India vs Sri Lanka: দিন-রাতের টেস্টে বিরাট ব্যক্তিগত নজিরের সামনে দাঁড়িয়ে মোহালি টেস্টের নায়ক ‘স্যার’ জাডেজা
India vs Sri Lanka: দিন-রাতের টেস্টে বিরাট ব্যক্তিগত নজিরের সামনে দাঁড়িয়ে মোহালি টেস্টের নায়ক ‘স্যার’ জাডেজা
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে রবীন্দ্র জাডেজার অনবদ্য পারফরম্যান্সের ঘোর এখনও কাটিয়ে উঠতে পারেনি দেশের ক্রিকেটপ্রেমীরা। ব্যাট হাতে অপরাজিত ১৭৫ রান এবং দুই ইনিংস মিলিয়ে বল হাতে ৯ উইকেট এক কথায় অনবদ্য। শুধু ক্রিকেটপ্রেমীরাই নন, বিশেষজ্ঞ এবং প্রাক্তন ক্রিকেটারেরাও প্রশংসায় ভরিয়ে দিয়েছে জাডেজা'কে।

বিরাট কোহলির শততম টেস্টের সমস্ত আলো নিজের দিকে টেনে দেওয়া জাডেজার কাছে বেঙ্গালুরুতে, সিরিজের শেষ টেস্টে সুযোগ রয়েছে আরও এক অনন্য নজির স্পর্শ করার। চিন্নস্বামী স্টেডিয়ামে দিন-রাতের টেস্টে দুই ইনিংস মিলিয়ে জাডেজা যদি ৯টি উইকেট শিকার করতে পারেন তা হলে দ্রুততম ২৫০ উইকেট শিকারি ভারতীয় ক্রিকেটার বোলারদের তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নেবেন জাডেজা। এটি জাডেজার ৫৯ টেস্ট হতে চলেছে। এই তালিকায় তাঁর আগে শুধু থাকবেন রবিচন্দ্রন অশ্বিন এবং অনিল কুম্বলে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের সাক্ষী রেখেছিলেন ভারতীয় দলের অন্যতম সেরা এই অলরাউন্ডার। প্রথম ইনিংস ব্যাট হাতে অপরাজিত ১৭৫ করার পাশাপাশি দুই ইনিংস মিলিয়ে ৯টি উইকেট সংগ্রহ করেন জাডেজা। প্রথম ইনিংসে পাঁচ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে চার উইকেট পান তিনি। দুই ইনিংসে তাঁর বোলিং ফিগার যথাক্রমে ৫/৪১ এবং ৪/৪৬।
জাডেজা যদি আর একটি উইকেট বেশি পেতেন তা হলে টেস্ট ক্রিকেটে প্রথম ভারতীয় ক্রিকেটার ইতিহাসে এক ইনিংসে দেড়শোর বেশি রান এবং ১০ উইকেট নেওয়ার নজির গড়তেন তিনি।
মোহালিতে প্রথম টেস্টে অবিস্মরণীয় পারফরম্যান্সের কারণে আইসিসি'র বিচারে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছেন জাডেজা। দীর্ঘ দিন এই পজিশনে দখল রাখা জেসন হোল্ডারকে সরিয়ে শীর্ষ স্থানে উঠে এসেছেন জাডেজা।
অপর দিকে, কুলদীপ যাদবের পরিবর্তে টেস্ট দলে ফেরা অক্ষর পটেলও দাঁড়িয়ে রয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে শততম উইকেটের দোর গোড়ায়। ভারতের জার্সিতে তিন ফরম্যাট মিলিয়ে একশোটি উইকেট পেতে অক্ষর প্যাটেলের প্রয়োজন মাত্র ৬টি উইকেট। টেস্টে ৩৬টি, ওডিআই ক্রিকেটে ৪৫টি এবং আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১৩টি উইকেট পেয়েছেন প্যাটেল।
রবীন্দ্র জাডেজার অনবদ্য পারফরম্যান্সের কারণে প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে ফলোঅন করিয়ে হারিয়েছে ভারত। এক ইনিংস সহ ২২২ রানে সেই ম্যাচ দ্বীপ রাষ্ট্রের দলটি পরাজিত হয়েছিল। বেঙ্গালুরুতে গোলাপি বলের দিন-রাতের টেস্টে জিতলে ওয়েস্ট ইন্ডিজের পর ঘরের মাঠে শ্রীলঙ্কাকেও হোয়াইট ওয়াশ করবে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। এর আগে ঘরের মাঠে দু'টি পিঙ্ক বল টেস্ট খেলেছে ভারত। বাংলাদেশ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে দু'টি টেস্টেই বিজয়ী হয়েছে টিম ইন্ডিয়া।












Click it and Unblock the Notifications