Irani Cup 2024: ইরানি কাপে অবশিষ্ট ভারতীয় দলের বড় দায়িত্বে ঈশ্বরণ, টিম ইন্ডিয়ার স্কোয়াড থেকে ডাক পেলেন কারা?
দলীপ ট্রফির পর এবার ফোকাসে ইরানি কাপ। লখনউতে আগামী ১ থেকে ৫ অক্টোবর ইরানি কাপ অনুষ্ঠিত হবে। রঞ্জি চ্যাম্পিয়ন মুম্বই খেলবে অবশিষ্ট ভারতীয় দলের বিরুদ্ধে। এই ম্যাচের জন্য অবশিষ্ট ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। দলীপ ট্রফিতে ভালো পারফরম্যান্স করা ক্রিকেটাররা অবশিষ্ট ভারতীয় দলে সুযোগ পেয়েছেন।
রঞ্জি ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন দল খেলে অবশিষ্ট ভারতের বিরুদ্ধে। অবশিষ্ট ভারতীয় দলে প্রতিটি রাজ্যের সেরা ক্রিকেটাররা থাকেন। সদ্য দলীপ ট্রফির ম্যাচগুলি সমাপ্ত হয়েছে। ফলে সেখানে লাল বলে ক্রিকেটারদের দেখে নিতে পেরেছেন নির্বাচকরা। এবার অবশিষ্ট ভারতীয় দলে বাংলার অভিমন্যু ঈশ্বরণ বড় দায়িত্ব পেয়েছেন। এই দলের অধিনায়ক হয়েছেন ঋতুরাজ গাইকোয়াড়, সহ অধিনায়ক হয়েছেন ঈশ্বরণ।

দলীপ ট্রফিতে এবার বি দলের অধিনায়কত্ব করেন বাংলার ঈশ্বরণ। ব্যাট হাতেও নজরকাড়া পারফরম্যান্স করেন। ফলে অবশিষ্ট ভারতীয় দলে ঋতুরাজের ডেপুটি করা হয়েছে বঙ্গ ক্রিকেটারকে। একইসঙ্গে বাংলা থেকে সুযোগ পেয়েছেন মুকেশ কুমার। ঈশান কিষাণের কাছে বড় পরীক্ষা লাল বলের।
ধ্রুব জুরেল এবং যশ দয়ালকে অবশিষ্ট ভারতীয় দলে নির্বাচিত করা হয়েছে এবং কানপুরে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে তাঁরা দলে না থাকলে ইরানি কাপে যোগ দেবেন। ২য় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর থেকে।
২য় টেস্টের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াডে রাখা সরফরাজ খানকে মুম্বই দলের প্রতিনিধিত্ব করার জন্য ছেড়ে দেওয়া হবে। কানপুরে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে তিনি অংশগ্রহণ করবেন না। মুম্বই দলের পক্ষ থেকে সরফরাজকে ছেড়ে দেওয়ার জন্য আবেদন জানানো হয়। নিউজিল্যান্ড সিরিজ এবং বর্ডার গাভাসকর ট্রফির আগে এই লাল বলের টুর্নামেন্টের দিকে নজর থাকবে নির্বাচকদের।
মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) এখনও এই প্রতিযোগিতার জন্য তাদের স্কোয়াডের নাম ঘোষণা করেনি, শ্রেয়স এবং শার্দুল রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন মুম্বইয়ের হয়ে খেলতে চলেছেন, যার নেতৃত্বে থাকবেন অজিঙ্কা রাহানে।
অবশিষ্ট ভারতীয় দল- ঋতুরাজ গাইকোয়াড়(অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরণ(সহ অধিনায়ক), সাই সুদর্শন, দেবদত্ত পাড্ডীকল, ধ্রুব জুরেল, ঈশান কিষাণ, মানব সুতার, সারাংশ জৈন, প্রসিদ্ধ কৃষ্ণ, মুকেশ কুমার, যশ দয়াল, রিকি ভুঁই, শাশ্বত রাওয়াত, খলিল আহমেদ, রাহুল চাহার।












Click it and Unblock the Notifications