বিরাট নন, তবে কে ভাঙতে পারেন সচিনের টেস্টে সর্বাধিক রানের রেকর্ড? ভবিষ্যদ্বাণী পন্টিংয়ের
Ricky Ponting On Joe Root: টেস্ট হোক বা একদিনের আন্তর্জাতিক। এমনকী আন্তর্জাতিক ক্রিকেট। সবেতেই সর্বাধিক রানের রেকর্ডের অধিকারী সচিন তেন্ডুলকর।
স্বাভাবিকভাবেই জল্পনা চলে মাস্টার ব্লাস্টারের কোন রেকর্ড কে ভাঙতে পারেন তা নিয়েই। এবার টেস্ট ক্রিকেট নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করলেন রিকি পন্টিং।

২০০টি টেস্টে ৩২৯ ইনিংসে ৫১টি শতরান ও ৬৮টি অর্ধশতরান-সহ ১৫,৯২১ রান রয়েছে সচিন তেন্ডুলকর। তালিকার দ্বিতীয় স্থান থেকে ক্রমান্বয়ে রয়েছেন যথাক্রমে রিকি পন্টিং (১৩,৩৭৮), জ্যাক কালিস (১৩,২৮৯), রাহুল দ্রাবিড় (১৩,২৮৮), অ্যালেস্টেয়ার কুক (১২,৪৭২), কুমার সঙ্গকারা (১২,৪০০)।
বিশ্বের সপ্তম ব্যাটার হিসেবে টেস্টে ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট। রুট ১৪৩টি টেস্টে ২৬১ ইনিংসে ১২,০২৭ রান করেছেন। রিকি পন্টিং মনে করেন, টেস্টে সচিনের সর্বাধিক রানের রেকর্ড রুটই ভাঙতে পারেন।
রুটের যা রানের খিদে এবং ধারাবাহিকতা বজায় রাখেন তাতে কুকের রান টপকাতে তাঁর বেশিদিন লাগবে না। পন্টিং আইসিসি রিভিউয়ে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, তিন হাজার রানের কিছু বেশি আর দরকার রুটের। তাঁর বয়স এখন ৩৩। ফলে সম্ভাবনা ভালোই রয়েছে।
পন্টিংয়ের হিসেব অনুযায়ী, যদি বছরে রুট ১০ থেকে ১৪টি টেস্ট খেলেন এবং ৮০০ থেকে এক হাজারের মতো রান প্রতি বছর করেন তাহলে আর তিন-চার বছরের মধ্যেই টপকে যেতে পারবেন সচিনের রেকর্ড। ফলে বয়স ৩৭ হওয়ার মধ্যেই তিনি টেস্টে সর্বাধিক রানের রেকর্ডটি নিজের দখলে নিতে পারবেন।
যদিও সেজন্য বড় শর্তও আরোপ করেছেন পন্টিং। তা হলো রানের খিদে ও ধারাবাহিকতা বজায় রাখার প্রয়োজনীয়তা। পন্টিংয়ের কথায়, রানের খিদে থাকলে রুট ওই রানে পৌঁছে যাবেন। বিগত কয়েক বছরে তাঁর খেলার ক্রমেই উন্নতি ঘটেছে।
পন্টিং বলেন, এমনিতেই বলা হয়ে থাকে কোনও ক্রিকেটারের সেরা সময় হলো তিরিশের ঘরে বয়স পৌঁছনোর পর প্রথমদিকটা। সেটা রুটের ক্ষেত্রেও দেখা যাচ্ছে। সবচেয়ে বড় যে গুণ রুটের রয়েছে তা হলো বড় ইনিংস খেলার দক্ষতা। চার-পাঁচ আগেও তিনি অনেক হাফ সেঞ্চুরি করলেও শতরানে নিয়ে যেকে পারতেন না স্কোর। কিন্তু এখন তিনি সেটা করতে পারছেন। পঞ্চাশ পার করার পর হামেশাই তিনি শতরান পাচ্ছেন। রুটের খেলায় এই বিষয়টিতে বড় পরিবর্তন এসেছে।
উল্লেখ্য, বর্তমান ক্রিকেটারদের মধ্যে টেস্টে রানের তালিকায় রুটের চেয়ে অনেকটাই পিছনে স্টিভ স্মিথ (১০৯ টেস্টে ৯৬৮৫) ও বিরাট কোহলি (১১৩ টেস্টে ৮৮৪৮)।












Click it and Unblock the Notifications