স্মরণীয় ইনিংসে রেকর্ড গড়ে মন জিতলেন রিচা ঘোষ, তবু মেয়েদের বিশ্বকাপে ভারতের জয়ের রথ থামাল দক্ষিণ আফ্রিকা
মহিলাদের বিশ্বকাপে ভারতের জয়ের রথ থামাল দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার বিশাখাপত্তনমে প্রোটিয়াদের বিরুদ্ধে ওডিআই বিশ্বকাপে প্রথমবার জয় ছিনিয়ে নেওয়ার আশা জাগিয়েও শেষরক্ষা করতে পারলেন না হরমনপ্রীত কৌররা।
ভারতকে ৭ বল বাকি থাকতে তিন উইকেটে পরাস্ত করল দক্ষিণ আফ্রিকা। এই হারের ধাক্কা সামলে রবিবার ভারতকে খেলতে হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

টস জিতে ফিল্ডিং নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। টপ ও মিডল অর্ডারের ব্যর্থতায় ২৬ ওভারে ভারত ১০২ রান তোলার ফাঁকে ছয় উইকেট হারায়। প্রতীকা রাওয়াল ৩৭, স্মৃতি মান্ধানা ২৩, হারলিন দেওল ১৩, অধিনায়ক হরমনপ্রীত কৌর ৯, জেমাইমা রডরিগেজ ০ ও দীপ্তি শর্মা ৪ রান করে আউট হন।
এরপর আটে নেমে ৭৭ বলে ৯৪ রানের ইনিংস খেলে ভারতের রান আড়াইশো পার করতে বড় ভূমিকা নেন শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ। রিচার ইনিংস সাজানো ১১টি চার ও চারটি ছয় দিয়ে। পুরুষ ও মহিলাদের ক্রিকেটে ওডিআইয়ে আটে নেমে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটি নিজের দখলে নিলেন রিচা। তাঁকে যোগ্য সঙ্গত দেন স্নেহ রানা, তিনি করেন ২৪ বলে ৩৩। রিচা ও স্নেহ ওডিআইয়ে ভারতের হয়ে অষ্টম উইকেট জুটিতে ৮৮ রান যোগ করেন, যা রেকর্ড। আমনজ্যোৎ কৌর করেন ১৩।
রিচার বিধ্বংসী ইনিংসে ভর করে ভারত ৪৯.৫ ওভারে ২৫১ রান তোলে। ক্লো ট্রায়ন তিনটি, মারিজান কাপ, নাদিন ডি ক্লার্ক ও ননকুুলুলেকো ম্লাবা দুটি করে উইকেট নেন।
জবাবে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকাও ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ১৯.৪ ওভারে ৮১ রানে পাঁচ উইকেট পড়ে গিয়েছিল। যদিও শেষ অবধি সাত উইকেট হারিয়ে ৪৮.৫ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলে প্রোটিয়ারা। আটে নেমে নাদিন ডি ক্লার্ক ৫৪ বলে ৮৪ রানে অপরাজিত থেকে ম্যাচের সেরা হন। অধিনায়ক লরা উলভার্ট ১১১ বলে ৭০ ও ট্রায়ন ৬৬ বলে ৪৯ রান করেন।
ক্রান্তি গৌড় ও স্নেহ রানা দুটি করে উইকেট নেন। আমনজ্যোৎ কৌর, শ্রী চরণী ও দীপ্তি শর্মা নেন একটি করে উইকেট। ট্রায়নের বিরুদ্ধে লেগ বিফোরের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিচা অধিনায়ককে রিভিউ নিতে সহায়তা করেন। যা সফল হয়। এই সময় অবধি ম্যাচ ভারতের হাতেই ছিল। কিন্তু ক্লার্ক আগ্রাসী ইনিংস খেলে ম্যাচ বের করে নেন। রিচার ব্যাটিংয়ের প্রশংসা করে হরমনপ্রীত বলেছেন, আশা করি রিচা এমন হিট পরের ম্যাচগুলিতেও করবেন। টপ অর্ডারের কাছ থেকে বড় রানও প্রত্যাশা করছেন কৌর।












Click it and Unblock the Notifications