Rishabh Pant: ঋষভ পন্থ বাদ, নাকি বিশ্রামে? সাদা বলের সিরিজের ভারতীয় দলে না থাকার কারণ কী?
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ আন্তর্জাতিক ও একদিনের আন্তর্জাতিক সিরিজের দল বেছে নিয়েছেন ভারতীয় নির্বাচকরা। দুটি দলেই ঠাঁই হয়নি ঋষভ পন্থের। বাংলাদেশ সফরেও পন্থকে আচমকা একদিনের সিরিজ থেকে ছুটিতে পাঠানো হয়েছিল। তবে টেস্টে খেলেন। স্বাভাবিকভাবেই পন্থের সাদা বলের সিরিজে থাকা বাদ, বিশ্রাম, না অন্য কিছু তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

পন্থ, রাহুল দলে নেই
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ ও একদিনের সিরিজে ঈশান কিষাণকে রাখা হয়েছে। একদিনের দলে কিষাণের সঙ্গে উইকেটকিপার হিসেবে লোকেশ রাহুলকে রাখা হয়েছে। বিসিসিআই যে প্রেস রিলিজ পাঠিয়েছে তাতে কোথাও পন্থের দলে না থাকার কারণের উল্লেখ নেই। যদিও এই দল ঘোষণার আগে থেকেই বিভিন্ন মহল থেকে খবর আসছিল, পন্থ ও রাহুলকে ভারতের টি ২০ দল থেকে বাদ দেওয়া হবে। রাহুলের না থাকার কারণ হতে পারে বিয়ে। জানুয়ারিতে আথিয়া শেট্টির সঙ্গে সাত পাকে বাঁধা পড়ার কথা লখনউ সুপার জায়ান্টস অধিনায়কের। কিন্তু পন্থকে নিয়ে তাই চর্চা চলছেই।
|
ফিটনেস সমস্যা?
ঋষভ পন্থ বাংলাদেশ থেকে সোজা দুবাই চলে গিয়েছিলেন। সেখানে মহেন্দ্র সিং ধোনির পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে তাঁকে দেখাও গিয়েছে ভাইরাল ছবিতে। যদিও বিসিসিআই সূত্রে খবর, পন্থকে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে যেতে বলা হয়েছে। সেখানে তাঁর স্ট্রেংথ ও কন্ডিশনিং সংক্রান্ত রিহ্যাব চলবে। বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর আগের দিন পন্থ দেশে ফিরে এসেছিলেন। ফিটনেসজনিত কারণেই তখন তিনি দেশে ফেরেন বলে সূত্রের খবর।

রিহ্যাব হবে বেঙ্গালুরুতে
বিসিসিআই সূত্রে খবর, পন্থকে এনসিএতে যেতে বলা হয়েছে হাঁটুর জোর বা কর্মক্ষমতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় রিহ্যাবের কারণে। দুই সপ্তাহ ধরে রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম চলার কথা। সে কারণেই তিনি শ্রীলঙ্কা সিরিজে খেলতে পারবেন না বলে দাবি করছে সংবাদসংস্থা পিটিআই। ঋষভ পন্থ অবশ্য বাংলাদেশে দুই টেস্টের সিরিজে খেলেছিলেন। ভারত ওই সিরিজ জিতেছে ২-০ ব্যবধানে। ফেব্রুয়ারি-মার্চে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে যাতে পন্থের ফিটনেস সংক্রান্ত কোনও সমস্যা না হয় সে কারণেই এই রিহ্যাবের বন্দোবস্ত বলে জানা যাচ্ছে।

ছন্দহীন ঋষভ
তবে ঋষভ পন্থ শুধু যে রিহ্যাবের কারণেই টি ২০ দলে নেই, সেটা অনেকে মানছেন না। দেশের হয়ে টি ২০-তে প্রত্যাশিত পারফরম্যান্স উপহার দিতে পারেননি পন্থ। তাছাড়া ঈশান কিষাণ, সঞ্জু স্যামসনদের ফর্ম পন্থের উপর চাপ বাড়াতে থাকে। ২০২২ সালে পন্থ ২৫টি টি ২০ আন্তর্জাতিক খেলেছেন, ৩৬৪ রান করেছেন, গড় ২১.৪১। স্ট্রাইক রেট ছিল ১৩০-এর সামান্য বেশি, মাত্র একটিই অর্ধশতরান করেছেন। চলতি বছর পন্থ ১২টি একদিনের আন্তর্জাতিক খেলেছেন, রান করেছেন ৩৩৬। একটি শতরান ও দুটি অর্ধশতরান করেছেন। ব্যাটিং গড় ৩৭.৩৩। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজে পন্থ কামব্যাক করেন কিনা তার জন্য অপেক্ষা করতেই হবে। তাতে বোঝা যাবে টি ২০ ও একদিনের আন্তর্জাতিকে পন্থের ভবিষ্যৎ।












Click it and Unblock the Notifications