Ranji Trophy: বিহারের বিরুদ্ধে রঞ্জি দ্বৈরথে নেই ঋদ্ধি, অভিমন্যুর মাইলস্টোন ম্যাচে বাংলার দু'জনের অভিষেক
Ranji Trophy: রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে উত্তরপ্রদেশ থেকে তিন পয়েন্ট নিয়ে ফিরেছে বাংলা। এবার কল্যাণীতে বিহারের বিরুদ্ধে পুরো পয়েন্ট ঘরে তোলাই লক্ষ্য লক্ষ্মীরতন শুক্লার প্রশিক্ষণাধীন দলের।
বিহার প্রথম ম্যাচে রোহতকে হরিয়ানার কাছে ইনিংস ও ৪৩ রানে পরাস্ত হয়েছে। বাংলাও চাইবে ঠিক সেভাবেই ম্যাচ থেকে ৭ পয়েন্ট পেতে।

বাংলা রঞ্জি ট্রফির বিহার ও কেরল ম্যাচ ইডেন নয়, খেলবে কল্যাণীতে বেঙ্গল ক্রিকেট আকাদেমিতেই। বিহারের বিরুদ্ধে ম্য়াচটি অভিমন্যু ঈশ্বরণের কেরিয়ারের শততম প্রথম শ্রেণির ম্যাচ। ৯৯টি প্রথম শ্রেণির ম্য়াচে তিনি ৭৬৩৮ রান করেছেন। উত্তরপ্রদেশের বিরুদ্ধে শতরানের পর তিনি ফের বড় রান করে অস্ট্রেলিয়া সফরের আগে নির্বাচকদের নজর কাড়তে চাইবেন।
বাংলার হেড কোচ লক্ষ্মীরতন শুক্লা বলেন, আমাদের প্রস্তুতি ভালোই হয়েছে। চলতি মরশুমে ঘরের মাঠে এটি আমাদের প্রথম ম্যাচ। সেরাটা দিয়ে সর্বাধিক পয়েন্ট নিশ্চিত করাই লক্ষ্য। ভালো ম্যাচই হবে। বাংলার ব্যাটিং বিভাগ ভালো ছন্দেই রয়েছে।
উত্তরপ্রদেশের বিরুদ্ধে অভিমন্যু অপরাজিত ১২৭ করেছিলেন। সুদীপ চট্টোপাধ্যায় করেন ১১৬ ও ৯৩। সুদীপ ঘরামি করেন ৯০। অনুষ্টুপ মজুমদারের দলের বোলাররাও উত্তরপ্রদেশ ম্য়াচে দারুণ বোলিং করে লিড আদায় করতে সাহায্য করেছিলেন। ভাগ্য সুপ্রসন্ন থাকলে উত্তরপ্রদেশকে হারিয়েও দিতে পারতো বাংলা।
অনুষ্টুপ, অভিষেক পোড়েলরাও সাফল্য পেতে মুখিয়ে। ঋদ্ধিমান সাহা এই ম্য়াচে খেলতে পারছেন না ব্যাক স্প্যাজমের কারণে। তাঁর পরিবর্তে দলের আসছেন অভিলীন ঘোষ। মুকেশ কুমারকে বিশ্রাম দেওয়া হচ্ছে। সে কারণে সুরজ সিন্ধু জয়সওয়াল, মহম্মদ কাইফের সঙ্গী হতে পারেন রোহিত কুমার। অভিলীন ও রোহিতের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হবে।
গত মরশুমে ইডেনে বিহারকে ইনিংস ও ২০৪ রানে হারিয়ে দিয়েছিল বাংলা। সেই ম্যাচে অপরাজিত দ্বিশতরান করেছিলেন ঈশ্বরণ। বিহার দলের অধিনায়ক অবশ্য বাংলার প্রাক্তনী বীরপ্রতাপ সিং। দলে নামজাদা কেউ নেই। হরিয়ানা ম্যাচে বিহার ২৮.৩ ওভারে ৭৮ রানে গুটিয়ে গিয়েছিল। হরিয়ানা করে ২৫৪। দ্বিতীয় ইনিংসে বিহার করে ১৩৩।












Click it and Unblock the Notifications