেছিল ভারত। এটাও বিশ্বরেকর্ড। এর আগে ১৯৭৪ সালে অকল্যান্ড টেস্টে দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে অজিদের লিড ছিল ৪৩৯ রানের। সেটিকে ছাপিয়ে গিয়েছে রোহিতের ভারত।

পন্থের পিছনে ধোনি!
ঋষভ পন্থের আগে কোনও ভারতীয় উইকেটকিপার টেস্ট সিরিজে ম্যান অব দ্য সিরিজ হননি। পন্থ তাই পিছনে ফেললেন তাঁর আইডল মহেন্দ্র সিং ধোনিকে। অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট টেস্ট সিরিজে তিনবার ম্যান অব দ্য সিরিজ হয়েছিলেন। ২০০১-০২ মরশুমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে, ২০০৪-০৫ মরশুমে ট্রান্স-তাসমান ট্রফি এবং ২০০৫ সালে আইসিসি টেস্ট ম্যাচের সুপার সিরিজে, যেটিতে অস্ট্রেলিয়া খেলেছিল আইসিসি বিশ্ব একাদশের বিরুদ্ধে। পন্থ বেঙ্গালুরুতে কপিল দেবের রেকর্ড ভেঙে ২৮ বলে অর্ধশতরান করেন। সিরিজে ১৮৫ রান করার পাশাপাশি উইকেটের পিছনে তাঁর ৮টি শিকারও রয়েছে। তাঁর কিপিং ও ব্যাটিংয়ের প্রশংসা করেছেন খোদ অধিনায়ক রোহিত শর্মা।












Click it and Unblock the Notifications