ভারতের প্রাক্তন অধিনায়কের মৃত্য়ুর ভুয়ো খবর দিয়ে অনুতপ্ত, ক্ষমা চাইলেন রবি শাস্ত্রী
Shastri On Contractor: ভুয়ো খবর শেয়ার করার পর ক্ষমা চাইলেন রবি শাস্ত্রী। সোশ্যাল মিডিয়ায়, নিঃশর্তভাবে। ভারতের প্রাক্তন অধিনায়ক সম্পর্কে এমন খবর জেনে তা কেন কনফার্ম করলেন না শাস্ত্রী? উঠল প্রশ্ন।
নবতিপর নরি কন্ট্রাক্টর মারা গিয়েছেন। রবি শাস্ত্রী এমন খবর দেওয়ায় শোরগোল পড়ে যায় ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টেস্ট চলাকালীন। যদিও কিছুক্ষণের মধ্যেই ভুল বুঝতে পারেন শাস্ত্রী।

নরি কন্ট্রাক্টরের জন্ম গুজরাতের গোধরায়। গুজরাতের পাশাপাশি রেলওয়েজের হয়ে খেলেছেন। আজ তাঁর বয়স ৯০ বছর ২৪০ দিন। ভারতের হয়ে এই ওপেনার খেলেছেন ৩১টি টেস্ট। ১টি শতরান ও ১১টি অর্ধশতরান-সহ ৩১টি টেস্টের ৫২ ইনিংসে রান রয়েছে ১৬১১। সর্বাধিক ১০৮।
কন্ট্রাক্টর ভারতকে ১২টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন। ২টিতে জয়, ২টিতে হার, ৮টি টেস্ট ড্র। ১৯৫৫ সালে মুম্বইয়ের ব্র্যাবোর্নে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক। ১৯৬২ সালে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কেরিয়ারের শেষ টেস্ট খেলেন। যদিও মারাত্মক দুর্ঘটনার কবলে না পড়লে তাঁর কেরিয়ার দীর্ঘায়িত হতো।
বার্বাডোজে প্রস্তুতি ম্যাচ খেলার সময় চার্লি গ্রিফিথের শর্ট ডেলিভারি কন্ট্রাক্টরের মাথায় গিয়ে লিগেছিল। হেলমেটের চল না থাকায় মাথার খুলিতে মারাত্মক চোট লাগে। জীবন সংকট তৈরি হয়েছিল। মাথায় রক্ত জমাট বেঁধেছিল। কোমরের নীচ থেকে কোনও সাড় ছিল না। বেশ কয়েকটি জরুরি অস্ত্রোপচারের পর প্রাণরক্ষা সম্ভব হয়।
কন্ট্রাক্টরের অপারেশনের জন্য প্রচুর রক্তের প্রয়োজন ছিল। সেই সময় ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ফ্রাঙ্ক ওরেল রক্ত দিতে এগিয়ে আসেন। ভারতীয় দলের সতীর্থদের মধ্যে রক্ত দিয়েছিলেন চাঁদু বোরদে, বাপু নাদকর্নি, পলি উমরিগড়ের মতো ক্রিকেটাররা।
বাঁহাতি ওপেনারের মনের জোর এতটাই ছিল যে, ওই ঘটনার ২ বছর পর প্রথম শ্রেণির ক্রিকেট খেলেন। তবে ভারতীয় টেস্ট দলে আর প্রত্যাবর্তন করতে পারেননি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩৮টি ম্যাচে ২২টি শতরান-সহ ৮৬১১ রান করেছেন। টেস্টে ১টি ও প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ২৬টি উইকেট রয়েছে।
Apologies - the news floating around the demise of Nari Contractor is incorrect. He is fine. God bless 🙏 pic.twitter.com/zGqWjim9SL
— Ravi Shastri (@RaviShastriOfc) November 2, 2024
রবি শাস্ত্রী এদিন কন্ট্রাক্টরের মৃত্যু হয়েছে বলে প্রথমে জানান। তা ভাইরাল হতে সময় লাগেনি। যদিও পরে এক্স হ্যান্ডলে শাস্ত্রী লেখেন, নরি কন্ট্রাক্টরের মৃত্যুর যে খবর ছড়িয়েছে তা ভুল। তিনি ভালো আছেন। ঈশ্বরের কাছে তাঁর সুস্থতা কামনা করছি এবং ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে রবি শাস্ত্রী ক্ষমা চাইলেও তাঁকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। ক্রিকেটপ্রেমীরা জানতে চাইছেন, কেন এই ধরনের খবর জানানোর সময় সতর্কতা অবলম্বন করলেন না ভারতীয় দলের প্রাক্তন হেড কোচ?












Click it and Unblock the Notifications