India vs Bangladesh: জয়ের সঙ্গেই একাধিক রেকর্ড গড়ল ভারত, ভালো খেলার জন্য রিঙ্কু কৃতিত্ব দিলেন কাদের?
দিল্লিতে দ্বিতীয় টি২০ ম্যাচে বাংলাদেশকে হেলায় হারিয়ে টি২০ সিরিজের ফয়শালা করে নিয়েছে টিম ইন্ডিয়া। এবার হায়দরাবাদে ভারতীয় দলের লক্ষ্য হোয়াইটওয়াশ। রাজধানীতে শুধু বাংলাদেশকে হারানোই নয় একইসঙ্গে বেশ কিছু রেকর্ডও গড়ল ভারতীয় দল।
দ্বিতীয় টি২০ ম্যাচে ভারতীয় দল বাংলাদেশকে ৮৬ রানে হারিয়েছে। এই ম্যাচে মোট সাত বোলারকে ব্যবহার করেন অধিনায়ক সূর্যকুমার যাদব। এই সাত বোলার প্রত্যেকেই উইকেট নেন। এমন নজির ভারতীয় ক্রিকেটে আগে কখনও ছিল না। দ্বিতীয় টি২০ ম্যাচে আরশদীপ সিংহ, নীতীশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, অভিষেক শর্মা, মায়াঙ্ক যাদব ও রিয়ান পরাগ বল করেন ভারতের হয়ে।

এদিকে অভিনব কায়দায় বল করে নজর কাড়েন রিয়ান পরাগ। বল করার সময় তাঁর একটি পা পপিং ক্রিজের বাইরে চলে যায়, এতে নো ডাকেন আম্পায়ার। যা নিয়ে বিতর্ক চরমে। একটি পা পপিং ক্রিজের মধ্যে থাকলেও কেন নো ডাকলেন আম্পায়ার তা নিয়ে চলছে বিতর্ক।
বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে আরও দুটি রেকর্ড গড়ছে টিম ইন্ডিয়া। টি২০ ক্রিকেটে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় সর্বোচ্চ রান করল ভারত। এর আগে ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা টাইগারদের বিরুদ্ধে ২২৪ রান করেছিল টি২০ ম্যাচে। তারপরই দিল্লিতে টিম ইন্ডিয়ার করা ২২১ রান।
বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে ১৫টি ছক্কা মেরেছে ভারতীয় দল। এটাও একটা রেকর্ড। এর আগে টি-২০ ক্রিকেটে বাংলাদেশের বিরুদ্ধে আর কোনও দল এত সংখ্যায় ছক্কা মারেনি।
দুরন্ত ব্যাটিং করেছেন রিঙ্কু সিং। ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটার জানিয়েছেন, ম্যাচের পরিস্থিতি যাই হোক না কেন কোচ এবং অধিনায়ক দুজনেই আমাকে আমার স্বাভাবিক খেলার স্বাধীনতা দেন। তাঁরা আমাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন, শট নির্বাচন থেকে অন্য সব কিছুর।ফলে আমরা অনেক মুক্ত মনে খেলতে পারি।' উল্লেখ্য এই ম্যাচে কঠিন সময়ে ব্যাট করতে আসেন রিঙ্কু।












Click it and Unblock the Notifications