Shastri On India: ভারতকে টি ২০ বিশ্বকাপ জেতার দাওয়াই দিলেন রবি শাস্ত্রী, কোন ২ ম্যাচে রাখতে হবে ফোকাস?
Shastri On T20 World Cup 2024: ভারত তৃতীয় টি ২০ আন্তর্জাতিক খেলতে পৌঁছে গেল গুয়াহাটিতে। কাল অস্ট্রেলিয়াকে হারালেই দুই ম্যাচ বাকি থাকতে সিরিজ পকেটে পুরে ফেলবে মেন ইন ব্লু।
ভারত যত ভালো খেলে টি ২০-তে অজি বধ সারছে, ততই ক্রিকেটপ্রেমীরাও আক্ষেপ, হতাশায় যন্ত্রণাবিদ্ধ হচ্ছেন। কেন না, ৫০ ওভারের বিশ্বকাপে ভারত টানা ১০টি ম্যাচ জেতার পর ফাইনালে অস্ট্রেলিয়ার কাছেই আত্মসমর্পণ করেছিল।

২০১৩ সালের পর থেকে ভারত আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হতে পারেনি। ২০০৭ সালের পর তো টি ২০ বিশ্বকাপও জেতেনি। আইসিসি ট্রফি জয়ের খরা মেটানোর সুযোগ আবার আসছে জুনে। আইপিএলের পরই শুরু হবে টি ২০ বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে হবে টি ২০ বিশ্বকাপ। ভারত যে ছন্দে রয়েছে তাতে মেন ইন ব্লুকে টি ২০ বিশ্বকাপ জয়ের দাবিদার মানছেন রবি শাস্ত্রী।
ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী বলেন, কোনও কিছুই সহজে মেলে না। গ্রেট ম্যান সচিন তেন্ডুলকরকেও ৬টি বিশ্বকাপ খেলতে হয়েছে কাপ জয়ের স্বাদ পেতে। বিশ্বকাপ জেতা সহজ ব্যাপার নয়। বিশ্বকাপ জিতে বিগ ডে-তে (ফাইনাল) অসাধারণ ভালো ক্রিকেট খেলতে হবে। আগে দল কেমন খেলেছে তা ওইদিন কোনও ধর্তব্যে থাকে না।
শাস্ত্রী বলেন, আসল দিনেই নিজেদের সেরাটা দিয়ে মেলে ধরতে হবে। বিশ্বকাপের সেমিফাইনালের আগে কেউ ছিটকে যেতে পারে। সেমিফাইনালে চারটি দল পৌঁছয়। ফলে খেতাব জিততে সেমিফাইনাল ও ফাইনালে ভালো খেলতেই হবে। সেটা হলেই চ্যাম্পিয়ন হওয়া সম্ভব।
বিশ্বকাপের শুরুর দিকে অস্ট্রেলিয়া যেভাবে খেলছিল, তাতে তাদের কাপ উঠবে অনেকেই ভাবেননি। কিন্তু ওই দুটি দিন অস্ট্রেলিয়া অনবদ্য খেলেছে বলে অভিমত শাস্ত্রীর। তিনি বলেন, প্রথম দুটি ম্যাচে অস্ট্রেলিয়া হেরেছিল। কিন্তু শেষ দুটি ম্যাচেই জিতেছে। ডি ডে-সহ। বিশ্বকাপের ফাইনালে হার থেকে শিক্ষা নিয়ে অনেকেই ঘুরে দাঁড়াবেন বলে বিশ্বাস শাস্ত্রীর।
রবি শাস্ত্রী বলেন, সময়ের সঙ্গে খেলাও থেমে থাকে না। বিশ্বকাপ ফাইনালে হারটা হৃদয়বিদারক। তবে আমি দেখতে পাচ্ছি ভারত খুব তাড়াতাড়িই বিশ্বকাপ জিতবে। ৫০ ওভারের কথা বলছি না। ওই দলটা পুনর্গঠিত হবে। তবে আসন্ন টি ২০ বিশ্বকাপে ভারত খেতাব জয়ের বড় দাবিদার। কারণ টি ২০ দলের নিউক্লিয়াস রেডি। ফলে ক্রিকেটের ছোট ফরম্যাটে বিশ্বকাপেই ফোকাস রাখতে হবে।
সদ্যসমাপ্ত বিশ্বকাপে ভারতের কাপ হাতছাড়া হওয়ায় হতাশা গোপন রাখেননি শাস্ত্রী। তিনি বলেন, বিশ্বকাপে ভারত দারুণ খেলেছে। তবে কাপ জিততে পারিনি, এটা আহত করেছে আমাকেও। বিশেষ করে টুর্নামেন্টের মাঝামাঝি থেকে ভারতীয় বোলাররা যে পারফরম্যান্স উপহার দিয়েছেন তাতে আমার মতে, এবারই বিশ্বকাপ জেতার সেরা সুযোগ ছিল।












Click it and Unblock the Notifications