Ravichandran Ashwin: ‘ভারতীয় দলের কাজ কি শুধু বিশ্বকাপ জেতা?’, সমালোচকদের নিয়ে বিস্ফোরক অশ্বিন
বিগত ১০ বছর ধরে আইসিসি ট্রফি অধরাই ভারতীয় দলের। শেষবার ২০১৩ সালে ইংল্যান্ডে ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল টিম ইন্ডিয়া। এরপর থেকে আইসিসি ট্রফির নক আউট থেকেই বিদায় নিতে হয়েছে। চোকার্স তকমা লেগেছে ভারতীয় দলের উপর। এই পরিস্থিতিতে শুরু হয়েছে তীব্র সমালোচনা। এবার সমালোচকদের পাল্টা আক্রমণ করলেন রবিচন্দ্রন অশ্বিন।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে হারের পর সমালোচনার মাত্রাটা কয়েকগুণ বেড়েছিল। এই প্রসঙ্গে অশ্বিন বলেন, 'কয়েকজন মানুষ খুব অবাক হয়েছেন আমরা এমন একটা দলের কাছে হেরেছি যারা বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি। অনেক মানুষ ভাবে আন্তর্জাতিক ক্রিকেটে আমাদের কাজ শুধু বিশ্বকাপ জেতা। মানুষ সব সময় বিশ্বকাপে ভারতকে ফেভারিট ভাবে আইপিএলের জন্য।'

টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের দুই বার ফাইনালে উঠলেও কাপ অধরাই থেকেছে টিম ইন্ডিয়ার। এই প্রসঙ্গে অশ্বিন বলেন, 'টেস্টে আমরা খুব ভালো খেলছি। কিন্তু কয়েকদিনের মধ্যেই আমাদের বদলের মধ্য দিয়ে যেতে হবে, সেটা সবাইকে মানিয়ে নিতে হবে।'
আন্তর্জাতিক ক্রিকেটমহলে ব্যাজবল নিয়ে চর্চা তুঙ্গে। টেস্টে ইংল্যান্ড ক্রিকেট দলের আগ্রাসী ব্য়াটিং স্টাইলে মজে ক্রিকেটপ্রেমীরা। অ্যাশেজ সিরিজের পর থেকেই আলোচনায় উঠে এসেছে বাজবল। ভারতকে এই ধরনের খেলার সঙ্গে মানিয়ে নিতে সময় চাই। অশ্বিন মনে করেন ভারতীয় টিম ম্যানেজমেন্ট এবং সমর্থকদের একই রকম ধৈর্য রাখতে হবে।

বিশ্বের এক নম্বর বোলার জানিয়েছেন, 'ভারতীয় দল যে সময় পরিবর্তনের মধ্য দিয়ে যাবে, তখন যদি বাজবল খেলা হয়! কোনও ব্যাটসম্যান যদি শট খেলতে গিয়ে দ্রুত আউট হয়? আর ভারত যদি দুটো ম্যাচ হারে, তারপর আমরা কী করব? আমরা কি ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে এই খেলার ধরনটাকে সমর্থন করে যেতে পারব? সেক্ষেত্রে দেখা যাবে, একাদশ থেকে অন্তত চারজন ক্রিকেটার বাদ পড়েলন।'

একইসঙ্গে বিশ্বের এক নম্বর বোলার উল্লেখ করেছেন, 'আমরা অন্যদের খেলার স্টাইল অনুকরণ করতে পারি না। কারণ এটা তাদের জন্য কার্যকরী। তাই ব্যাজবল ক্রিকেট ইংল্যান্ডের জন্যই ঠিক আছে, ভারতীয় ক্রিকেট দলে তা নিতান্ত অকার্যকরী।'












Click it and Unblock the Notifications