IPL 2022: চেন্নাই-হায়দরাবাদ ম্যাচে একাধিক নজির তৈরির হাতছানি জাডেজা-উইলিয়ামসনদের সামনে, রইল একাধিক জরুরি তথ্য
IPL 2022: চেন্নাই-হায়দরাবাদ ম্যাচে একাধিক নজিরের হাতছানি জাডেজা-উইলিয়ামসনদের সামনে, রইল একাধিক জরুরি তথ্য
শনিবার আইপিএল-এ মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে সানরাইজার্স হায়দরাবাদ এবং চেন্নাই সুপার কিংস। দুই দলই এখনও একটি ম্যাচও জেতেনি চলতি আইপিএল-এ। সানরাইজার্স দুই ম্যাচের দু'টিতেই হেরেছে, সিএসকে হারের হ্যাটট্রিক করে ফেলেছে। ফলে টুর্নামেন্টের শুরুতেই যাতে সফর শেষের পথ না ধরে তার জন্য এই ম্যাচ থেকে জয় জরুরি দুই দলেরই। গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুই দলের দ্বৈরথের মধ্যেই রয়েছে বিভিন্ন ক্রিকেটারের ব্যক্তিগত নজির তৈরির হাতছানি এবং হদিশ দেওয়া হল বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য়ের। এক নজরে দেখে নিন সেইগুলি।

টি-২০ ক্রিকেটে তিনশত ছক্কার সামনে পুরান:
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে় এই ম্যাচে তিনটি ছয় মারলে টি-২০ ক্রিকেটে তিনশোটি ছয়ের নজির গড়বেন পুরান। পাশপাশি এই ম্যাচে চারটি ছয় মারলে আইপিএল কেরিয়ারে ৫০টি ছয় মারার নজির গড়বেন তিনি

জোড়া নজিরের সামনে মঈন আলি:
এই ম্যাচে ১টি উইকেট পেলেই টি-২০ ক্রিকেটে ১৫০টি উইকেট হবে মঈনের। পাশাপাশি তিনি এই ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে ৬টি ছক্কা মারলে আইপিএল-এ ৫০টি ছয় মারার নজির গড়বেন আলি।

আইপিএল-এ চার হাজার রানের সামনে অম্বতি রায়াডু:
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২৯ রান করলে আইপিএল-এ ৪০০০ রান পূর্ণ করবেন অম্বতি রায়াডু।

টি-২০ ক্রিকেটে তিন হাজার রানের সামনে রবীন্দ্র জাডেজা:
এই ম্যাচে টি-২০ সার্কিটে তিন হাজার রান পূর্ণ করার হাতছানি রয়েছে রবীন্দ্র জাডেজার কাছে। এই কৃতিত্ব অর্জন করতে সানরাইজার্সের বিরুদ্ধে তাঁর প্রয়োজন ৩৫ রান। একই সঙ্গে ৭১ রান করলে আইপিএল-এ ২৫০০ রান স্পর্শ করবেন তিনি।

আইপিএল-এ দুই হাজার রান স্পর্শের হাতছানি কেন উইলিয়ামসনের সামনে:
আইপিএল-এ দুই হাজার রান স্পর্শ করতে এই ম্যাচে বড় রানের ইনিংস খেলতে হবে কেনকে। এই ম্যাচে ৯৭ রান করলে আইপিএল-এ দুই হাজার রান স্পর্শ করবেন তিনি।

দেড় হাজার রান পূর্ণকরতে পারেন রাহুল ত্রিপাঠী:
অর্থের প্রাচুর্য্যের এই লিগে দেড় হাজার রান পূ্র্ণ করতে এই ম্যাচে রাহুল ত্রিপাঠীর প্রয়োজন ৭১ রান। তিনি যদি ৯টি চার মারতে পারেন তা হলে আইপিএল-এ তিনি ১৫০টি চারের মালিক হবেন।

অন্যান্য নজির:
আব্দুল সামান পাঁচটি চার মারলে টি-২০ ক্রিকেটে ৫০টি চার স্পর্শ করবেন। আইপিএল-এ ৫০ উইকেট পেতে আর দুই উইকেট জরুরি শ্রেয়স গোপালের। আর একটি ক্যাচ ধরলে টি-২০ ক্রিকেটে ৫০টি ক্যাচ ধরবেন ডেভন কনওয়ে।

জরুরি পরিসংখ্যান:
চলতি আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদ এবং চেন্নাই সুপার কিংস- উভয়ই দলই এখনও একটি ম্যাচও জেতেনি। লাগাতার তিন ম্যাচ হেরে এই মরসুম শুরু করেছে সিএসকে। এর আগে কখনও আইপিএল-এ প্রথম দুই ম্যাচ পর পর হারেনি সিএসকে। আইপিএল-এর শেষ ১৬টি ম্যাচের মধ্যে সানরাইজার্স হেরেছে ১৩টিতে।












Click it and Unblock the Notifications