রিচা-দীপ্তির দুরন্ত পারফরম্যান্স, মহিলাদের টি ২০ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় ভারতের
মহিলাদের টি ২০ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার আশা উজ্জ্বল করল ভারত। কেপ টাউনে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ৬ উইকেটে। রিচা ঘোষ ৪৪ রানে অপরাজিত থাকেন। তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা দীপ্তি শর্মা।
মহিলাদের টি ২০ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার আশা উজ্জ্বল করল ভারত। পাকিস্তানের পর এবার হরমনপ্রীত কৌররা হারিয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজের মহিলা দলকে। কেপ টাউনে ১১ বল বাকি থাকতে ভারত ম্যাচ জিতল ৬ উইকেটে। পয়েন্ট তালিকায় ভারতের অবস্থান আপাতত ইংল্যান্ডের পরেই।

ভারতের নিয়ন্ত্রিত বোলিং
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ২০ ওভারে হেইলি ম্যাথুজের দল ৬ উইকেট হারিয়ে ১১৮ রানের বেশি এগোতে পারেনি। স্টেফানি টেলর ৪০ বলে ৪২ ও শেমাইন ক্যাম্পবেল ৩৬ বলে ৩০ রান করেন। দীপ্তি শর্মা ৪ ওভারে ১৫ রান খরচ করে তিনটি উইকেট দখল করেন। রেণুকা সিং ও পূজা বস্ত্রকার নেন একটি করে উইকেট। এদিন নিয়ে টানা ১৩টি ম্যাচে পরাস্ত ওয়েস্ট ইন্ডিজ।

টানা দ্বিতীয় জয় ভারতের
জবাবে খেলতে নেমে ১৮.১ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারতের প্রমীলা বাহিনী। চোট সারিয়ে এই ম্যাচে মাঠে নেমেছিলেন স্মৃতি মান্ধানা। তিনি ৭ বলে ১০ রান করেন। জেমাইমা রডরিগেজ ১ রানে ফেরেন। শেফালি ভার্মা ২৩ বলে ২৮ রান করেন। ৭.১ ওভারে ৪৩ রানে তৃতীয় উইকেট হারানোর পর দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন হরমনপ্রীত কৌর ও রিচা ঘোষ। জয়ের চেয়ে চার রান দূরে আউট হন ভারত অধিনায়ক। তিনি ৪২ বলে ৩৩ রান করেন। পাঁচটি চারের সাহায্যে ৩২ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন রিচা ঘোষ। তিনি দারুণ ছন্দে রয়েছেন। ম্যাচের সেরা হন দীপ্তি শর্মা।

রিচার প্রশংসা হরমনপ্রীতের
রিচার সঙ্গে ৬৫ বলে ৭২ রানের মূল্যবান পার্টনারশিপ গড়া ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর বলেন, আমাদের জন্য আজ দিনটি ভালোই গেল। যা করতে চেয়েছি তার সবই হয়েছে। কয়েকটা বল এদিক-ওদিক হয়েছে। কিন্তু সামগ্রিকভাবে আমরা ভালো খেলেছি। দীপ্তির বোলিং নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে, বোলিং কোচও খুব সাহায্য করেছেন। রিচা ঘোষ অসাধারণ খেলছেন। তিনি একা ম্যাচ আমাদের পক্ষে নিয়ে আসতে সক্ষম। ব্যাটার হিসেবে রিচা বিপজ্জনক। নিজেকে দারুণভাবে তিনি মেলে ধরেন। ফলাফল নিয়ে আমরা খুশি। তবে পরের ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। ছন্দ ধরে রাখতে চাই।

ম্যাচের সেরা দীপ্তি
দীপ্তি শর্মা বলেন, দলের মিটিংয়ে যা আলোচনা হয়েছে সেই পরিকল্পনা মতোই বোলিং করেছি। ফলাফলে খুশি। এদিনই টি ২০ আন্তর্জাতিকে শততম উইকেটের মাইলস্টোন স্পর্শ করেন দীপ্তি। এ প্রসঙ্গে তিনি বলেন, এটা নিঃসন্দেহে একটা মাইলস্টোন। কিন্তু আমার ফোকাস সব সময় থাকে ম্যাচের ফলাফল আর আমাদের দলের হয়ে ভালো খেলার দিকে। ঘূর্ণি উইকেটে সাফল্য পেয়েছি। স্টাম্প-টু-স্টাম্প লাইনে বোলিং করেছি। পয়েন্ট তালিকায় ২ ম্যাচে ৪ পয়েন্ট করে সংগ্রহ করেছে ইংল্যান্ড ও ভারত। তবে হরমনপ্রীতদের চেয়ে নেট রান রেটে এগিয়ে ইংল্যান্ড। শনিবার ভারত-ইংল্যান্ড ম্য়াচ।












Click it and Unblock the Notifications