ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে হ্যাডলির হাত ধরে বথামের দিকে ছুটলেন দুর্দান্ত অশ্বিন
ভারত বনাম ইংল্যান্ড ২০২১ : হ্যাডলিকে ছুঁয়ে বথামের দিকে ধবমান দুর্দান্ত অশ্বিন
চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। ম্যাচের চতুর্থ দিনে ইংল্যান্ডের আর সাত জন ব্যাটসম্যানকে আউট করতে পারলেই চার ম্যাচের সিরিজে সমতা ফেরাবে টিম ইন্ডিয়া। কোনও অঘটন না ঘটলে এই সম্ভাব্য জয়ের নায়ক যে রবিচন্দ্রণ অশ্বিন, তা ধরে নেওয়াই যায়। ম্যাচের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে কামাল করা ভারতীয় স্পিনার স্যার রিচার্ড হ্যাডলিকে ধরে ফেললেন।

একই টেস্টে পাঁচ উইকেট ও ৫০ রান
চিপকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বল হাতে পাঁচ উইকেট নেন রবিচন্দ্রণ অশ্বিন। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতেও কামাল করেছেন ভারতীয় অফ স্পিনার। ১৪৮ বলে ১০৬ রানের অনবদ্য ইনিংস খেলেছেন অ্যাশ। সবমিলিয়ে ভারতীয় দলের জার্সিতে টেস্টে মোট ছয় বার একই ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি অর্ধশতরান করলেন অশ্বিন।

ছয়ের তালিকা
২০১১ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি অর্ধশতরান করেছিলেন রবিচন্দ্রণ অশ্বিন। একই কাজ ২০১৫ সালেও করেছিলেন ভারতীয় অফ স্পিনার। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠ নর্থ সাউন্ডে একই টেস্টে পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি অর্ধশতরান করেছিলেন অশ্বিন। ওই বছর বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিরুদ্ধে একই কাজ করেছিলেন অফ স্পিনার। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে কলোম্বোতেও ব্যাট ও বল হাতে একই নজির গড়েছিলেন রবিচন্দ্রণ অশ্বিন।

হ্যাডলিকে ধরলেন অশ্বিন
এর আগে একই টেস্টে ছয় বার পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি অর্ধশতরান করার নজির গড়েছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি স্যার রিচার্ড হ্যাডলি। চেন্নাইয়ের চিপকে ইংল্যান্ডের বিরুদ্ধে নায়কোচিত পারফরম্যান্স করে তাঁকে ধরলেন রবিচন্দ্রণ অশ্বিন।

শীর্ষে বথাম, দ্বিতীয় সাকিব
তালিকার শীর্ষ স্থানে রয়েছেন ইংল্যান্ডে প্রাক্তন অধিনায়ক ইয়ান বথাম। মোট এগারো বার একই টেস্টে পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি অর্ধশতরান করেছেন কিংবদন্তি। তালিকার দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশের অল রাউন্ডার শাকিব আল হাসান ৯ বার এই কাজ করেছেন।












Click it and Unblock the Notifications