রঞ্জিতে জোড়া শতরানে তামিলনাড়ুর বিরুদ্ধে নজির যশ ঢুলের, পূজারাও রানে ফিরলেন
রঞ্জি ট্রফিতে অভিষেক আরও চমকপ্রদ করলেন ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক যশ ঢুল। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও হাঁকালেন দুরন্ত শতরান। দিল্লি ও তামিলনাড়ুর মধ্যে ম্যাচটি ড্র হয়ে গেলেও স্মরণীয় হয়ে রইল ঢুলের নজিরে। রঞ্জিতে তৃতীয় ব্যাটার হিসেবে অভিষেক ম্যাচের দুই ইনিংসেই শতরান পেলেন।

১৯৫২-৫২ মরশুমে গুজরাতের হয়ে রঞ্জি অভিষেকে জোড়া শতরান করেছিলেন নরি কন্ট্রাক্টর (১৫২ ও অপরাজিত ১০২)। এরপর ২০১২-১৩ মরশুমে সেই নজির স্পর্শ করেন মহারাষ্ট্রের বিরাগ আওয়াতে (১২৬ ও ১১২)। এরপর রইলেন যশ ঢুল, প্রথম ইনিংসে ১১৩ রান করার পর দ্বিতীয় ইনিংসেও তিনি অপরাজিত রইলেন ১১৩ রানে। দিল্লির হয়ে রঞ্জি ট্রফিতে যাঁরা দুই ইনিংসেই এর আগে শতরান করেছেন তাঁরা হলেন মনসুর আলি খান পতৌদি, সুরিন্দর খান্না, মদন লাল, অজয় শর্মা, রমন লাম্বা ও ঋষভ পন্থ।
𝙒𝙃𝘼𝙏. 𝘼. 𝘿𝙀𝘽𝙐𝙏! 👏 👏
— BCCI Domestic (@BCCIdomestic) February 20, 2022
💯 in the first innings 💪
💯 in the second innings 💪
What a way to announce his arrival in First-Class cricket! 🙌 🙌 #RanjiTrophy | #DELvTN | @Paytm
Well done, @YashDhull2002! 👍 👍
Follow the match ▶️ https://t.co/ZIohzqOWKi pic.twitter.com/V9zuzGuQjk
প্রথম ইনিংসে দিল্লির ৪৫২ রানের জবাবে তামিলনাডু় করেছিল ৪৯৪। সেই সুবাদে গুয়াহাটিতে গ্রুপ এইচে তামিলনাড়ু এই ম্যাচ থেকে তিন পয়েন্ট ও দিল্লি এক পয়েন্ট পেল। তবে দিল্লির দ্বিতীয় ইনিংসে কোনও উইকেটই ফেলতে পারেননি তামিলনাড়ুর বোলাররা। যশ ঢুল ও ধ্রুব শোরে দুজনেই শতরান হাঁকিয়ে অপরাজিত থাকেন। ঢুল দ্বিতীয় ইনিংসে ২০২ বল খেলে ১১৩ রান করে অপরাজিত থেকে যান, তাঁর ইনিংসে ছিল ১৪টি চার ও একটি ছয়। শোরে ১৬৫ বলে ১০৭ রান করে অপরাজিত থাকেন। তিনি মেরেছেন ১৩টি চার।

আমেদাবাদে গ্রুপ ডি-র ম্যাচে সৌরাষ্ট্রর ১টি উইকেট ফেলতে না পারায় ড্র করেই সন্তুষ্ট থাকতে হলো মুম্বইকে। পৃথ্বী শ-র নেতৃত্বাধীন মুম্বইয় ৭ উইকেটে ৫৪৪ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করেছিল, জবাবে সৌরাষ্ট্র করে ২২০। ফলো অনে বাধ্য হয়ে আজ খেলায় যবনিকা পড়ার সময় সৌরাষ্ট্রের রান ছিল ৯ উইকেটে ৩৭২। ৯৮.৪ ওভারে ৩৪১ রানের মাথায় সৌরাষ্ট্রের নবম উইকেটটি পড়েছিল। যদিও এরপর ১১৬ ওভার অবধি টিকে থেকে ১১ নম্বর ব্যাটার চেতন সাকারিয়াকে নিয়ে ম্যাচ বাঁচান অধিনায়ক জয়দেব উনাদকাট। উনাদকাট ৭২ বলে ৩২ ও সাকারিয়া ৪৪ বলে ১০ করে অপরাজিত থাকেন। সৌরাষ্ট্রের সর্বাধিক রান করেন উইকেটকিপার তথা ওপেনার স্নেল প্যাটেল (৯৮)। তবে নজর ছিল চেতেশ্বর পূজারার দিকে। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হলেও টেস্ট দল থেকে বাদ পড়ার পর প্রথম ইনিংসে পূজারা খেললেন ৮৩ বলে ৯১ রানের ঝকঝকে ইনিংস, যাতে ছিল ১৬টি চার ও একটি ছয়।












Click it and Unblock the Notifications