পারফরম্যান্সের পরেও বঞ্চিত, একটা সময়ে মানসিক অবসাদে ভুগতেন ভারতীয় এই নক্ষত্র
পারফরম্যান্সের পরেও বঞ্চিত, একটা সময়ে মানসিক অবসাদে ভুগতেন ভারতীয় এই নক্ষত্র
সাদা জার্সিতে রবিচন্দ্রন অশ্বিনের পারফরম্যান্স বরাবর আশ্বস্থ করে এসেছে ভারত'কে । ঘরের মাঠে অশ্বিনের দাপট সদ্য দেখা গিয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। কিন্তু ভারতীয় দলের বিদেশ সফর এলেই ব্রাত্য হয়ে পড়েন এই তারকা অফ স্পিনার। অ্যাওয়ে সিরিজে অশ্বিনের পরিবর্তে দলে জায়াগ করে দেওয়া হয় রবীন্দ্র জাডেজা'র।

২০১৮ থেকে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া সফরে দু'বার করে গিয়েছে ভারতীয় দল। এক বার গিয়েছে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড সফরে। এই প্রত্যেকটি সফরে ভারতের স্পিনারের মধ্যে প্রথম পছন্দ ছিলেন না অশ্বিন। এমনকী ভাল পারফর্ম করার পরেও দল থেকে বাদ পড়ায় মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন অশ্বিন।
ইএসপিএন ক্রিকইনফো'কে দেওয়া সাক্ষাৎকারে অশ্বিন বলেন, "২০১৮ থেকে ২০২০-এর মধ্যে একাধিকবার খেলা ছেড়ে দেওয়ার কথা আমি ভেবেছিলাম। অনেক পরিশ্রম করার পরেও যাথাযথ ফল হচ্ছিল না।" তাঁর আরও সংযোজন, "এই সময়ে একটা জিনিস আমার জানার প্রয়োজন ছিল এবং সেটা হল কেন আমার মস্তিস্ক বারবার হাল ছেড়ে দেওয়ার কথা ভাবছে? কেন আমি ছেড়ে দিতে চাই? কেন খেলাটা'কে উপভোগ করতে পারছি না?
এর সবটাই বাহ্যিক কারণ। আমি যদি নিজের খেলায় মনোসংযোগ করি তা হলে নিশ্চিত ভাবেই খেলাটা উপভোগ করব। আমি ঠিক করেছিলাম, যাই হয়ে যাক আমি দলে থাকি বা না থাকি, আমি পারফর্ম করি বা না করি, সবটাই হবে আমার মর্জিতে।"
অশ্বিন ঠিকই করে নিয়েছিলেন ২০২০-এর অস্ট্রেলিয়া সফরই তাঁর শেষ টেস্ট সিরিজ হবে। তারকা অফ-স্পিনারের কথায়, "অস্ট্রেলিয়ার ওই বিমানে বসার পর নিজেকে বলেছিলাম এটাই তোমার শেষ ট্যুর হতে চলেছে। এমন কোনও কিছুই বাকি রেখো না যার জন্য পরে খারাপ লাগে। শুধু সুযোগের জন্য নিজেকে তৈরি রাখ। এটা হয়তো প্রথম ম্যাচে হবে না। হয়তো দ্বিতীয় বা তৃতীয় ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে। চতুর্থ ম্যাচেও সুযোগ হতে পারে। আবার পুরো সিরিজেই বসে থাকতে হতে পারে। আমি ভেবেই নিয়েছিলাম গোটা সিরিজে বাইরেই থাকতে হবে আমায়। আমি নিজের সঙ্গে পরিবার'কে নিয়ে গিয়েছিলাম কারণ প্রথম একাদশে সুযোগ না পেলে তাঁদের সাপোর্ট আমার প্রয়োজন ছিল।"
টেস্ট ফর্ম্যাটে ভারতের জার্সিতে তৃতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী অশ্বিন এ-ও জানিয়েছেন, হোয়াইট বল ক্রিকেটে ভারতের একটি ম্যাচও তিনি দেখেননি আট মাস। তাঁর কথায়, "ক্রিকেট আমার কাছে শুধু একটা খেলা নয়, তার থেকেও অনেক বেশি কিছু। প্রায় আটমাস আমি ভারতের হোয়াইট বল ক্রিকেটে কোনও ম্যাচ দেখিনি। মানসিক অবসাদের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমার মেন্টাল কন্ডিশানিং কোচ'কে ডেকে বলি পুরোটা। আমার কাছে ক্রিকেট না দেখে থাকাটা অসম্ভব। কালকে যদি আমি না খেলি বা খেলা ছেড়েদি বা কেউ আমায় বাদ দিয়ে দেয় তখনও আমি খেলা দেখব কারণ খেলাটা'কে আমি ভালবাসি। "












Click it and Unblock the Notifications