Ranji Trophy: বিরাটকে বোল্ড করে চর্চায় হিমাংশু, শেহওয়াগের পড়শি ও পন্থের সতীর্থর সঙ্গে ধোনির মিল
Ranji Trophy: বিরাট কোহলির অফ স্টাম্প ছিটকে দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন হিমাংশু সাঙ্গওয়ান। কোহলি রেলওয়েজের বিরুদ্ধে ১৫ বলে ৬ রান করে বোল্ড হন।
ম্যাচের যা পরিস্থিতি তাতে কোহলিকে আর ব্যাট করতে দেখা যাবে কিনা তা বলা যাচ্ছে না। কিংবা পেলেও বড় রান করার অবকাশ খুব একটা থাকবে না।

রেলওয়েজের ২৪১ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে দিল্লির সংগ্রহ ৭ উইকেটে ৩৩৪। অধিনায়ক আয়ুষ বাদোনি ৭৭ বলে ৯৯ রান করেছেন। সুমিত মাথুর ১৮৯ বলে ৭৮ রানে অপরাজিত। প্রণব রাজবংশী করেন ৩৯। দিল্লি এগিয়ে ৯৩ রানে।
সনৎ সাঙ্গওয়ানের পর বিরাট কোহলিকে বোল্ড করা হিমাংশু সাঙ্গওয়ান ৬টি মেডেন-সহ ২০ ওভারে ৪৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। হিমাংশু বর্তমানে নিউ দিল্লি রেল স্টেশনে টিকিট কালেক্টর পদে কর্মরত। নিশ্চিতভাবেই কোহলির উইকেট দখলের জন্য আজকের দিনটি তাঁর কাছে স্মরণীয় হয়ে থাকবে।
হিমাংশুর জন্ম ১৯৯৫ সালের ২ সেপ্টেম্বর। ২০১৪-১৫ মরশুমে ঋষভ পন্থদের সঙ্গে খেলেছেন অনূর্ধ্ব ১৯ দিল্লি দলের হয়ে। কিন্তু প্রবল প্রতিযোগিতায় সিনিয়র দলে জায়গা পাবেন না বুঝে হরিয়ানার হয়ে খেলার চেষ্টা করেন। সেই লক্ষ্যও পূরণ হয়নি।
সাঙ্গওয়ানের জন্ম রাজস্থানের ঝুনঝুনুতে। বাবা সুরেন্দ্র সিং সাঙ্গওয়ান ব্যাঙ্কের ম্যানেজার, মা ভগবান রাতি শিক্ষক। জোরে বোলার হওয়ার স্বপ্ন হিমাংশুর ছিল ছোটবেলা থেকেই। সে কারণেই বাড়ি ছিলে দিল্লিতে চলে এসেছিলেন খেলার জন্য।
কয়েক বছর ধরে খেলার পরও সিনিয়র দলে জায়গা পাচ্ছিলেন না। তখন এক বন্ধু জানান, স্পোর্টস কোটায় রেলে নিয়োগ হবে। তারপরই বদলে যায় হিমাংশুর কেরিয়ার। আবেদন করার মাস ছয়েক পর নিউ দিল্লি রেল স্টেশনে টিকিট কালেক্টর পদে যোগ দেন।
২০১৯ সালে সেপ্টেম্বরে রেলওয়েজের হয়ে লিস্ট এ বা ৫০ ওভারের ক্রিকেটে অভিষেক। নভেম্বরে খেলেন সৈয়দ মুস্তাক আলি টি২০। ওই বছরের ডিসেম্বরেই রঞ্জি অভিষেক। আপাতত ২৪টি প্রথম শ্রেণির ম্যাচে হিমাংশুর ঝুলিতে ১০৮ উইকেট। ১৭টি লিস্ট এ ও ৭টি টি২০-তে ১০টি করে উইকেট রয়েছে।
হিমাংশু প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের অভিষেক মরশুমে মুম্বইয়ের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন। ওই ম্যাচে পেয়েছিলেন পৃথ্বী শ ও অজিঙ্ক রাহানের উইকেট। তবে সেরা অবশ্যই থাকবে কোহলির উইকেটটাই। এখন নজফগড়ে থাকেন হিমাংশু। শেহওয়াগের এলাকা। ডিডিসিএতে প্রতিনিধিত্ব করেন স্পোর্টিং ক্লাব থেকে। এবারের রঞ্জিতে ৭ ম্যাচে আপাতত তাঁর উইকেট-সংখ্যা ১৬টি।












Click it and Unblock the Notifications