'ব্যথা লাগে', তামিল স্টাইলে 'সর্বকালের সেরা' বিতর্কে অশ্বিনের জবাব ভাইরাল
তামিল স্টাইলে 'সর্বকালের সেরা' বিতর্কে মঞ্জরেকরকে জবাব অশ্বিনের, ভাইরাল পোস্ট
'সর্বকালের সেরা' বিতর্কে অবশেষে সঞ্জয় মঞ্জরেকরকে জবাব দিলেন রবিচন্দ্রণ অশ্বিন। মজার ছলেই তামিল স্টাইলে প্রাক্তন ব্যাটসম্যানকে উত্তর দিয়েছেন টিম ইন্ডিয়ার অফ স্পিনার। যা দেখে হাসি চেপে রাখতে পারেননি নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তামিল সিনেমার সংলাপের সাহায্যে পরিস্থিতিকে হাল্কা করা অশ্বিনের ওই পোস্ট।
|
কী লিখেছেন অশ্বিন
রবিচন্দ্রণ অশ্বিনকে বিশ্ব ক্রিকেটের সর্বকালের সেরা মানতে রাজি নন সঞ্জয় মঞ্জরেকর। তা নিয়ে ক্রিকেট মহলে বিস্তর আলাপ-আলোচনা শুরু হতেই অবশেষে মুখ খুলেছেন ভারতীয় অফ স্পিনার। মঞ্জরেকরের মন্তব্যের প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অ্যাশ। স্বভাবসিদ্ধ মজার ছলেই পরিস্থিতি সামলেছেন ভারতীয় ক্রিকেট দলের তারকা। এক তামিল সিনেমার কোনও এক সিক্যুয়েন্সের স্ক্রিন শট এবং তার গুরুত্বপূর্ণ সংলাপ লিখে, তা নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন অশ্বিন। যে কথার মানে করলে দাঁড়ায়, 'এভাবে কিছু বলবেন না, ব্যথা লাগে'।
|
কী বলেছেন মঞ্জরেকর
ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রণ অশ্বিনকে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা বলে আখ্যা দিয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অশ্বিনের পারফরম্যান্সের দিকে তাকিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট দলও। এমতাবস্থায় অশ্বিনকে বিশ্বসেরা মানতে অস্বীকার করেছেন সঞ্জয় মঞ্জরেকর। অ্যাশকে ডন ব্র্যাডম্যান, গ্যারি সোবার্স, সুনীল গাভাসকর, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলিদের গোত্রে ফেলতে রাজি হননি প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান।

সঞ্জয়ের যুক্তি কী?
সঞ্জয় মঞ্জরেকরের কথায়, দেশের মাটিতে রবিচন্দ্রণ অশ্বিনের বিক্রম সর্বাধিক। সেনার অন্তর্গত দেশ অর্থাৎ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় অ্যাশ ততটাও সফল নন বলে পরিসংখ্যানের সূত্র টেনে দাবি করেছেন ভারতের প্রাক্তন ব্যাটসম্যান তথা বর্তমান ধারাভাষ্যকার। ওই চার দেশে অশ্বিনের টেস্টর এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজির নেই বলেও দাবি করেছেন মঞ্জরেকর। দেশ এবং বিদেশে সমানভাবে পারফরম্যান্সের নিরিখে তিনি রবিচন্দ্রণ অশ্বিনের থেকে রবীন্দ্র জাদেজাকে এগিয়ে রেখেছেন।

অশ্বিনের কেরিয়ার ঝলক
ভারতীয় দলের হয়ে ৭৮টি টেস্ট খেলা রবিচন্দ্রণ অশ্বিন ৪০৯টি উইকেট নিয়েছেন। টেস্টে তিনি ৩০ বার এক ইনিংসে পাঁচ ও তার বেশি উইকেট নিয়েছেন এই অফ স্পিনার। ভারতের মাটিতে লাল বলের ফর্ম্যাটে ২৮৬টি উইকেট নিয়েছেন অশ্বিন। দেশের মাটিতে টেস্টের এক ইনিংসে ২৪ বার পাঁচ ও তার বেশি উইকেট নিয়েছেন অ্যাশ। প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বাধিক উইকেট সংগ্রাহক হওয়ারও সুযোগ রয়েছে ভারতীয় স্পিনারের সামনে।












Click it and Unblock the Notifications