বিরাট ও রোহিতকে আন্তর্জাতিক ক্রিকেটের একটি ফরম্যাট থেকে সরার পরামর্শ রবি শাস্ত্রীর
মুম্বইয়ে ব্যাটিং বিপর্যয় সামলে তবুও জয় পেয়েছিল ভারত। কিন্তু বিশাখাপত্তনমে যা অবস্থা তাতে দুই ইনিংস মিলিয়ে ৫০ ওভারও লাগল না ম্যাচের ফয়সালা হতে। অক্টোবরে দেশের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপ। তার আগে শক্তিধর দেশের বিরুদ্ধে প্রস্তুতির দারুণ সুযোগ পেয়েছে ভারত। কিন্তু অস্বস্তি বাড়াচ্ছে তারকা ব্যাটারদের ফর্ম।

বিরাট, রোহিতদের সরার পরামর্শ!
প্রাক্তন ভারতীয় হেড কোচ রবি শাস্ত্রীর পরামর্শ, যে পরিমাণে এখন ক্রিকেট হচ্ছে তাতে বিরাট কোহলি, রোহিত শর্মার মতো কয়েকজন ক্রিকেটারকে অন্তত একটি ফরম্যাট থেকে সরে দাঁড়ানো উচিত। ঠাসা ক্রীড়াসূচির চ্যালেঞ্জ সামলানো যে ক্রিকেটারদের কাছে কত বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তা স্পষ্ট হয়েছিল একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বেন স্টোকস আচমকা অবসর ঘোষণা করে দেওয়ায়। ক্রীড়াসূচির দিকে আঙুল তুলে স্টোকস বুঝিয়ে দেন তিন ফরম্যাটে টিকে থাকা কার্যত অসম্ভব।

ঠাসা ক্রীড়াসূচির চ্যালেঞ্জ
টি ২০ বিশ্বকাপে ভারতের ব্যর্থতার পর থেকেই রোহিত, বিরাটদের ভবিষ্যৎ নিয়ে চর্চা শুরু হয়। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রবি শাস্ত্রী বলেন, অত্যধিক ক্রিকেটের চাপে রোহিত, বিরাটের পাশাপাশি অনেকেই একটি ফরম্যাট থেকে সরে দাঁড়াবেন। শাস্ত্রী কোচ থাকার সময়েই ভারত দুটি দেশে দুটি আলাদা ফরম্যাটের ক্রিকেট খেলেছে। কোন বছর কোন ফরম্যাট গুরুত্বপূর্ণ সেটা বুঝেই যাবতীয় পরিকল্পনার পক্ষে সওয়াল করেছেন শাস্ত্রী।

ফরম্যাটে গুরুত্ব
রবি শাস্ত্রী বলেন, এখন প্রচুর পরিমাণে ক্রিকেট খেলা হচ্ছে। কোথাও ভারতের টেস্ট সিরিজ হচ্ছে, তখনই ভারতের অন্য দলকে টি ২০ সিরিজ খেলতে হচ্ছে। আমরা যখন ইংল্যান্ডে ছিলাম তখন ভারতের আরেকটি দল শ্রীলঙ্কা সফরে গিয়েছিল। এটা চলতেই থাকবে। সংশ্লিষ্ট বছরের ক্রীড়াসূচি অনুযায়ী ফরম্যাটকে গুরুত্ব দিতে হবে। কোন প্লেয়াররা কোন সিরিজে খেলবেন সেটাও ঠিক করতে হবে। এবার যেমন বিশ্বকাপ রয়েছে তাই ৫০ ওভারের ক্রিকেটে জোর দিতে হবে। টি ২০ যখন গুরুত্বপূর্ণ হবে, তখন দেখতে হবে কোন ১৫ থেকে ১৮ জন ক্রিকেটারকে ওই ফরম্যাটের জন্য তৈরি রাখা যায়।

ভারতের ব্যাটিংয়ের সমস্যা
আজ বিশাখাপত্তনমে ভারত ২৬ ওভারে মাত্র ১১৭ রানে অল আউট হয়ে গিয়েছিল। এটি দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে ভারতের সর্বনিম্ন স্কোর। ২০০৭ সালে ভদোদরায় অজিদের বিরুদ্ধে ভারত করেছিল ১৪৮ রান। একদিনের আন্তর্জাতিকে ভারত এদিন চতুর্থ সর্বনিম্ন স্কোরে অল আউট হয়েছে। অজিদের বিরুদ্ধে তৃতীয় সর্বনিম্ন। এর আগে ১৯৮১ সালে ৬৩ ও ২০০০ সালে সিডনিতে ভারত ১০০ রানে ওডিআইয়ে অজিদের বিরুদ্ধে গুটিয়ে গিয়েছিল।












Click it and Unblock the Notifications