ক্রিকেট অস্ট্রেলিয়ার উপর ক্ষোভ প্রকাশ রশিদ খানের, বিগ ব্যাশ থেকে নাম প্রত্যাহারের হুমকি
ক্রিকেট অস্ট্রেলিয়ার উপর ক্ষোভ প্রকাশ রশিদ খানের, বিগ ব্যাশ থেকে নাম প্রত্যাহারের হুমকি
আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজ না খেলার সিদ্ধান্ত নেওয়া ক্রিকেট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন রশিদ খান। মহিলা স্বাধীনতা এবং তাঁদের কার্যকলাপের উপর তালিবান রাশ টানার কারণে আফগানিস্তানের বিরুদ্ধে নির্ধারিত ওভারের সিরিজ খেলা থেকে পিছু সরেছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবারই আফগাসিন্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার এই সিদ্ধান্ত 'বেদনাদায়ক।'

এ বার এই প্রসঙ্গে নিজের অভিমত প্রকাশ করলেন আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক এবং বর্তমান সময়ে বিশ্ব ক্রিকেটের অন্যতম শ্রেষ্ঠ স্পিনার রশিদ খান। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের প্রতি হতাশা প্রকাশ করার পাশাপাশি বিগ ব্যাশ লিগ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার হুমকিও দিয়েছেন তিনি। রশদ খান নিজের বক্তব্য জানিয়ে একটি নোট পোস্ট করেছেন টুইটারে। নিজের টুইটে তিনি লিখেছেন, "অত্যন্ত হতাশ আমি এই জেনে যে মার্চে আমাদের বিরুদ্ধে হতে চলা সিরিজ থেকে অস্ট্রেলিয়া নিজেদের সরিয়ে নিয়েছে। নিজের দেশের প্রতিনিধিত্ব করতে পারা আমার কাছে গর্বের এবং বিশ্ব স্তরে আমরা অসাধারণ উন্নতি করেছি। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)-এর এই সিদ্ধান্ত আমাদের সেই (উন্নতির) সফর থেকে পিছটে ঠেলে দিল। আফগানিস্তানের বিরুদ্ধে খেলাটা যদি অস্ট্রেলিয়ার কাছে অস্বস্তিকর হয়ে থাকে তা হলে বিগ ব্যাশ লিগে (বিবিএল) হাজির থেকে আমি কাউকে অস্বস্তিতে ফেলতে চাই না। তার ফলে এই প্রতিযোগীতায় আমার ভবিষ্যৎ নিয়ে আমি দৃঢ় ভাবে বিবেচনা করছি।"
ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, আফগানিস্তান-সহ বিশ্বের সমস্ত দেশেই পুরুষদের ক্রিকেটের পাশাপাশি মহিলাদের ক্রিকেটের বিকাশেও সমানভাবে সবরকম সমর্থনে তারা অঙ্গীকারবদ্ধ। সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। অস্ট্রেলিয়ার সরকারও এই পদক্ষেপে সবুজ সঙ্কেত দিয়েছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে সে দেশের মেয়েদের অবস্থার সামগ্রিক মানোন্নয়নের বিষয়ে আলোচনার দরজা অবশ্য খুলে রাখা হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, "মেয়েদের জিমে যাওয়ার উপর, পার্কে যাওয়ার উপর, নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ এবং শিক্ষার উপর তালিবান যে ভাবে বিধিনিষেধ জারি করেছে তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। ক্রিকেট অস্ট্রেলিয়া পুরুষ এবং মহিল উভয় ক্রিকেটের প্রসারের পক্ষে বিশ্বজুড়ে। আফগানিস্তানে মহিলা ক্রিকেটের উন্নতির আশায় আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে যাব।"












Click it and Unblock the Notifications