IPL 2021: রাজস্থান রয়্যালসকে হারিয়েই শেষ চারে জায়গা পাকা করতে চায় দিল্লি ক্যাপিটালস
আইপিএলের দ্বিতীয়ার্ধে কালই প্রথম ডাবল হেডার। প্রথম ম্যাচে আবু ধাবিতে ভারতীয় সময় বিকেল সাড়ে তিনটেয় আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা (চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচের ফলাফলের আগে) দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হবে পাঁচে থাকা রাজস্থান রয়্যালসের। প্রথম সাক্ষাতে ঋষভ পন্থের দলকে তিন উইকেটে হারিয়েছিল সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থান।

পারস্পরিক দ্বৈরথে
দিল্লি ডেয়ারডেভিলস হোক বা দিল্লি ক্যাপিটালস, আইপিএলে একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি দিল্লি। এবার ঋষভ পন্থের দল যে ছন্দে রয়েছে তাতে খেতাবের আশা করতেই পারেন সমর্থকরা। ব্যাটিং বিভাগ যেমন শক্তিশালী তেমনই কাগিসো রাবাডা ও এনরিখ নর্টজে (এনরিখ নরকিয়া, Anrich Nortje)-র আগুনে পেস সমস্যায় ফেলছে ব্যাটসম্যানদের। কালকের ম্যাচে জিতলেই প্লে অফ নিশ্চিত করে ফেলবে দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালসের মতোই আইপিএলের দ্বিতীয়ার্ধে প্রথম ম্য়াচে জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কার্তিক ত্যাগীর শেষ ওভারের দুরন্ত বোলিংয়ে ম্যাচ জিতে আইপিএলের পয়েন্ট তালিকার পাঁচে উঠে আসে রাজস্থান রয়্যালস। দিল্লি ও রাজস্থান আইপিএলে পরস্পরের মুখোমুখি হয়েছে ২৩ বার। ১২টিতে রাজস্থান রয়্যালস জিতেছে, ১১টিতে দিল্লি ক্যাপিটালস বা দিল্লি ডেয়ারডেভিলস। গত বছর দুবাই ও শারজায় দ্বৈরথ-সহ শেষ ৬টি সাক্ষাতে ৫টিতেই জিতেছে দিল্লি (তার মধ্যে চারটিতে দিল্লি ক্যাপিটালস ও একটিতে দিল্লি ডেয়ারডেভিলস)।

দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য দল
দুই দলের প্রথম একাদশেই পরিবর্তনের সম্ভাবনা কম। তবে মার্কাস স্টইনিসের খেলার বিষয়টি নির্ভর করবে স্ক্যান রিপোর্টের উপর। আগের ম্যাচে মাত্র সাতটি বল করার পরই মাঠ ছাড়তে হয়েছিল স্টইনিসকে। তাঁর কাফ ইনজুরি রয়েছে বলে জানা গিয়েছে। যদিও নর্টজে আজ সাংবাদিক সম্মেলনে বলেছেন, স্টইনিস ভালোই আছেন, আশা করি খেলতে অসুবিধা হবে না। তাঁর সঙ্গে কথা হয়েছে। তবু স্ক্যান রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। দিল্লি ক্যাপিটালস সূত্রে খবর, স্টইনিস ফিট না হলে স্টিভ স্মিথকে খেলাতে পারে রিকি পন্টিংয়ের প্রশিক্ষণাধীন দল। টম কারান বা বেন ডোয়ারশুইসকে খেলানোর ভাবনাও রয়েছে দিল্লির। প্লে অফ প্রায় পাকা হয়ে যাওয়ায় কাউকে বসিয়ে ললিত যাদবকেও সুযোগ দেওয়া হতে পারে। দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ- পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), মার্কাস স্টইনিস বা স্টিভ স্মিথ, শিমরন হেটমায়ার, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাডা, এনরিখ নর্টজে (এনরিখ নরকিয়া, Anrich Nortje), আবেশ খান। আর ৫৬ রান করলেই দিল্লি ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় বীরেন্দ্র শেহওয়াগকে টপকে যাবেন পন্থ।

রাজস্থান রয়্যালসের একাদশ অপরিবর্তিত থাকতে পারে
রাজস্থান রয়্যালসকে কিছুটা অস্বস্তিতে রাখছে ক্রিস মরিসের ফর্ম। আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার আগের ম্যাচে ব্যাট হাতে রান পাননি, বল হাতেও ওভারপিছু প্রায় ১২ রান দিয়েছেন। দিল্লি ম্যাচে তাঁকে চেনা ছন্দে পেতে চাইছে রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ- এভিন লুইস, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, মহীপাল লমরর, রিয়ান পরাগ, রাহুল তেওয়াটিয়া, ক্রিস মরিস, চেতন সাকারিয়া, কার্তিক ত্যাগী ও মুস্তাফিজুর রহমান। আইপিএলের প্রথমার্ধে টানা পাঁচটি ম্যাচ জেতা দিল্লি ক্যাপিটালসের বিজয়রথ থামিয়েছিল রাজস্থান রয়্যালস। ফের তার পুনরাবৃত্তি ঘটাতে শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে ডেথ বোলিংয়ে আরও কৃপণ হতেই হবে স্যামসনের দলের বোলারদের।












Click it and Unblock the Notifications