IPL 2022: চেন্নাই বনাম গুজরাত দ্বৈরথে তৈরি হতে চলেছে একাধিক মাইলস্টোন, না জানলে চরম মিস
চেন্নাই বনাম গুজরাত দ্বৈরথে তৈরি হতে চলেছে একাধিক মাইলস্টোন, না জানলে চরম মিস
রবিবাসরীয় সন্ধ্যায় আইপিএল-এর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস এবং গুজরাত টাইটানস। পর পর চার ম্যাচ হেরে দেওয়া পিঠ ঠেকে যাওয়া চেন্নাই অবশেষে জয়ের দেখা পেয়েছে চলতি আইপিএল-এ। গত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ২৩ রানে পরাজিত করেছে রবীন্দ্র জাডেজার নেতৃত্বাধীন দল। তবে, অনেকটাই ভিন্ন পরিস্থিতি হার্দিক পান্ডিয়ার। পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই জিতেছে আইপিএল-এই নয়া ফ্রাঞ্চাইজি। লিগ টেবলের শীর্ষ স্থানে রয়েছে গুজরাত। এই ম্যাচ জিতে তাঁরা যেমন শীর্ষ স্থান আরও পোক্ত করতে চাইবে, তেমনই চেন্নাই সুপার কিংস চাইবে জয়ের ছন্দ বজায় রাখতে। চেন্নাই এবং গুজরাতের মধ্যে এই ম্যাচে তৈরি হতে পারে একাধিক নজির।

আইপিএল রেকর্ডের সামনে রশিদ খান:
একটি উইকেট পেলেই আইপিএল-এ একশো উইকেট নেওয়া দ্রুততম স্পিনার হবেন রশিদ খান। এই ম্যাচেই সেই নজির তৈরি করতে পারেন আফগানিস্তানের এই ক্রিকেটার।

আইপিএল-এ চার হাজার রানের সামনে রায়ডু:
গুজরাত টাইটানসের বিরুদ্ধে আইপিএল কেরিয়ারে চার হাজার রান পূর্ণ করতে পারেন অম্বতি রায়ডু। মাত্র দুই রান করলেই আইপিএল কেরিয়ারে চার হাজার রান পূর্ণ হবে এই বর্ষীয়ান ক্রিকেটারের।

চেন্নাইয়ের জার্সিতে এক হাজার রানের হাতছানি ব্র্যাভোর সামনে:
চেন্নাই সুপার কিংস-এর জার্সিতে এই ম্যাচে এক হাজার রান পূর্ণ করতে পারেন ডোয়েন ব্র্যাভো। চেন্নাইয়ের জার্সি গায়ে ব্র্যাভোর মোট সংগ্রহ ৯৯০ রান। আর দশ রান করলেই রবীন্দ্র জাডেজার পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে চেন্নাইয়ের হয়ে এক হাজার রান এবং একশো উইকেট সংগ্রহকারী ক্রিকটার হবেন ওয়েস্ট ইন্ডিজের এই তারকা।

আইপিএল-এ পঞ্চাশ উইকেটের সামনে পান্ডিয়া:
এই ম্যাচে চার উইকেট সংগ্রহ করলে আইপিএল কেরিয়ারে ৫০টি উইকেটের মালিক হবেন হার্দিক পান্ডিয়া।

১২ রান করলেই এই কৃতিত্ব অর্জন করবেন জাডেজা:
টি-২০ ক্রিকেটে রবীন্দ্র জাডেজার সংগ্রহ ২৯৮৮ রান। আর ১২ রান করলে এই ফরম্যাটে ৩০০০ রানের মালিক হবেন জাডেজা। আর ৪৮ রান করলেআইপিএল-এ ২৫০০ রান পূর্ণ করবেন তিনি।

অন্যান্য নজির:
৩৩ রান করলে টি-২০ ক্রিকেটে ৮০০০ রান পূর্ণ করবেন ডেভিড মিলার। এক উইকেট পেলে টি-২০ ক্রিকেটে ১৫০ উইকেট সম্পূর্ণ করবেন মঈন আলি। আইপিএল-এ ৫০০০ রান পূর্ণ করতে এই ম্যাচে রবীন উথাপ্পার প্রয়োজন ৮৪ রান।

জরুরি তথ্য:
চলতি আইপিএল-এ দরুণ ছন্দে রয়েছেন গুজরাত টাইটানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তাঁর ব্যাটিং গড় এই আইপিএল-এ ৭৬.০০, এখনও পর্যন্ত করেছেন ২২৮ রান। চেন্নাইয়ের শিভম দুবেও রয়েছেন ভাল ছন্দে। ৫১.৭৫ গড় এবং ১৭৬.৯২ স্ট্রাইক রেটে চলতি মরসুমে শিভম দুবের এখনও পর্যন্ত সংগ্রহ ২০৭ রান। এমসিএ স্টেডিয়ামে শেষ সাত ম্যাচের মধ্যে ছয়টিতেই জিতেছে চেন্নাই।












Click it and Unblock the Notifications