ICC T20 WC: আফগানিস্তানের টি ২০ বিশ্বকাপের দল ঘোষণা হতেই বড় সিদ্ধান্ত রশিদ খানের
পাকিস্তানের মতোই মুখ পুড়ল আফগানিস্তানের। টি ২০ বিশ্বকাপের জন্য পাকিস্তানের দল ঘোষণার কিছুক্ষণের মধ্যেই দায়িত্ব ছেড়েছিলেন পাকিস্তানের হেড কোচ মিসবা উল হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিস। এবার আফগানিস্তানের টি ২০ বিশ্বকাপ দল ঘোষণার ২২ মিনিট পরই অধিনায়কত্ব ছেড়ে দিলেন তারকা স্পিনার রশিদ খান।

রশিদের দাবি, টি ২০ বিশ্বকাপের দল ঘোষণার আগে তাঁর কোনও সম্মতি নেওয়ার প্রয়োজনই বোধ করেননি নির্বাচকমণ্ডলীর সদস্যরা এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কোনও কর্তাই। তিনি এসিবি-র টুইটারেই দল ঘোষণার কথা জানতে পারেন। এরপর টুইটারেই নিজের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা করেন রশিদ। রশিদ খান টুইটে লেখেন, একজন অধিনায়ক ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আমি বিশ্বাস করি দল গঠনে আমারও অংশ নেওয়ার অধিকার রয়েছে। কিন্তু এসিবি মিডিয়া যে দল ঘোষণা করেছে তাতে আমার কোনও সম্মতিই নেওয়া হয়নি। সে কারণেই আফগানিস্তানের টি ২০ দলের অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছি। তবে আফগানিস্তানের হয়ে খেলতে পেরে আমি গর্বিত। মনে করা হচ্ছে রশিদ খান অধিনায়কত্ব ছাড়ায় তারকা অলরাউন্ডার মহম্মদ নবি আফগানিস্তানকে নেতৃত্ব দেবেন টি ২০ বিশ্বকাপে।
🙏🇦🇫 pic.twitter.com/zd9qz8Jiu0
— Rashid Khan (@rashidkhan_19) September 9, 2021
আফগানিস্তানে ক্রিকেট বোর্ডে ক্রিকেটার নন এমন অনেকের অবাঞ্ছিত হস্তক্ষেপের প্রতিবাদে গত জুলাইয়ে পদত্যাগ করেছিলেন প্রধান নির্বাচক আসাদুল্লাহ খান। পদত্যাগের কারণ হিসেবে তিনি যে অভিযোগ করেছিলেন তা হল, ক্রিকেট সম্পর্কে ন্যূনতম জ্ঞান না থাকা ব্যক্তিরা দল নির্বাচনে হস্তক্ষেপ করছেন। আফগানিস্তানের টি ২০ বিশ্বকাপের দলে এমন ক্রিকেটারদের রাখা হয়েছে যাঁরা আগে ভালো খেললেও সম্প্রতি দেশের হয়ে তাঁদের অনেককেই খেলতে দেখা যায়নি। ২০১৯ সালে এক বছরের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত থাকা মহম্মদ শাহজাদ শেষ টি ২০ আন্তর্জাতিক খেলেছেন ২০১৮ সালে। শাপুর জারদান ও দৌলত জারদান যথাক্রমে দেশের হয়ে শেষ টি ২০ খেলেছেন গত বছরের মার্চ ও ২০১৯ সালের সেপ্টেম্বরে। চোটপ্রবণ হামিদ হাসানকেও বিশ্বকাপের দলে রাখা হয়েছে, যিনি ২০১৬ সালের পর টি ২০ আন্তর্জাতিক খেলেননি। ১৮ সদস্যের আফগানিস্তান দলে দুজনকে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে। যেহেতু ১৫ জনের বেশি ক্রিকেটারের নাম রয়েছে, ফলে আফগান দল থেকে কেউ বাদ পড়বেনই। গত মার্চে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি ২০ সিরিজ খেলেছিল আফগানিস্তান। সেই সিরিজে অধিনায়ক ছিলেন আসগর আফগান।
Afghanistan National Cricket Team Squad for the World T20 Cup 2021. pic.twitter.com/exlMQ10EQx
— Afghanistan Cricket Board (@ACBofficials) September 9, 2021
আফগানিস্তানের ঘোষিত দল- রশিদ খান, মুজিব উর রহমান, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), করিম জানাত, হজরতুল্লাহ জাজাই, গুলাবদিন নঈব, উসমান গনি, নবীন উল হক, আসগর আফগান, হামিদ হাসান, মহম্মদ নবি, শরাফুদ্দিন আসরফ, নাজিবুল্লাহ জারদান, দৌলত জারদান, হাশমাতুল্লাহ শাহিদি, শাপুর জারদান, মহম্মদ শাহজাদ (উইকেটকিপার), কাইস আহমেদ।












Click it and Unblock the Notifications