Rishabh Pant: আইপিএলে ব্যাটিংয়ের পাশাপাশি কিপিং করতেও তৈরি? ঋষভ পন্থ দিলেন বিরাট ইঙ্গিত
Rishabh Pant: ঋষভ পন্থের যে আইপিএলে খেলার সম্ভাবনা রয়েছে সে কথা প্রথম ওয়ানইন্ডিয়া বাংলায় জানিয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের মেন্টর সৌরভ গঙ্গোপাধ্যায়।
পরে হেড কোচ রিকি পন্টিংও আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে একই ইঙ্গিত দেন। তাঁর খেলার সম্ভাবনা যে উজ্জ্বল হচ্ছে সেটা এবার ভিডিও শেয়ার করে বুঝিয়ে দিলেন পন্থ।

বিশ্বকাপ চলাকালীন কলকাতায় যে দিল্লি ক্যাপিটালসের শিবির হয়েছিল সেখানে এসেছিলেন পন্থ। তাঁর ওজন বৃদ্ধি দেখে অনেকেই সংশয়ী ছিলেন পন্থের পক্ষে আদৌ এবারের আইপিএলে খেলাও সম্ভব হবে কিনা তা নিয়ে। এখনও পুরোপুরি নিশ্চয়তা যে মিলেছে তা নয়। তবে চান্স আছে।
পন্থ বারেবারেই টিম ম্যানেজমেন্টকে জানিয়েছিলেন আইপিএল খেলতে তিনি আত্মবিশ্বাসী। নিলামের সময় হাজিরও হয়েছিলেন। ২০২২ সালের ডিসেম্বরে গাড়ি দুর্ঘটনায় বরাতজোরে রক্ষা পেলেও তারপর থেকেই তিনি মাঠের বাইরে। পায়ের লিগামেন্টেও ছিল গুরুতর চোট। অপারেশন করাতে হয়।
এরই মধ্যে আজ বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়, পন্থ আইপিএলে খেললেও ব্যাটার হিসেবেই খেলবেন। উইকেটকিপিং অন্য কেউ করবেন। এমনিতেও ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম রয়েছে, ফলে সেটা অসুবিধার নয়। পন্থ আলুরে একটি ওয়ার্ম আপ ম্যাচ খেলেছেন বলেও দাবি করা হয়।
যদিও আজ সন্ধ্যার পর ইঙ্গিতবাহী পোস্ট শেয়ার করেছেন পন্থ। ভিডিও পোস্ট করে সেখানে লেখা, প্রগ্রেসিং। অর্থাৎ তাঁর ফিটনেসের যে ক্রমেই উন্নতি হচ্ছে সেটা বোঝাতে সাবলীলভাবে উইকেটকিপিং প্র্যাকটিসের ছবি শেয়ার করেছেন। ব্যাটিংয়ের ভিডিও শেয়ার করেছেন।
এই ভিডিওতে স্বভাবসিদ্ধভাবেই তাঁকে ড্রাইভ, পুল মারতে দেখা গিয়েছে। সম্প্রতি বেঙ্গালুরুতে ভারতীয় দলের নেটেও ব্যাট করতে দেখা গিয়েছিল পন্থকে। এদিন ভিডিও পোস্ট করে তিনি যেটা বোঝাতে চেয়েছেন তা হলো, শুধু ব্যাটার হিসেবে খেলার প্রশ্নই নেই। কিপিং করতেও তাঁর অসুবিধা হবে না।
যদিও পন্থের প্রত্যাবর্তনের বিষয়টি নির্ভর করবে ন্যাশনাল ক্রিকেট আকাদেমির বিশেষজ্ঞদের রিপোর্টের উপরই। সম্প্রতি দিল্লি ক্যাপিটালসের হেড কোচ রিকি পন্টিং বলেন, পন্থ আত্মবিশ্বাসী এবার আইপিএল খেলার ব্যাপারে। তবে কোন ভূমিকায় তাঁকে পাওয়া যাবে তা স্পষ্ট নয়। তবে সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুশীলনের ছবি দেখে ভালোই মনে হচ্ছে।
আইপিএল শুরু হবে মার্চের ২২ তারিখ। ফলে সময় বলতে মাস খানেক। পন্টিং বলেছেন, জিজ্ঞাসা করলে পন্থ ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটকিপিংয়ের বিষয়েও রাজি হয়ে যাবেন। তাঁকে চার নম্বরেই খেলানোর ভাবনাও রয়েছে। গত বছর অধিনায়ককে দল মিস করেছিল। এবার যাতে তাঁকে পুরোদমে পাওয়া যায় সেটাই সকলে চাইছেন বলে জানান পন্টিং। সবদিক যাচাই করেই পন্থকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।












Click it and Unblock the Notifications