মূল ভরসা আইপিএল! টি ২০ বিশ্বকাপ জিততে হলে অস্ট্রেলিয়ার করণীয় কী জানালেন পন্টিং
টি ২০ বিশ্বকাপ ও তারপর অ্যাশেজের কথা ভেবে ক্রিকেট অস্ট্রেলিয়া আইপিএলের জন্য ক্রিকেটারদের ছাড়া নিয়ে দ্বিধায় ছিল। সরকারিভাবে বিসিসিআইকে এখনও জানানোও হয়নি অস্ট্রেলিয়ার যে ক্রিকেটাররা আইপিএলের বিভিন্ন দলে রয়েছেন তাঁরা সকলেই, নাকি কতজন আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরশাহীতে যাবেন। যদিও অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক তথা দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং সাফ জানিয়ে দিয়েছেন, টি ২০ বিশ্বকাপের আগে সেরা প্রস্তুতির মঞ্চই হবে আইপিএল। এই সুযোগ যেন ক্রিকেটাররা হাতছাড়া না করেন।

চিন্তায় অস্ট্রেলিয়া
ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরে গিয়ে অস্ট্রেলিয়ার চূড়ান্ত বিপর্যয়ের সম্মুখীন হয়ে সিরিজ পরাজয় গোটা পরিস্থিতিই বদলে দিয়েছে। ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ ও ২০১৫ সালের বিশ্বকাপ জেতায় ৫০ ওভারের ফরম্যাটের বিশ্বকাপে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হওয়ার নজির রয়েছে অস্ট্রেলিয়ার দখলে। কিন্তু একবারও টি ২০ বিশ্বকাপ জিততে পারেনি অজিরা। স্পিনের সামনে যেভাবে অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশের কাছে সিরিজ হেরেছে ম্যাথু ওয়েডের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া, তাতে মরুদেশে টি ২০ বিশ্বকাপ নিয়ে উদ্বেগ বেড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজে ব্যাটিং ধসের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জেতা ম্যাচ হাতছাড়া করা থেকে শুরু করে বাংলাদেশে সবচেয়ে কম স্কোর ৬২-তে অল আউট হওয়া মানতে পারছেন ক্রিকেটপ্রেমীরাও। তবুও রিকি পন্টিংয়ের আশা, সকলে ফিট ও সুস্থ থাকলে এরপরও অজিরা টি ২০ বিশ্বকাপ জিততে পারে।

পন্টিংয়ের রোড-ম্যাপ
বিশ্বকাপ জিততে হলে অস্ট্রেলিয়াকে কী করতে হবে তার গাইডলাইনও দিয়েছেন পন্টিং। যার প্রথমেই রয়েছে আইপিএল খেলা। ক্যারিবিয়ান ও বাংলাদেশ সফরের দলে থাকা রাইলে মেয়ারডিথ, ড্যান ক্রিশ্চিয়ান, মোজেস হেনরিকেস, মিচেল মার্শ, অ্যাডাম জাম্পা, অ্যান্ড্রু টাই, জোস ফিলিপ সকলেই আইপিএল দলের সঙ্গেও চুক্তিবদ্ধ। যদিও আইপিএলের প্রথমার্ধে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন মার্শ ও ফিলিপ। নাথান কুল্টার-নাইল, ক্রিস লিন, বেন কাটিংরাও রয়েছেন আইপিএলের দলে। স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, ঝাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, ড্যানিয়েল স্যামস, প্যাট কামিন্সদের মতোই। কামিন্সের স্ত্রী সন্তানসম্ভবা, তিনি কেকেআরের হয়ে খেলতে নাও আসতে পারেন। লিন, কাটিং, কুল্টার-নাইল অস্ট্রেলিয়ার নির্বাচকদের ভাবনাতেও নেই। পন্টিং বলেছেন, অস্ট্রেলিয়ার ক্রিকেটের যা গভীরতা তাতে সাম্প্রতিক পারফরম্যান্সই বলছে অস্ট্রেলিয়া কাঙ্ক্ষিত জায়গায় একেবারেই নয়। অনেক কিছু করতে হবে ঘুরে দাঁড়ানোর জন্য। আইপিএলের বিশ্বের তাবড় ক্রিকেটাররা থাকবেন। ফলে অস্ট্রেলিয়ার যে তারকারা আইপিএলের পর আর ক্রিকেট খেলেননি, তাঁদের অবশ্যই খেলা উচিত আইপিএলে। তাতে বিশ্বকাপের সেরা প্রস্তুতিই নিশ্চিত হবে।

দুর্বলতম দশা
অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চের বৃহস্পতিবারই হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে। তিনি টি ২০ বিশ্বকাপের আগে ফিটও হয়ে যাবেন বলে মনে করা হচ্ছে। অনেক অনভিজ্ঞ ক্রিকেটারকে রেখেই ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশে দল পাঠায় ক্রিকেট অস্ট্রেলিয়া। পন্টিং এসইএন রেডিওকে দেওয়া সাক্ষাতকারে বলেছেন, আমার যা মনে হচ্ছে তাতে অস্ট্রেলিয়ার দুর্বলতম অবস্থা উন্মোচিত হয়েছে এই দুটি সফরে। পন্টিং বলেন, কোনও সন্দেহ নেই দুই দেশেই চ্যালেঞ্জিং পরিস্থিতিতে ক্রিকেট খেলতে হয়েছে। যা কঠিনও ছিল। কিন্তু ওই ধরনের পিচে আরও অনুশীলন করার দরকারও ছিল। এই ধরনের পিচে কেমন খেলতে হয়, কী ধরনের স্কিল থাকা জরুরি তা বুঝে আরও আত্মবিশ্বাসী হয়ে যাতে ভবিষ্যতের সিরিজগুলিতে নামা যায় তা নিশ্চিত করতে পর্যাপ্ত অনুশীলনের পক্ষেও জোর দিয়েছেন পন্টিং।

ভরসা আইপিএল
অস্ট্রেলিয়ার যে তারকারা আইপিএলের পর বিশ্রাম নিতে চেয়ে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরের দল থেকে সরে দাঁড়িয়েছিলেন তাঁদের আইপিএল খেলা উচিত নয় বলেও মন্তব্য করেছিলেন অ্যারন ফিঞ্চ। ভাগ্যের এমন পরিহাস, টি ২০ বিশ্বকাপের আশা জিইয়ে রাখতে সেই অজি দম্ভ এখন চুরমার। ভরসা যে আইপিএলই। করোনার কারণে গত মে মাসে আইপিএল স্থগিত রাখতে হয়েছিল। আইপিএলের আগে কয়েকজন অজি ক্রিকেটার সরে দাঁড়ান। আইপিএল চলাকালীনও অ্যাডাম জাম্পারা দেশের বিমান ধরেছিলেন দুর্বল জৈব সুরক্ষা বলয়ের অভিযোগ তুলে। যদিও ক্রিকেট অস্ট্রেলিয়াও যেভাবে পন্টিংয়ের বক্তব্যকে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছে তাতে আইপিএলে অজি ক্রিকেটাররা যে আসবেনই সেটা স্পষ্ট।












Click it and Unblock the Notifications