Ranji Trophy: সারাদিন আকাশে রোদ, কেন পণ্ড হল বাংলা-কেরল ম্যাচের প্রথম দিনের খেলা? ঋদ্ধিদের ভোকাল টনিক সৌরভের
আশঙ্কাই সত্যি হল, বৃষ্টিতে পণ্ড হল রঞ্জি ট্রফিতে বাংলা বনাম কেরল ম্যাচের প্রথমদিন। গত কয়েক দিন ধরেই কলকাতা সহ দক্ষিণ বঙ্গে বৃষ্টি হয়েছে। কিন্তু শনিবার সকাল থেকে আকাশে রোদ ছিল। কিন্তু গোটা দিন বৃষ্টি না হলেও টস পর্যন্ত করা সম্ভব হল না। ফলে ঘরের মাঠে ম্যাচের গুরুত্বপূর্ণ একটা দিন নষ্ট হয়ে গেল। সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে বাংলা বনাম কেরল ম্যাচের প্রথম দিন পণ্ড হল।
কল্যাণী কাণ্ড থেকে শিক্ষা নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসের মাঠ আগেই থেকেই পুরো ঢেকে রাখা হয়। যাতে আউট ফিল্ডে জল না জমে। ইডেন থেকে বাড়তি সুপার সপারও আনা হয় এই ম্যাচে। কিন্তু শনিবার ভোর বেলার বৃষ্টিতে পরিস্থিতি কিছুটা জটিল হয়। শনিবার সকালে রোদ উঠতেই কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের নেতৃত্বে মাঠকর্মীরা যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজে নেমে পড়েন।

দিনের শেষে সিএবির পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় ওয়ান ইন্ডিয়াকে বলেন, 'মাঠের কয়েকটি জায়গায় কাদা আছে। বিশেষ করে রাস্তার দিকের কিছু অংশ। মাঠের কয়েকটি জায়গায় রোদ অনেক দেরিতে আসছে। যেখানে গাছগুলো রয়েছে সেখানকার অংশে রোদ কম পাচ্ছে। তবে আজকে শুরু করার মতো পরিস্থিতি ছিল।'
একইসঙ্গে তিনি বলেন, 'আম্পায়ারদের ভালো করে দেখা উচিত, কোন জায়গাটা বল পড়লে সমস্যা হতে পারে। কাল আবার সকালে মাঠ দেখবেন। আশা করছি কাল ম্যাচ শুরু করা যাবে।' এদিকে শনিবার বিকেলে খেলা না হলেও মাঠে আসেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অনুষ্টুপদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন মহারাজ।বাংলার ক্রিকেটাদের ভোকাল টনিক দিলেন সৌরভ.
রবিবার ম্যাচের দ্বিতীয় দিনেও খেলা শুরু হওয়া নিয়ে হালকা হলেও সংশয় আছে। যদিও বিগত কয়েকদিন ধরেই সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মাঠে সম্পূর্ণ ঢাকা আছে। ফলের কল্যাণীর মতো অবস্থা সল্টলেকে হবে না এটা পরিস্কার। যত ওভার কমবে ততই বেশি পয়েন্ট পাওয়ার সুযোগও কমবে বাংলার।
ঘূর্ণিঝড় দানার জন্য বাংলা কেরল ম্যাচের সময়সূচিতে বদল করার আবেদন বোর্ডের কাছে করেছিল সিএবি। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়ে বিসিসিআই। ফলে বোর্ডের বিশেষ অনুমতি নিয়েই কল্যাণী থেকে সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে ম্যাচ স্থানান্তরিত করা হয়েছে।
আসলে বৃষ্টি যেন পিছু ছাড়ছে না বাংলার। বৃষ্টি এবং খারাপ মাঠের জন্য বিহারের বিরুদ্ধে খেলা না হওয়ায় ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট খাকতে হয়েছে বঙ্গ ব্রিগেডকে। দুই ম্যাচ খেলার পর বাংলা চার পয়েন্ট নিয়ে গ্রুপে তিন নম্বরে আছে।












Click it and Unblock the Notifications